ছয় বছরের মধ্যে সর্বোচ্চ এডিপি বাস্তবায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত ছয় বছরের মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সর্বোচ্চ বাস্তবায়ন হয়েছে গত ২০১০-১১ অর্থবছরে। ২০১০-১১ অর্থবছরে সংশোধিত এডিপির ৯২ শতাংশ অর্থ খরচ করতে সমর্থ হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো।গত অর্থবছরে সংশোধিত এডিপির আকার ছিল ৩৫ হাজার ৮৮০ কোটি টাকা। বছর শেষে ৩২ হাজার ৮৩০ কোটি টাকা খরচ করা সম্ভব হয়েছে। মূল এডিপির আকার ছিল ৩৮ হাজার ৫০০ কোটি টাকা। অর্থাৎ সংশোধিত এডিপির তিন হাজার ৫০ কোটি টাকা আর মূল এডিপির পাঁচ হাজার ৬৭০ কোটি টাকা খরচ করা সম্ভব হয়নি।পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, মূল্যায়ন ও পরিবীক্ষণ বিভাগ (আইএমইডি) থেকে এসব তথ্য জানা গেছে।আবার শেষ মুহূর্তে বা অর্থবছরের শেষ দুই মাসে সংশোধিত এডিপির ৩২ শতাংশ বা ১১ হাজার ৪৮১ কোটি টাকা খরচ করায় প্রকল্পের ও ব্যয়ের গুণগত মান নিয়েও প্রশ্ন উঠেছে। একে সম্পদের অপচয় হিসেবেও আখ্যা দেওয়া হয়েছে।মোট এডিপির মধ্যে সরকারি অর্থায়নের ৯৭ শতাংশ বা ২৩ হাজার ১৬৬ কোটি টাকা ব্যয় হয়েছে। সংশোধিত এডিপিতে সরকারি অর্থায়নের পরিমাণ ছিল ২৩ হাজার ৯৫০ কোটি টাকা।অন্যদিকে বিদেশি সহায়তা খরচের যে নাজুক পরিস্থিতি ছিল, তার উন্নতি হয়নি। গত এডিপিতে বিদেশি সহায়তার ৮১ শতাংশ বা নয় হাজার ৬৬৫ কোটি টাকা খরচ হয়েছে। বরাদ্দ ছিল ১১ হাজার ৯৩০ কোটি টাকা।এডিপি বাস্তবায়ন সম্পর্কে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) পরিচালক জায়েদ বখত প্রথম আলোকে বলেন, ‘বাস্তবায়নের হার নিয়ে খুশি হওয়ার কারণ নেই। দেখতে হবে কীভাবে খরচ করা হয়েছে। প্রথম ১০ মাসে ৬০ শতাংশ বাস্তবায়ন হয়েছে আর শেষ দুই মাসে ৩২ শতাংশ। এতে সম্পদের অপচয় ও প্রকল্পের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠতেই পারে।’জায়েদ বখত শেষের দিকে খরচ করার সংস্কৃতি থেকে বের হয়ে আসার পরামর্শ দেন। তাঁর মতে, শেষ মুহূর্তে খরচ করতে গেলে সামষ্টিক অর্থনীতির ওপর চাপ পড়ে। এই ব্যয় সামলাতে গিয়ে বছরের শেষ দুই মাসে সরকার ব্যাংক-ব্যবস্থা থেকে অতিরিক্ত ঋণ নিয়েছে।বাস্তবায়ন পরিস্থিতি: গত সংশোধিত এডিপিতে বরাদ্দের অর্ধেকও খরচ করতে পারেনি পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগ। এগুলো হলো: অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (৩ শতাংশ), বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় (১০ শতাংশ), সংসদ সচিবালয় (২৬ শতাংশ), সেতু বিভাগ (৩৪ শতাংশ), আইন ও সংসদবিষয়ক বিভাগ (৪৮ শতাংশ)।