ছয় মাসে আইডিএলসির মুনাফা ১১৭ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স চলতি বছরের প্রথম ছয় মাসে প্রায় ১১৭ কোটি টাকা কর-পরবর্তী মুনাফা করেছে। এ ক্ষেত্রে আগের বছরের চেয়ে ৩৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে আইডিএলসির পক্ষ থেকে ২০১৭ সালের প্রথমার্ধ তথা অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। রাজধানীর পল্টনে ডিআর টাওয়ারে অবস্থিত আইডিএলসির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ আর্থিক ফলাফল প্রকাশ করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফ খান।

অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছরের প্রথম ছয় মাসে আইডিএলসিতে ৫ হাজার ৭৭৯ জন নতুন গ্রাহক যুক্ত হন। ফলে প্রতিষ্ঠানটির ঋণ পত্রকোষ (পোর্টফোলিও) ৭৯৩ কোটি টাকা বেড়ে ৭ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। গ্রাহক ঋণে এ প্রবৃদ্ধির পেছনে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) ঋণের প্রসার মূল ভূমিকা রেখেছে। গত জানুয়ারি থেকে জুনে এসএমই ঋণে প্রায় সাড়ে ১৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। অনুষ্ঠানে আরও জানানো হয়, বর্তমানে প্রতিষ্ঠানটির মোট এসএমই ঋণের পরিমাণ ৩ হাজার ১০০ কোটি টাকা, যা আইডিএলসির বিতরণ করা মোট ঋণের প্রায় ৪৫ শতাংশ।

আর্থিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আরিফ খান জানান, চলতি বছরের প্রথম ছয় মাসে মূল ব্যবসার পাশাপাশি সহযোগী প্রতিষ্ঠানগুলো ভালো ব্যবসা করায় সামষ্টিক মুনাফা নতুন উচ্চতায় পৌঁছেছে। ধারাবাহিক প্রশিক্ষণ ও নানা উদ্যোগের মাধ্যমে মানবসম্পদের উন্নয়ন প্রতিষ্ঠানটির আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। মুনাফা বাড়ার পাশাপাশি সেবার মান উন্নয়নেও আইডিএলসি সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানান আরিফ খান। তিনি বলেন, ‘আমরা গ্রাহকের সমস্যার সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। ফলে গ্রাহকেরা আমাদের প্রতি আস্থাশীল। আর এ আস্থার প্রতিফলন আমরা মুনাফায় দেখতে পাচ্ছি।’

অনুষ্ঠানে আরও জানানো হয়, চলতি বছরের প্রথম ছয় মাসে আইডিএলসির শেয়ারপ্রতি আয় বা ইপিএস ২১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ২৮ পয়সায়। বছরের প্রথমার্ধে প্রতিষ্ঠানটির খেলাপি ঋণ হার কমে দাঁড়িয়েছে ২ দশমিক ৮৪ শতাংশে, যা ২০১৬ সালের ডিসেম্বরে ছিল প্রায় ৩ শতাংশ।

এদিকে মুনাফা বাড়লেও তার কোনো ইতিবাচক প্রভাব গতকাল কোম্পানিটির শেয়ারের দামে দেখা যায়নি। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানির প্রতিটি শেয়ারের দাম ১০ পয়সা কমে দাঁড়িয়েছে ৭৩ টাকায়।