অতিরিক্ত শেয়ার বিক্রি করায় ছয় ব্রোকারেজ হাউস এক মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। একই সঙ্গে ওই ব্রোকারেজ হাউসগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের এক মাস শেয়ারসংক্রান্ত কোনো ধরনের কাজে যোগ না দেওয়ারও সিদ্ধান্ত নেয় কমিশন। আজ বৃহস্পতিবার কমিশন এ সিদ্ধান্ত নেয়। এসইসির সদস্য ইয়াসিন আলী এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।প্রতিষ্ঠানগুলো হলো আইআইবিএফসি সিকিউরিটিজ, পিএফআই সিকিউরিটিজ, এনসিসি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ঢাকা ব্যাংক ও অ্যালায়েন্স সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।এসইসি সূত্রে জানা যায়, আজ বেলা একটায় লেনদেন শুরু হওয়ার পাঁচ মিনিটের মাথায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ৬০০ পয়েন্ট নেমে যায়। এতে সূচক বৃদ্ধির সর্বোচ্চ সীমা অতিক্রম করায় দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ হয়ে যায়। এ ঘটনার কারণ খতিয়ে দেখতে তত্পর হয় নিয়ন্ত্রক সংস্থা। এ সময় ছয়টি প্রতিষ্ঠানের অস্বাভাবিক বিক্রির বিষয়টি কমিশনের নজরে এলে কমিশন ওই ছয়টি প্রতিষ্ঠানের লেনদেন ৩০ দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।তবে লিংক অ্যাকাউডন্টের মাধ্যমে ওই ছয়টি ব্রোকারেজ হাউসের সঙ্গে সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা অন্য হাউসের মাধ্যমে লেনদেন করতে পারবেন বলে এসইসি জানায়।