ছয় সাংবাদিক পেলেন ইআরএফ পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল ইআরএফের অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে পুরস্কার বিজয়ী অর্থনৈতিক প্রতিবেদকেরা l প্রথম আলো
রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল ইআরএফের অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে পুরস্কার বিজয়ী অর্থনৈতিক প্রতিবেদকেরা l প্রথম আলো

অর্থনীতি-বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সেরা রিপোর্টিং পুরস্কার, ২০১৬ পেলেন ছয় সাংবাদিক।
রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থনীতিবিদ রেহমান সোবহান।
ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান শ্রেণিতে পুরস্কার পেয়েছেন যৌথভাবে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি (বর্তমানে রংধনু টিভি চ্যানেলে কর্মরত) মনজুর আহমেদ ও সমকাল-এর নিজস্ব প্রতিবেদক ওবায়দুল্লাহ রনি। এ ছাড়া পুরস্কার পেয়েছেন সামষ্টিক অর্থনীতি শ্রেণিতে ডেইলি স্টার-এর জ্যেষ্ঠ প্রতিবেদক সোহেল পারভেজ, ভোক্তা অধিকার ও আর্থিক দুর্নীতি শ্রেণিতে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ফখর্ুল ইসলাম এবং পুঁজিবাজার শ্রেণিতে প্রথম আলোর উপ-বাণিজ্য সম্পাদক সুজয় মহাজন।
ইলেকট্রনিক মিডিয়ায় সামগ্রিক অর্থনীতি শ্রেণিতে পুরস্কার পেয়েছেন যমুনা টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক আলমগীর হোসেন। ইআরএফের সভাপতি সুলতান মাহমুদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
সাংবাদিকদের সেরা রিপোর্টিংয়ের পুরস্কার দেওয়ার পাশাপাশি অনুষ্ঠানে ইআরএফের পক্ষ থেকে বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদকে আজীবন সম্মাননা ও স্বর্ণপদক দেওয়া হয়। এ ছাড়া সম্মাননা ও স্বর্ণপদক দেওয়া হয় ইআরএফের দুই স্বপ্নদ্রষ্টা শামসুল হক জাহিদ ও শহীদুজ্জামানকে।
দেশের অর্থনৈতিক উন্নয়নে পুরস্কারপ্রাপ্তসহ সব অর্থনৈতিক সাংবাদিকই অবদান রাখছেন বলে মনে করেন অর্থমন্ত্রী। তিনজনকে বিশেষ সম্মাননা ও স্বর্ণপদক দেওয়ার কারণে তাঁর অনেক ভালো লাগছে বলেও প্রতিক্রিয়া জানান।
অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক উন্নয়ন হলে সবাই তার সুফল পায়। তিনি বলেন, একসময় রেহমান সোবহান প্রমাণ করে দিয়েছিলেন যে পাকিস্তানে দুটি অর্থনীতি বিরাজ করছিল। তারপরই তো মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয়।
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের দুই-তৃতীয়াংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে তখনকার একটি প্রতিবেদনের কথা স্মরণ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, দুর্ভাগ্যবশত প্রত্যক্ষ-পরোক্ষভাবে দেশে ১৬ বছর সামরিক শাসন চলেছে। ১৯৯১-এর পর থেকে দেশে নতুন দিগন্ত উন্মোচিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০১ সাল থেকে কাজে লাগাচ্ছেন বলে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অর্থমন্ত্রী।
রেহমান সোবহান বলেন, সাংবাদিকেরা জনগণের জন্য তথ্য তুলে আনেন। তাঁরা শুধু পেশাগত দায়িত্বই পালন করছেন না, অর্থনীতি ও জাতির জন্যও কাজ করে যাচ্ছেন।