ছয় হাউস পরিদর্শনে ডিএসইর পরিদর্শক দল
শেয়ার লেনদেনে যেকোনো অনিয়ম দমনে কার্যক্রম অব্যাহত রেখেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার ডিএসইর পরিদর্শক দল (মনিটরিং টিম) ছয়টি ব্রোকারেস হাউস পরিদর্শনে যায়। সংশ্লিষ্ট হাউসগুলোয় কোনো প্রকার অনিয়ম হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে পরিদর্শক দল হঠাত্ করেই হাউসগুলোয় হানা দেয় বলে ডিএসই সূত্রে জানা গেছে।ব্রোকারেজ হাউজগুলো হলো: আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, হ্যাক সিকিউরিটিজ লিমিটেড, রয়্যাল ক্যাপিটাল লিমিটেড, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড, ব্র্যাক ইপিএল ও গ্লোব সিকিউরিটিজ লিমিটেড।এর আগে গত মাসে ডিএসই ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) যৌথ পরিদর্শক দল লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেড, র্যাপিড সিকিউরিটিজ লিমিটেড, রয়্যাল ক্যাপিটাল লিমিটেড ও সিনহা সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে অস্বাভাবিক লেনদেনের তথ্য পায়। এরই পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করতে এসইসি হাউসগুলোর বিরুদ্ধে পৃথক তদন্ত কমিটি গঠন করে।ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসইর পরিদর্শক দল ব্রোকারেস হাউসগুলোতে অস্বাভাবিক লেনদেন, অতিরিক্ত বিক্রির চাপসহ কোনো অনিয়ম চলছে কি না, তা খতিয়ে দেখতে বিভিন্ন হাউস পরিদর্শনে যাচ্ছে। বিনিয়োগকারীদের স্বার্থে ডিএসইর এ তত্পরতা অব্যাহতভাবে পরিচালনা করা হবে বলে সূত্র জানায়।