ছয় মাসে গ্রামীণফোনের গ্রাহক বেড়েছে ১৬ লাখ
চলতি বছরের প্রথম ছয় মাসে গ্রামীণফোনের নেটওয়ার্কে যোগ হয়েছে নতুন ১৬ লাখ গ্রাহক। এ সময়ে তাদের মোট গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে পাঁচ কোটি ৩১ লাখ। ইন্টারনেট গ্রাহকের সংখ্যা হয়েছে এক কোটি ৩৪ লাখ। সেই সঙ্গে এর ব্যবহারের পরিমাণও বেড়েছে।
গ্রামীণফোনের ছয় মাসের ব্যবসায়িক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। আজ মঙ্গলবার প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে তাদের প্রথম ছয় মাসের প্রতিবেদনের বিস্তারিত তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, প্রতিষ্ঠানটি চলতি বছরের প্রথম ছয় মাসে রাজস্ব আয় করেছে পাঁচ হাজার ১শ ৫০ কোটি টাকা, যা ২০১৪ সালের একই সময়ের তুলনায় শতকরা শূন্য দশমিক সাত ভাগ বেশি। আগের বছরের একই সময়ের তুলনায় প্রদত্ত সেবা থেকে পাওয়া রাজস্ব বেড়েছে শূন্য দশমিক দুই ভাগ ও ডিভাইস খাতে রাজস্ব কমেছে দুই দশমিক নয় শতাংশ এবং অন্যান্য খাত (প্রধানত অবকাঠামো শেয়ারিং ও মোবাইল আর্থিক সেবা) থেকে আয় বেড়েছে ১৩ দশমিক আট ভাগ।
তাদের বিশ্লেষণে বলা হয়েছে, ডেটা ও মূল্য সংযোজিত সেবার আয় বাড়ার কারণে সেবা থেকে অর্জিত রাজস্ব বেড়েছে।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠি বলেন, ‘তীব্র প্রতিযোগিতা এবং ২০১৫ এর প্রথম প্রান্তিকে রাজনৈতিক অস্থিরতার কারণে আমরা গত বছরের তুলনায় সামান্য প্রবৃদ্ধি অর্জন করেছি। তবে আমরা প্রথম প্রান্তিকের শেষদিক থেকেই ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি দেখছি যা সম্ভব হয়েছে নেটওয়ার্কের শ্রেষ্ঠত্ব ও পণ্যের ব্যবহারের বিষয়ে আমাদের সরলীকরণ উদ্যোগের কারণে।’
গ্রামীণফোনের সিএফও দিলীপ পাল বলেন, ‘বছরের প্রথম অর্ধে আমরা দুর্বল ফলাফলের মধ্যেও লাভজনক প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছি। তৃণমূল পর্যায়ে বিশেষ গুরুত্ব প্রদানের যে উদ্যোগ আমরা নিয়েছি তা আগামী দিনগুলোতে ব্যবসায় আরও প্রবৃদ্ধি এনে দেবে বলে আমরা আশাবাদী।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছরের প্রথমার্ধে থ্রি-জি বিস্তার, টুজি বিস্তার ও ধারণ ক্ষমতা বাড়াতে গ্রামীণফোন এক হাজার ১০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এদিকে দেশের বৃহত্তম করদাতা প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোন একই সময়ে কর, ভ্যাট, শুল্ক এবং লাইসেন্স ফি আকারে রাষ্ট্রীয় কোষাগারে দুই হাজার ৫০০ কোটি টাকা জমা দিয়েছে, যা প্রতিষ্ঠানের মোট রাজস্ব আয়ের ৪৮.৬ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রামীণফোনের বোর্ড অব ডাইরেক্টরস ২০১৫ সালের ৩০ জুন অর্ধবছরের অন্তর্বর্তী নিট মুনাফা ও ৩১ ডিসেম্বর ২০১৪ পর্যন্ত সংরক্ষিত আয়ের ওপর ভিত্তি করে পরিশোধিত মূলধনের শতকরা ৮০ ভাগ (প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ার এর বিপরীতে আট টাকা) অন্তর্বর্তী নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ লভ্যাংশ ২০১৫ সালের ৩০ জুন এ সমাপ্ত অর্ধবছরের কর পরবর্তী নিট মুনাফার শতকরা ১০৩ ভাগ। এ লভ্যাংশ রেকর্ড ডেট ২৯ জুলাই ২০১৫-এ যারা শেয়ারহোল্ডার থাকবেন তাদের মধ্যে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময়ানুযায়ী বিতরণ করা হবে।