গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁ এবং কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশের ব্যবসায়ীরা। তাঁরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সরকারকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন।
১ জুলাই গুলশানে এবং ৭ জুলাই শোলাকিয়ার দুই জঙ্গি হামলার ঘটনার পর গতকাল মঙ্গলবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়। এতে ওই দুই ঘটনাকে বর্বরোচিত, ঘৃণ্য ও কাপুরুষোচিত অভিহিত করে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদসহ ৩১ জন ব্যবসায়ী নেতার নাম ছিল বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, গুলশানে হলি আর্টিজান বেকারিতে দুর্ধর্ষ সন্ত্রাসী হামলার সঙ্গে সঙ্গে দূরদর্শিতা ও বিচক্ষণতার সঙ্গে সমাধানের সাহসী উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রী ও তাঁর সরকারকে ব্যবসায়ী সমাজ আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে।
গুলশানে জঙ্গি হামলার পর পরিচালিত কমান্ডো অভিযানকে সফল বলে উল্লেখ করে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিসসহ আইন প্রয়োগকারী সব সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানানো হয় বিজ্ঞপ্তিতে। এতে আরও বলা হয়, ব্যবসায়ী সমাজ বিশ্বাস করে, ঘটনার মূলে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে যাতে আস্থার অভাব না ঘটে, সেদিকে এফবিসিসিআই বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
এতে আরও বলা হয়, বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপ সঠিক পথে কাজ করছে। এ ক্ষেত্রে সরকারের সব পদক্ষেপে এফবিসিসিআইসহ দেশের ব্যবসায়ী সংগঠনগুলোর পূর্ণ সমর্থন থাকবে এবং সব সহযোগিতা দেওয়া হবে।
ব্যবসায়ী নেতারা মনে করেন, জঙ্গি নেটওয়ার্কে জড়িয়ে পড়ে দেশের বিত্তবান পরিবারের কোমলমতি তরুণদের বিপথগামী হওয়া ঠেকাতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, জঙ্গিবাদ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, উদার মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের সুনাম বজায় রাখতে সম্মিলিত উদ্যোগ দরকার।
বিজ্ঞপ্তিতে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সালমান এফ রহমান, মাহবুবুর রহমান, ইউসুফ আবদুল্লাহ হারুন, কাজী আকরাম উদ্দিন আহমদ, মীর নাসির হোসেন, এ কে আজাদ, সহসভাপতি শফিউল ইসলাম, মাহবুবুল আলম, ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ, এমসিসিআইয়ের সৈয়দ নাসিম মঞ্জুর, বিজিএমইএর সিদ্দিকুর রহমান, বিকেএমইএর এ কে এম সেলিম ওসমান, বিটিএমএর তপন চৌধুরী, ওষুধ শিল্প সমিতির নাজমুল হাসান, ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের শেখ কবির হোসেন, ইএবির আব্দুস সালাম মুর্শেদী, প্লাস্টিক অ্যাসোসিয়েশনের মো. জসিম উদ্দিন, অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের মো. নজরুল ইসলাম মজুমদার, বেসিসের মোস্তাফা জব্বার প্রমুখ ব্যবসায়ী নেতার নাম আছে।