বৈশ্বিক মন্দা সত্ত্বেও চট্টগ্রাম কাস্টম হাউসে চলতি ২০০৯-১০ অর্থবছরের প্রথম ছয় মাসে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৩৬৩ কোটি টাকারও বেশি রাজস্ব আদায় হয়েছে।চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর ছয় মাসে এ কাস্টম হাউসের রাজস্ব আয় হয়েছে সাত হাজার ৬১১ কোটি আট লাখ টাকা, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৬৩ কোটি ২৬ লাখ টাকা বা ৫.০১ শতাংশ বেশি। আগের বছরের এ সময়ের জন্য রাজস্ব আয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল সাত হাজার ২৪৭ কোটি ৮২ লাখ টাকা। চট্টগ্রাম কাস্টম হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।রাজস্ব আয়ে সাফল্য অর্জন প্রসঙ্গে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার (আমদানি) সৈয়দ গোলাম কিবরিয়া বলেন, শুল্ক ফাঁকির অপতত্পরতা রোধে নানা কার্যক্রম গ্রহণ, আমদানি করা পণ্যের কায়িক পরীক্ষা ও শুল্কায়ন কার্যক্রম মনিটরিং, অ্যাসেসমেন্ট কমিটির নিয়মিত বৈঠক, বকেয়া রাজস্ব আদায়ের তত্পরতা জোরদারকরণ, ব্যাংক গ্যারান্টি নগদায়ন এবং শুল্ক-সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেওয়ায় এটি সম্ভব হয়েছে।গোলাম কিবরিয়া জানান, একই ধরনের তত্পরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট সব মহলের কাছ থেকে সহযোগিতা কামনা করেন। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে চট্টগ্রাম কাস্টম হাউসে আয় হয়েছে এক হাজার ৯৬ কোটি ৭৪ লাখ টাকা; আগস্টে এক হাজার ৩১৭ কোটি দুই লাখ টাকা; সেপ্টেম্বরে এক হাজার ১৩৪ কোটি ৬৪ লাখ টাকা আয় হয়; অক্টোবরে এক হাজার ৩৩৩ কোটি টাকা; নভেম্বরে এক হাজার ৪১৯ কোটি ৬৬ লাখ টাকা এবং ডিসেম্বরে এক হাজার ৩৪৪ কোটি ২৭ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে।