ছয় মাস পর আবার ট্রানজিট নিল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় মাস পর আশুগঞ্জ নৌবন্দর দিয়ে আবারও ট্রানজিট নিল ভারত। প্রায় ৮৫০ টন রড নিয়ে কলকাতা থেকে ইতিমধ্যে এই নৌবন্দরে ভিড়েছে এমভি নিউটেক নামের একটি জাহাজ। এর মধ্যে গত শনিবার আশুগঞ্জ নৌবন্দর থেকে সড়কপথে আখাউড়া স্থলবন্দর হয়ে ত্রিপুরার রাজধানী আগরতলায় গেছে দেড় শ টন রড। ছয়টি ট্রাকে এই পণ্য পরিবহন করা হয়।

অবশ্য গতকাল রোববার ভারতে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ট্রানজিটের কোনো পণ্য আগরতলায় যায়নি। বাংলাদেশ প্রতি টন পণ্যের জন্য ১৯২ টাকা ২২ পয়সা মাশুল পাচ্ছে। দু-এক দিনের মধ্যে আরেকটি রডবোঝাই জাহাজ আশুগঞ্জ নৌবন্দরে ভিড়বে বলে জানা গেছে।

দুই দেশের বিদ্যমান নৌ-প্রটোকলের আওতায় এই ট্রানজিট পাচ্ছে ভারত। এত দিন এই প্রটোকলের আওতায় পণ্য নিলে কোনো মাশুল আরোপ করা হয়নি। গত জুন মাসে মাশুল দিয়ে পণ্য যাতায়াত শুরু হয়।

নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৬ জুন ট্রানজিট চালুর পর প্রথম তিন মাসে মাত্র তিনটি চালান যায়। ওই তিনটি চালানে লোহা, আয়রন শিট, চালসহ মোট ৪ হাজার ২৬৪ টন পণ্য আগরতলায় গেছে। এ তিনটি চালানে বাংলাদেশ মাত্র ৮ লাখ ২০ হাজার টাকা মাশুল পেয়েছে। সেপ্টেম্বর মাসে সর্বশেষ চালের চালানটি যাওয়ার পর গত ছয় মাসে কোনো ভারতীয় ব্যবসায়ী এ পথে ট্রানজিট নিতে আগ্রহ দেখাননি।

এই বিষয়ে জানতে চাইলে আশুগঞ্জ নৌবন্দরের পরিদর্শক মোহাম্মদ শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের দিক থেকে কোনো সমস্যা নেই। ট্রানজিটের মোটামুটি সব সুবিধাই আছে আশুগঞ্জ নৌবন্দরে। তবে ভারতীয় ব্যবসায়ীরা কেন আগ্রহ দেখাচ্ছেন না, তা বুঝতে পারছি না।’

আশুগঞ্জ নৌবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কলকাতার ডায়মন্ড হারবার বন্দর থেকে ১৫ দিন আগে রডবোঝাই দুটি কার্গো জাহাজ আশুগঞ্জ নৌবন্দরের উদ্দেশে ছেড়ে আসে। গত মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে প্রায় ৮৩৩ দশমিক ৬৪ টন রড বহনকারী এমভি নিউটেক জাহাজটি আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করে। চলতি সপ্তাহেই এমভি-৭ নামের আরেকটি জাহাজ ৫৪৬ টন রড নিয়ে আশুগঞ্জে পৌঁছানোর কথা আছে। এই দুটি জাহাজে ভারতীয় পণ্য পরিবহনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠান আনবিস ডেভেলপমেন্ট লিমিটেড। এর আগের চালানগুলো এই প্রতিষ্ঠানটিই পণ্য পরিবহন করেছে।

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, আসামের গুয়াহাটি ও মেঘালয়ের শিলং হয়ে ত্রিপুরায় যেতে প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। অন্যদিকে বাংলাদেশের নৌ ও স্থলপথ ব্যবহার করলে পাড়ি দিতে হয় ৪০০ কিলোমিটার পথ। এর মধ্যে কলকাতা ডায়মন্ড হারবার বন্দর থেকে আশুগঞ্জ নৌবন্দর পর্যন্ত ৩৫০ কিলোমিটার নৌপথ এবং আশুগঞ্জ নৌবন্দর থেকে ব্রাহ্মণবাড়িয়া শহর হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৪৭ কিলোমিটার সড়কপথ। ট্রানজিট নিলে ভারতের প্রায় তিন-চতুর্থাংশ বা ১ হাজার ২০০ কিলোমিটার পথ কমে যায়।

ট্রানজিটের জন্য মাশুল পাচ্ছে শুল্ক বিভাগ, অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও সড়ক বিভাগ। এর মধ্যে টনপ্রতি শুল্ক বিভাগ ১৩০ টাকা, সড়ক বিভাগ ৫২ টাকা ও বিআইডব্লিউটিএ ১০ টাকা পাবে। এর বাইরে বার্থিং, লেবার হ্যান্ডলিং, ল্যান্ডিং, পাইলটেজ এবং কনজারভেন্সি চার্জসহ নৌবন্দরে পণ্য ওঠানামার জন্য টনপ্রতি আরও সাড়ে ৩৩ টাকা পায় নৌবন্দর কর্তৃপক্ষ। অবশ্য এই মাশুল বাংলাদেশের পণ্যের চালানের ক্ষেত্রে আরোপ করা হয়।