ছয় মাসের বাকিতে জ্বালানি তেল আমদানির সুবিধা পাচ্ছে বিপিসি
ফিলিপাইন ও মালয়েশিয়া থেকে জ্বালানি তেল আমদানিতে ছয় মাস পর দাম পরিশোধের সুবিধা পাচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এ সংক্রান্ত একটি প্রস্তাব গত রোববার ঢাকায় অনুষ্ঠিত বিপিসির বোর্ড সভায় অনুমোদিত হয়েছে। এর আগে মালয়েশিয়ার প্রতিষ্ঠান পেট্রোনাস অয়েল কোম্পানি (পেটকো) এবং ফিলিপাইন ন্যাশনাল অয়েল কোম্পানি লিমিটেড (পিএনওসিএল) ছয় মাসের বাকিতে বিপিসিকে তেল সরবরাহের প্রস্তাব দিয়েছিল। সূত্রমতে, বিপিসিকে বর্তমানে বছরে প্রায় ২০-২২ হাজার কোটি টাকা দামের প্রায় ৩৭ লাখ মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করতে হয়। সে হিসেবে বিপিসিকে প্রতি মাসে প্রায় দুই হাজার কোটি টাকার তেল আমদানি বিল পরিশোধ করতে হয়। কারণ ৩০ দিনের মধ্যে আমদানি করা তেলের মূল্য পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে।জানা যায়, আর্থিক লোকসানে বিপর্যস্ত বিপিসির পক্ষে প্রতি মাসে এত বিপুল পরিমাণ নগদ টাকার জোগান দেওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। অতীতে পরিস্থিতি এমনো হয়েছে যে, বাণিজ্যিক ব্যাংক বিপিসিকে নগদ অর্থ-সহায়তা দিতে রাজি না হওয়ায় সময়মতো তেল আমদানির ঋণপত্র খোলা সম্ভব হয়নি। এসব বিবেচনা থেকে ছয় মাসের বাকিতে তেল আমদানির সুযোগ বিপিসিকে বাড়তি সুবিধা দেবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন। তেল সরবরাহকারী প্রতিষ্ঠানের দেওয়া প্রস্তাব অনুসারে বাকিতে মূল্য পরিশোধের সুবিধার জন্য বিপিসিকে ৫ দশমিক ০৫ শতাংশ হারে সুদ দিতে হবে। এ ক্ষেত্রে পাঁচ মাসের সুদের হার হিসাব বিবেচনা করা হবে। আর যদি বিপিসি এক মাসের মধ্যে মূল্য পরিশোধ করে দেয়, তবে কোনো সুদ দিতে হবে না।জ্বালানি তেল আমদানির জন্য বিপিসি বর্তমানে ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি) থেকে যে ঋণ নিচ্ছে তাতে মার্কআপ (সুদ) দিতে হয় ৫ দশমিক ৩০ শতাংশ হারে। আইডিবি তেল আমদানির জন্য বিপিসিকে বছরে প্রায় ১৮০ কোটি মার্কিন ডলার (প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকা) ঋণ দেয়। বিপিসির চেয়ারম্যান মো. মোক্তাদীর আলী ছয় মাসের বাকিতে তেল আমদানির প্রস্তাব অনুমোদনের বিষয়টি স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘পেটকো ও পিএনওসিএল এ প্রস্তাব দিয়েছিল। আমরা সেটার অনুমোদন দিয়েছি। মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া গেলে তা বাস্তবায়িত হবে।’ মোক্তাদীর আরও বলেন, ‘অপর সরবরাহকারীদের আমাদের প্রতি মাসেই বিল পরিশোধ করতে হবে। কারণ তারা বাকিতে বিক্রির প্রস্তাব দেয়নি।’জানা গেছে, ওই দুই প্রতিষ্ঠান ছাড়াও আরও পাঁচটি বিদেশি প্রতিষ্ঠান বর্তমানে বিপিসিকে জ্বালানি তেল সরবরাহ করছে। এর মধ্যে পরিশোধিত তেল সরবরাহ করে কুয়েতের সরকারি সংস্থা কেপিসি, মিসরের প্রতিষ্ঠান মাইডর ও চীনের প্রতিষ্ঠান পেট্রোচায়না। অশোধিত (ক্রুড) জ্বালানি তেল সরবরাহ করে সৌদি আবের প্রতিষ্ঠান আরামকো এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান এডনক। পরিশোধিত তেল আমদানির জন্য প্রতি ছয় মাস অন্তর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে তেলের প্রিমিয়াম (আন্তর্জাতিক বাজারে তেলের দামের অতিরিক্ত জাহাজ ভাড়া, বিমার প্রিমিয়াম ইত্যাদির পরিমাণ) ঠিক করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে ছয় মাসের তেল কেনাবেচার চুক্তি হয়। আর অশোধিত তেলের জন্য চুক্তি হয় বছরে একবার।