আবার দুটি মন্ত্রণালয় তাদের বরাদ্দের বেশি খরচ করেছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ১১৮ শতাংশ এবং পরিবেশ ও বন মন্ত্রণালয় ১০৫ শতাংশ খরচ করে ফেলেছে।অন্যদিকে শতভাগ অর্থ খরচ করেছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, সরকারি কর্মকমিশন, বাণিজ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও আইএমইডি।এডিপির বরাদ্দে শীর্ষ ১০টি মন্ত্রণালয় ও বিভাগ সংশোধিত এডিপির ২৯ হাজার ৬৩৫ কোটি টাকা খরচ করেছে। এই ১০টি মন্ত্রণালয়ের গড় বাস্তবায়নের হার ৮৩ শতাংশ।এগুলোর মধ্যে স্থানীয় সরকার বিভাগ সাত হাজার ৫৭৫ কোটি টাকা (৯৬ শতাংশ), বিদ্যুৎ বিভাগ পাঁচ হাজার ৯১৪ কোটি টাকা (৯৯ শতাংশ), সড়ক ও রেলপথ বিভাগ দুই হাজার ৯৬৯ কোটি টাকা (৮২ শতাংশ), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দুই হাজার ৯৭৮ কোটি টাকা (৯৭ শতাংশ), স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় দুই হাজার ৪৮৯ কোটি টাকা (৯১ শতাংশ), শিক্ষা মন্ত্রণালয় এক হাজার ৬৪১ কোটি টাকা (৯৫ শতাংশ), পানিসম্পদ মন্ত্রণালয় এক হাজার ২৮২ কোটি টাকা (৮৯ শতাংশ), সেতু বিভাগ ৩৭৭ কোটি টাকা (৩৪ শতাংশ), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ৯৭০ কোটি টাকা (৯২ শতাংশ) এবং কৃষি মন্ত্রণালয় এক হাজার ২০ কোটি টাকা (৯৮ শতাংশ) খরচ করেছে।সর্বোচ্চ বাস্তবায়ন: বিগত ছয়টি অর্থবছরের মধ্যে গত বছরই সবচেয়ে বেশি অর্থ খরচ বা বাস্তবায়ন সম্ভব হয়েছে। এর আগে ২০০৪-০৫ অর্থবছরের সংশোধিত এডিপির ৯২ শতাংশ বাস্তবায়ন করা সম্ভব হয়েছিল।২০০৯-১০ অর্থবছরে সংশোধিত এডিপির আকার ছিল ২৮ হাজার ৫০০ কোটি টাকা, খরচ হয়েছে ২৫ হাজার ৯১৭ কোটি টাকা। বাস্তবায়নের হার ৯১ শতাংশ।এর আগের বছর বা ২০০৮-০৯ অর্থবছরে সংশোধিত এডিপির ৪৬ শতাংশ বাস্তবায়ন হয়েছে। সে বছর সংশোধিত এডিপির আকার ছিল ২৩ হাজার কোটি টাকা, খরচ হয়েছে ১৯ হাজার ৭০১ কোটি টাকা।২০০৭-০৮ অর্থবছরে সংশোধিত এডিপির আকার ছিল ২২ হাজার ৫০০ কোটি টাকা আর খরচ হয়েছে ১৮ হাজার ৪৫৫ কোটি টাকা। বাস্তবায়নের হার ছিল ৮২ শতাংশ।২০০৬-০৭ অর্থবছরে সংশোধিত এডিপির আকার ছিল ২১ হাজার ৬০০ কোটি টাকা। বছর শেষে ব্যয় হয়েছে ১৭ হাজার ৯১৭ কোটি টাকা। বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৮৩ শতাংশ।এর আগেরবার অর্থাৎ ২০০৫-০৬ অর্থবছরে ২১ হাজার ৬০০ কোটি টাকার সংশোধিত এডিপির বিপরীতে ব্যয় হয়েছে ১৯ হাজার ৪৭৩ কোটি টাকা। বাস্তবায়নের হার ৯১ শতাংশ।২০০৪-০৫ অর্থবছরে সংশোধিত এডিপির আকার ছিল ২০ হাজার ৫০০ কোটি টাকা। বছর শেষে ব্যয় ১৮ হাজার ৭৭১ কোটি টাকা। বাস্তবায়নের হার ৯২ শতাংশ।