জঙ্গি সন্দেহে ড্যাফোডিলের ৯ শিক্ষার্থীসহ ১২ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডির শুক্রাবাদ এলাকার একটি মেসে গতকাল বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীসহ অন্তত ১২ জনকে জঙ্গি সন্দেহে আটক করেছে পুলিশ।
শেরেবাংলা থানার পুলিশ জানায়, জঙ্গিবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল বিকেলে শেরেবাংলা থানার পুলিশের একটি দল শুক্রাবাদের একটি চারতলা বাড়িতে অভিযান চালায়। চারতলা ভবনটিতে ‘জামিয়াতুস সালিহীন মাদ্রাসা’ নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলার চারটি কক্ষ মেস করে ড্যাফোডিল ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থী ও মাদ্রাসার ছাত্র ভাড়া থাকেন। বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলা অভিযানে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীসহ ১২ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে পাঁচজন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের ছাত্র, দুজন মাদ্রাসাটির শিক্ষক ও একজন চিকিৎসক আছেন বলেও জানা যায়। আটক ১২ জনকে শেরেবাংলা নগর থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ ওই মেস থেকে কয়েকটি কম্পিউটার ও ল্যাপটপ জব্দ করেছে।
শাহিরুন হুদা নামের আটক এক তরুণ সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি ড্যাফোডিলের তড়িৎ কৌশল বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী। তিনিসহ মোট ১২ শিক্ষার্থী দ্বিতীয় ও তৃতীয় তলায় মেস ভাড়া নিয়ে থাকেন। তাদের সবাইকেই আটক করা হয়েছে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার গতকাল রাতে প্রথম আলোকে বলেন, জঙ্গিরা যেভাবে মানুষকে
দলে টেনে আনে, ড্যাফোডিলের ছাত্রদের ল্যাপটপে সেই ধরনের তথ্য পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
শেরেবাংলা নগর থানার একজন কর্মকর্তা বলেন, মাদ্রাসাটিতে ৫ থেকে ১০ বছরের শিশুরা পড়ে। সেখানে ড্যাফোডিলের শিক্ষার্থীরা চারটি কক্ষ ভাড়া নিয়ে থাকার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।