ছয় ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে ১ কোটি ২৫ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির ঘটনায় আলোচিত ছয় কারসাজিকারক ও একটি প্রতিষ্ঠানকে প্রায় এক কোটি ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কারসাজিকারকেরা হলেন: আবু সাদাত মোহাম্মদ সায়েম, তাঁর ভাই আবদুল মবিন মোল্লা, মাহমুদা ইয়াসমিন, সৈয়দ সিরাজ উদ দৌলা, মুজিবুল হক চৌধুরী ও মাহবুবুর রহমান। একই ঘটনায় জরিমানা করা প্রতিষ্ঠানটি হলো ড্রিম হোল্ডিংস লিমিটেড। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গতকাল মঙ্গলবারের সভায় এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা করা হয়। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর বাইরে বিগত ২০১০ সালে তালিকাভুক্ত কোম্পানি লিগেসি ফুটওয়্যার লিমিটেড সঠিকভাবে তাদের শেয়ারপ্রতি আয় বা ইপিএস প্রকাশ না করায় কোম্পানিটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর ফলে ছয় কারসাজিকারক ও দুই প্রতিষ্ঠানকে মিলিয়ে মোট জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে এক কোটি ২৫ লাখ টাকা। বিএসইসি জানিয়েছে, তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুডের শেয়ার নিয়ে মূল্য কারসাজির কারণে আবু সাদাত মোহাম্মদ সায়েমকে ছয় লাখ টাকা, তাঁর ভাই আবদুল মবিন মোল্লাকে ১২ লাখ টাকা, মাহমুদা ইয়াসমিনকে ৪০ লাখ টাকা এবং ড্রিম হোল্ডিংস লিমিটেডকে ১৫ লাখ টাকা করে মোট ৭৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া তালিকাভুক্ত কোম্পানি লিগেসি ফুটওয়্যারের শেয়ার লেনদেনে কারসাজির জন্য মাহবুবুর রহমানকে ১৫ লাখ এবং মুজিবুল হক চৌধুরীকে দুই লাখ টাকা করে মোট ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর বাইরে আরএন স্পিনিংয়ের শেয়ার নিয়ে কারসাজির কারণে সৈয়দ সিরাজ উদ দৌলাকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।