জঙ্গি অর্থায়ন প্রতিরোধে সক্ষমতার অভাব আছে
জঙ্গি ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশের সক্ষমতার কিছু অভাব রয়েছে বলে স্বীকার করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
ঢাকায় সফররত এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিংয়ের (এপিজি) প্রতিনিধিদলের সঙ্গে গতকাল রোববার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
দলটি গতকাল দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গেও বৈঠক করে। পরে বৈঠক করবে পররাষ্ট্র, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ডসহ বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দেশের বাইরে থাকায় জঙ্গি ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে দিকনির্দেশনা, নীতি প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে গঠিত জাতীয় সমন্বয় কমিটির গতকালের বৈঠকে সভাপতিত্ব করেন প্রতিমন্ত্রী এম এ মান্নান।
মুদ্রা পাচার ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশের নেওয়া পদক্ষেপের সত্যতা যাচাইয়ে আট সদস্যের বিশেষজ্ঞ দলটি ১১ দিনের (১১-২২ অক্টোবর) সফরে ঢাকায় আসে।
বৈঠকের পর এম এ মান্নান সাংবাদিকদের বলেন, বাংলাদেশের জঙ্গি ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রমে প্রাথমিকভাবে সন্তুষ্টি প্রকাশ করেছে এপিজির দল। তবে কিছু ঘাটতি ও সক্ষমতার অভাব যে আছে, তা তারা জানে।
প্রতিমন্ত্রী এ-ও বলেন, বৈঠকে বাংলাদেশের বর্তমান অবস্থান তুলে ধরার পর তাদের কাছে ভালো লেগেছে। তারা কোনো শঙ্কার কথা জানায়নি। আর ঘাটতি যা রয়েছে, তা শিগগিরই পূরণের চেষ্টা করা হবে বলে তাদের জানানো হয়েছে।
এম এ মান্নান বলেন, মানি লন্ডারিং বিষয়ে দুদক ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাজে মাঝে মাঝে ওভারল্যাপিং হয়ে থাকে। প্রতিনিধিদলকে জানানো হয়েছে, বিষয়টি দূর করতে দুদক ও সিআইডিকে শক্তিশালী করার বিষয়ে কাজ চলছে।
সম্প্রতি দুই বিদেশি নাগরিক খুন হওয়ার বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, খুন আইনশৃঙ্খলার বিষয়। আর এ বৈঠকের বিষয়বস্তু ছিল জঙ্গি ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ। তাই খুন নিয়ে কোনো আলোচনা হয়নি। তাদের দিক থেকেও কোনো প্রশ্ন ওঠেনি।
দুদকের সঙ্গে বৈঠক: এদিকে দুদকের সঙ্গেও গতকাল বৈঠক করে এপিজির প্রতিনিধিদল। দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান, কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন, কমিশনার (অনুসন্ধান) নাসিরউদ্দীন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (এফআইইউ) ও সিআইডির কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকের পর দুদকের কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
তবে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে দুদক। এতে বলা হয়, দুদক চেয়ারম্যান বদিউজ্জামান বলেন, ‘সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণকারী সংস্থা ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের (এফএটিএফ) বাংলাদেশের জন্য তৃতীয়বারের মতো মূল্যায়ন করতে তারা এসেছে। আমরা এফএটিএফের শর্ত পরিপালনে সাধ্যানুযায়ী চেষ্টা করেছি।’
দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং সন্ত্রাসে অর্থায়ন অধ্যাদেশ ২০১৩-এর আলোকে দুর্নীতিপরায়ণ ব্যক্তি ও মানি লন্ডারিং মামলাগুলো নিবিড়ভাবে পরিচালনা করা হচ্ছে বলেও জানান বদিউজ্জামান।
দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা সিঙ্গাপুর থেকে ২১ কোটি টাকা দেশে ফেরত আনতে পেরেছি। বিদেশ থেকে আরও অর্থ ফেরত আনার প্রক্রিয়া অব্যাহত রেখেছি। এপিজির তৃতীয় পর্যায়ের মূল্যায়ন বাংলাদেশকে আরও সাফল্য এনে দেবে বলে আমি বিশ্বাস করি।’
কমিশনের মহাপরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত এবং মানি লন্ডারিং প্রতিরোধ) এম এইচ সালাহ্উদ্দিন কমিশনের কার্যক্রম ও জাতীয় ঝুঁকি মূল্যায়ন-বিষয়ক কার্যক্রমের ওপর লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
বৈঠক শেষে দুদকের একজন কর্মকর্তা বলেন, দুর্নীতিবিরোধী কর্মকাণ্ড, ব্যাংক জালিয়াতিসহ বিভিন্ন ক্ষেত্রে দুদক কী ধরনের পদক্ষেপ নিয়েছে—সেসব জানতে চেয়েছেন বিশেষজ্ঞরা। দুদকের উপস্থাপনায় এপিজির কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন।