সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরীর ভেতরে ও বাইরের সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দিনে ৫-৬ বার লোডশেডিং হয়। সব ট্যানারি গ্যাস-সংযোগ পায়নি। নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিয়েও সমস্যা আছে। কঠিন বর্জ্য অপসারণে অব্যবস্থাপনা আছে। ইতিমধ্যে লবণের দামও অস্বাভাবিক বেড়ে গেছে।
এই ছয়টি সমস্যার সমাধান না হলে কোরবানির পশুর চামড়া নিয়ে জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) নেতারা। রাজধানীর ধানমন্ডিতে সমিতির নিজস্ব কার্যালয়ে গতকাল শনিবার কোরবানির পশুর চামড়া সংগ্রহ, পরিবহন ও সংরক্ষণ নিয়ে সংবাদ সম্মেলন করে সমিতি। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।
মহিউদ্দিন আহমেদ বলেন, সাভারের হেমায়েতপুর বাজার থেকে চামড়া শিল্পনগরী পর্যন্ত রাস্তাঘাট ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। শিল্পনগরীর ভেতরের সড়কের অবস্থাও শোচনীয়। ফলে কোরবানির ঈদের সময় কাঁচা চামড়াবাহী ট্রাক পরিবহন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভাঙা সড়কে একটি ট্রাক আটকে গেলে ভয়াবহ যানজটের সৃষ্টি হবে। এতে ট্রাকভর্তি চামড়ায় পচন ধরতে পারে, যা জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়াবে।
এ অবস্থায় এবার চামড়া সংগ্রহ, পরিবহন ও সংরক্ষণের ব্যাপারে প্রচণ্ড অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে মন্তব্য করেন সমিতির চেয়ারম্যান। তিনি বলেন, ‘ট্যানারির মালিকেরা চামড়া সংরক্ষণে সর্বোচ্চ চেষ্টা করবেন। তারপরও সরকার উদ্যোগ না নিলে তাঁদের (ট্যানারির মালিক) চেষ্টা সফল হবে না। সে ক্ষেত্রে চামড়া নষ্ট হওয়ার দায়দায়িত্ব ট্যানারির মালিকেরা নেবেন না।’
চামড়া ছাড়ানোর ছয় ঘণ্টার মধ্যে পরিমাণমতো লবণ না দিলে চামড়ার পচন রোধ করা যাবে না—এমন তথ্য দিয়ে সমিতির চেয়ারম্যান বলেন, মাঝারি চামড়ার জন্য ৬ থেকে ৮ কেজি এবং বড় চামড়ার জন্য ১০ থেকে ১২ কেজি লবণ দিতে হবে। চামড়ার গুণমান ভালো থাকলেই দাম ভালো পাওয়া যাবে।
মহিউদ্দিন আহমেদ বলেন, সারা বছর এক বস্তা (৭৫ কেজি) লবণের দাম থাকে ৪০০ থেকে ৫০০ টাকা। তবে কোরবানির ঈদের আগে দাম বেড়ে যায়। এবারও লবণের দাম বেড়ে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা হয়ে গেছে। এ জন্য স্থানীয় পর্যায়ে চামড়া সংরক্ষণে কম লবণ দেবেন অনেকে। এতে চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা আছে। গত বছর লবণের অভাবে প্রায় ৩০ শতাংশ চামড়ার গুণমান ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, ‘সরকার পাঁচ লাখ টন লবণ আমদানির উদ্যোগ নিয়েছে। সেটি যাতে সময়মতো আসে, সে বিষয়ে সরকারের তদারক করা উচিত।’
বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মহিউদ্দিন আহমেদ বলেন, ‘ট্যানারির কঠিন বর্জ্য নিয়ে সমস্যা আছে। ঈদের পর পরিস্থিতি ভয়াবহ হলে এই দূষণের দায় আমরা নেব না। এ জন্য দায়ী থাকবে বিসিক। কারণ আমাদের হেমায়েতপুরে যেতে বাধ্য করার আগে জাতির কাছে বিসিক বলেছে, বর্জ্য ব্যবস্থাপনার জন্য তারা পুরোপুরি প্রস্তুত।’
সমিতির চেয়ারম্যান আরও বলেন, ‘কোনো অবস্থাতেই কঠিন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের দায়িত্ব চীনা প্রতিষ্ঠানকে দিতে দেব না আমরা। তাতে আরও ৭-৮ বছর লেগে যেতে পারে। তা ছাড়া সিইটিপি নির্মাণে তাদের অনেক অসংগতি ধরা পড়েছে। ফলে যারা অভিজ্ঞ, তাদেরই কাজ দিতে হবে।’
শাহজালাল ট্যানারির স্বত্বাধিকারী শাহজালাল মজুমদার বলেন, হেমায়েতপুরে ইতিমধ্যে প্রায় ৭০টি ট্যানারি উৎপাদন শুরু করেছে। হাজারীবাগের চেয়ে হেমায়েতপুরে তাঁদের সক্ষমতা দুই থেকে তিন গুণ বেড়েছে। তাই রাস্তাঘাট ঠিক থাকলে এবং পানি, বিদ্যুৎ ও গ্যাস নিরবচ্ছিন্ন পাওয়া গেলে কোরবানির বিপুল পরিমাণ চামড়া প্রক্রিয়াকরণে কোনো সমস্যা হবে না।
হেমায়েতপুরের শিল্পনগরীর জমি নিবন্ধন-প্রক্রিয়া শিগগিরই শেষ করার দাবি জানান মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, অনেক ট্যানারির মালিক আর্থিক সংকটের কারণে হেমায়েতপুরে দ্রুত কাজ করতে পারছেন না। জমি নিবন্ধন হয়ে গেলে সেটি ব্যাংকে বন্ধক রেখে ঋণ নিতে পারতেন। তাহলে চামড়া শিল্পনগরীতে বর্তমানে আরও ৪০-৫০টি ট্যানারি উৎপাদনে থাকত।
কোরবানির চামড়া পাচারের কোনো আশঙ্কা নেই বলে উল্লেখ করেন সমিতির চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান দিলজাহান ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আউয়াল প্রমুখ।