ছয় মাসে এসএমইতে ৪৭ হাজার কোটি টাকার ঋণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ৪৭ হাজার ১৩০ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। বিতরণ করা এই ঋণ মোট লক্ষ্যমাত্রার ৫২ দশমিক ৯৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায় যে সারা দেশের দুই লাখ ৬১ হাজার ১৮ জন উদ্যোক্তার মাঝে এসব অর্থ বিতরণ করা হয়েছে।

আগের বছরের একই সময়ে এসএমইতে ঋণ বিতরণ হয়েছিল ৪১ হাজার ৮৪৮ কোটি টাকা। সেই হিসেবে চলতি বছরের একই সময়ে এসএমই খাতে ঋণ বিতরণ বেড়েছে ১২ দশমিক ৬২ শতাংশ।

রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে বড় শিল্পে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন না উদ্যোক্তারা। এতে আগের যেকোনো সময়ের তুলনায় বেসরকারি খাতে ঋণ বিতরণ প্রবৃদ্ধি কম রয়েছে। বিনিয়োগ মন্দা কাটাতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) বিনিয়োগ বাড়াচ্ছে ব্যাংকগুলো।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক মো. মাছুম পাটোয়ারী বাসসকে বলেন, বড় শিল্পের তুলনায় ব্যাংকগুলো এখন এসএমই খাতে ঋণ বাড়ানোর চেষ্টা করছে। এসএমইতে ঋণ বাড়ানোর পাশাপাশি গুণগত মান বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে নিয়মিত তদারক করছে। প্রকৃত উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি নিশ্চিত করতে এখন নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাংকগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করে এ বিষয়ে তাগিদ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছর এসএমইতে ৮৯ হাজার ৩১ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। জানুয়ারি-জুন সময়ে বিতরণ হওয়া ঋণের মধ্যে ব্যাংকগুলো দুই লাখ ৫৫ হাজার ৭৬ উদ্যোক্তাকে দিয়েছে ৪৫ হাজার ৫৪২ কোটি টাকা। আর আর্থিক প্রতিষ্ঠানগুলো এক হাজার ৪৮৮ কোটি টাকা বিতরণ করেছে পাঁচ হাজার ৯৪২ উদ্যোক্তার মাঝে।