ছয় বিমা কোম্পানিকে ১২৫০ কোটি টাকা বন্ডে বিনিয়োগের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দেশের ছয়টি জীবনবিমা কোম্পানি সরকারি সিকিউরিটিজে (বন্ড) বিনিয়োগ করার আইন মানছে না। বদলে তারা বিভিন্ন ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ করছে। আইন না মানা কোম্পানিগুলো হচ্ছে ফারইস্ট লাইফ, প্রাইম ইসলামী লাইফ, পদ্মা ইসলামী লাইফ, বায়রা লাইফ, সোনালী লাইফ ও গোল্ডেন লাইফ ইনস্যুরেন্স কোম্পানি।
ছয় কোম্পানিকে আগামী ২৫ দিনের মধ্যে বিমা আইনের শর্ত মেনে মোট ১ হাজার ২৫০ কোটি টাকা বন্ডে বিনিয়োগের নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
আইন না মানায় কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সেই ব্যাখ্যা জানতে কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তাদের গতকাল বুধবার শুনানিতে ডাকে আইডিআরএ। আইডিআরএ কার্যালয়ে অনুষ্ঠিত এ শুনানি গ্রহণে নেতৃত্ব দেন সংস্থার চেয়ারম্যান এম শেফাক আহমেদ। সংস্থার সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন। আর শুনানিতে অংশ নেন ছয় কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) ও বিনিয়োগ কমিটির প্রধানেরা।
শুনানি শেষে জানতে চাইলে আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদ প্রথম আলোকে বলেন, কোম্পানিগুলোকে নতুন করে আগামী ২০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে আইন মানতে ব্যর্থ হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
|প্রতিটি জীবনবিমা কোম্পানিরই একটি করে জীবনবিমা তহবিল রয়েছে। এ তহবিল গঠন করা হয় গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করা প্রিমিয়ামের টাকায়। প্রিমিয়ামের টাকার অধিকতর নিরাপত্তার স্বার্থেই সরকার জীবনবিমা তহবিলের ৩০ শতাংশ সরকারি বন্ডে বিনিয়োগ করার বিধান রেখেছে। বেশির ভাগ কোম্পানি কম-বেশি তা মেনেও চলছে। কিন্তু মানছে না শুধু ছয়টি কোম্পানি। সরকারি সংস্থা জীবন বীমা করপোরেশনসহ দেশে মোট ৩১টি জীবনবিমা কোম্পানি রয়েছে।

আইডিআরএ সূত্রে জানা গেছে, জীবনবিমা তহবিলের ৩০ শতাংশ সরকারি বন্ডে বিনিয়োগ করতে চলতি বছরের ১৯ এপ্রিল ও ৫ জুন কোম্পানিগুলোকে দুই দফা নির্দেশনা দেয় আইডিআরএ। আইনের শর্ত পূরণ করতে তৃতীয়বার গত ৬ সেপ্টেম্বর চিঠি দিয়ে ওই শর্ত পূরণে কোম্পানিগুলোকে সময় বেঁধে দেওয়া হয় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

পাঁচ মাসের বেশি সময় পেলেও কোম্পানিগুলো তা পালন করেনি। অসন্তোষ প্রকাশ করে আইডিআরএ গত ২০ অক্টোবর আবার চিঠি দেয় ছয় কোম্পানিকে। আর শুনানি গ্রহণ শেষে আইডিআরএ গতকাল কোম্পানিগুলোকে দেয় চতুর্থ দফা সময়সীমা।

আইডিআরএ সম্প্রতি জীবনবিমা কোম্পানিগুলোর জীবনবিমা তহবিল ও সরকারি বন্ডে বিনিয়োগের অংশ নিয়ে একটি বিবরণী তৈরি করেছে। বিবরণীটি বিশ্লেষণ করে দেখা যায়, আইন না মানায় সবচেয়ে বেপরোয়া ফারইস্ট লাইফ ও প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি।

ফারইস্ট লাইফের ৩ হাজার ১২৫ কোটি টাকা জীবনবিমা তহবিলের মধ্যে সরকারি বন্ডে বিনিয়োগ মাত্র দশমিক শূন্য ৫ শতাংশ, অর্থাৎ ১ কোটি ৫০ লাখ টাকা। অথচ আইন অনুযায়ী কোম্পানিটির সরকারি বন্ডে বিনিয়োগ হওয়ার কথা ৯৩৭ কোটি ৫১ লাখ টাকা।

জানতে চাইলে ফারইস্ট লাইফের সিইও মো. হেমায়েত উল্লাহ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ইসলামি শরিয়া আইন অনুযায়ী পরিচালিত হওয়ায় সরকারি বন্ডে এত দিন তাঁরা বেশি বিনিয়োগ করেননি। তবে পরিচালনা পর্ষদ সম্প্রতি বিমা আইন মানার সিদ্ধান্ত নেওয়ায় এ বছর ৫০ কোটি টাকা সরকারি বন্ডে বিনিয়োগ করা হয়েছে, আরও করা হবে।

একইভাবে প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির জীবনবিমা তহবিল ৭৫৭ কোটি ৯৪ লাখ টাকার মধ্যে সরকারি বন্ডে বিনিয়োগ মাত্র দশমিক ২০ শতাংশ, অর্থাৎ ১ কোটি ৫০ লাখ টাকা।

এ ছাড়া জীবনবিমা তহবিলের ৩০ শতাংশের কম সোনালী লাইফ ১৪ দশমিক ৪১, বায়রা লাইফ ১২ দশমিক ৯০, গোল্ডেন লাইফ ১৮ দশমিক ৮৪ এবং পদ্মা লাইফ ১৩ দশমিক ৩৯ শতাংশ সরকারি বন্ডে বিনিয়োগ করেছে।

আইডিআরএ সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব জীবনবিমা কোম্পানির (জীবন বীমা করপোরেশনসহ) জীবনবিমা তহবিলের আকার ২৭ হাজার ৭৪২ কোটি টাকা। সে হিসেবে সরকারি বন্ডে ৩০ শতাংশ হিসেবে বিনিয়োগের আকার হওয়ার কথা ৮ হাজার ৩২২ কোটি টাকা। কিন্তু বাস্তবে এ আকার ১২ হাজার ৫১১ কোটি টাকা।

বেশি হওয়ার কারণ জানতে চাইলে আইডিআরএর কর্মকর্তারা জানান, কিছু কোম্পানি নির্ধারিত হারের বেশি টাকা সরকারি বন্ডে বিনিয়োগ করছে। যেমন বিদেশি মেটলাইফের বিনিয়োগ জীবনবিমা তহবিলের ৯১ দশমিক ২৮ শতাংশ। এ ছাড়া প্রগতি লাইফের ৪২ দশমিক ৫৪, ডেল্টা লাইফের ৩৯ দশমিক ৯৩, হোমল্যান্ড লাইফের ৩৭ দশমিক ৫৭ এবং প্রগ্রেসিভ লাইফের ৩৭ দশমিক ৫৬ শতাংশ বিনিয়োগ রয়েছে।

আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদ আরও বলেন, ‘আমাদের পর্যবেক্ষণে এসেছে যে কিছু কোম্পানি জীবনবিমা তহবিলের প্রায় পুরো অর্থই সরকারি বন্ডের পরিবর্তে ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ করেছে। অথচ গ্রাহকদের প্রিমিয়ামের অর্থের অধিকতর নিরাপত্তার জন্য কোম্পানিগুলোর উচিত সরকারি বন্ডে বিনিয়োগ করা।’