ছয় মাসের মধ্যে স্বয়ংক্রিয় ব্যবস্থায় যাবে বিডা
আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) পরিপূর্ণভাবে স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার আওতায় আসবে বলে জানিয়েছেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম।
রাজধানীর দিলকুশায় বিডা কার্যালয়ে আজ বুধবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কাজী আমিনুল এ কথা জানান। সংস্থাটির দুই নির্বাহী সদস্য মোহাম্মদ আলতাফ হোসেন ও নাভাস চন্দ্র মণ্ডল, পরিচালক তৌহিদুর রহমান খান, আইয়ুব আলী, মনির হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
কাজী আমিনুল ইসলাম জানান, ‘আমরা এমনভাবে প্রস্তুতি নিচ্ছি যে বিনিয়োগবিষয়ক সব সেবা নেওয়ার জন্য কাউকে সশরীরে বিডায় আসতে হবে না। ঘরে বসেই সেবা পেয়ে যাবেন। শুধু একটি আবেদন করলেই হবে। সেবাগুলো দিতে বিডার ছয় মাস সময় লাগবে।’
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পরিবেশ অধিদপ্তর, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)—এসব প্রতিষ্ঠান থেকে বিনিয়োগকারীদের যেসব সেবা নিতে হয়, ভবিষ্যতে সেগুলো সহজেই পাওয়া যাবে বলে জানান কাজী আমিনুল।
বিডা চেয়ারম্যান আরও জানান, বিনিয়োগকারীদের ওয়ানস্টপ সার্ভিস পাওয়ার বিষয়ে আইনের একটি খসড়া তৈরি হয়েছে। কিছুদিনের মধ্যে পাস হওয়ার জন্য আইনটি জাতীয় সংসদে যাবে।