জঙ্গিদের অর্থায়নের অভিযোগ অস্বীকার ইসলামী ব্যাংকের
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সন্দেহজনক লেনদেন করছে এবং ব্যাংকটি জঙ্গি অর্থায়নে জড়িত বলে মার্কিন সিনেটের তৈরি করা তদন্ত প্রতিবেদনে যেসব অভিযোগ করা হয়েছে তা অস্বীকার করেছে ব্যাংকটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা।ওই প্রতিবেদনকে দুঃখজনক মন্তব্য করে এ বিষয়ে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন ব্যাংকটির কর্মকর্তারা। একই সঙ্গে সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বাংলাদেশ ব্যাংক নতুন করে যে তদন্ত করার কথা বলেছে, তাতে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছে ব্যাংকটি।গত সোমবার মার্কিন সিনেটের এক প্রতিবেদনে অর্থের অবৈধ লেনদেন ও সন্ত্রাসবাদে অর্থের জোগানে সহযোগিতা দেওয়ার অভিযোগ তোলা হয় আন্তর্জাতিক ব্যাংক এইচএসবিসির বিরুদ্ধে। এ ক্ষেত্রে বাংলাদেশের দুটি ব্যাংক ইসলামী ব্যাংক ও সোস্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) সম্পৃক্ততার বিষয়টিও বলা হয়।এরই পরিপ্রেক্ষিতে গতকাল মতিঝিলে ইসলামী ব্যাংকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে ব্যাংক কর্তৃপক্ষ। এতে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, ইসলামী ব্যাংক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কখনোই জঙ্গি অর্থায়ন করেনি। বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা নিয়মিত এই ব্যাংকের কার্যক্রম তদারকি করে এখনো এ ধরনের কোনো অভিযোগের প্রমাণ পায়নি। সন্দেহজনক লেনদেনের কারণে বাংলাদেশ ব্যাংক তিনবার ইসলামী ব্যাংককে জরিমানা করেছে—এ বিষয়ে আব্দুল মান্নান প্রথমে একবার জরিমানার কথা স্বীকার করলেও পরে আরও দুবার জরিমানা করার কথা স্বীকার করেন।প্রতিবেদনের বিষয়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ আব্দুজ জাহের বলেন, ‘এ ব্যাপারে আইনগতভাবে যেখানে যেখানে যাওয়া প্রয়োজন, আমরা সেখানে যাব।’