জজ ভূঞা গ্রুপকে ঋণসুবিধা দিতে চাপ রূপালী ব্যাংককে
জজ ভূঞা গ্রুপকে ঋণসুবিধা দিতে রূপালী ব্যাংকের স্থানীয় শাখায় মহড়া দিয়েছে কতিপয় বহিরাগত। এ সময় ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে তাদের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। তবে ব্যাংকটি মতিঝিল থানায় কোনো অভিযোগ করেনি।
পরে ওই রাতে যোগাযোগ করা হলে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান প্রথম আলোকে বলেন, ‘আমি শুনেছি শাখার দুই গ্রাহকের পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা হয়েছে। বিষয়টি জানতে শাখার ব্যবস্থাপককে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’
রূপালী ব্যাংক সূত্র জানায়, স্থানীয় শাখা থেকে জজ ভূঞা গ্রুপকে ৭৮ কোটি টাকা ঋণ দেওয়া হয়। আরও ২৫ কোটি টাকার ঋণপত্র স্থাপনের অনুমোদন দেওয়া হয়। এ জন্য ৩০ কোটি টাকার জামানত রাখার শর্ত দেওয়া হয়। সম্প্রতি তারা ব্যাংকে জামানতের নথিপত্র জমা দেয়, যা মূল্যায়নের জন্য সার্ভেয়ার নিয়োগ দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। ৩০ কোটি টাকার জামানত নিশ্চিত হওয়ার পরই ঋণপত্র খোলা হবে।
ব্যাংকটির একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত সোমবার বেলা তিনটার দিকে জজ ভূঞা গ্রুপের কমার্শিয়াল ব্যবস্থাপক পরিচয়দানকারী মেহেদি হাসান বাবু স্থানীয় শাখায় আসেন। এ সময় তিনি উপমহাব্যবস্থাপক (ডিজিএম) অশোক কুমার সিংহের কক্ষে প্রবেশ করে আরেক ডিজিএম শাহেদুর রহমানকে উদ্দেশ করে গালিগালাজ করেন। তিনি দ্রুত ঋণপত্র খোলার চাপ দেন, না হলে দেখে নেওয়ার হুমকি দেন।
এ সময় ওই ডিজিএমের কক্ষে থাকা জুলফিকার ফ্যাশনের কর্ণধার আতিয়ার রহমান ও ব্যাংকের অন্য কর্মকর্তারা এসে তাঁকে সামলানোর চেষ্টা করেন। পরে বিকেল পাঁচটার দিকে তাঁর পক্ষে ২০-২৫ জন বহিরাগত এসে শাখায় মহড়া দেয় ও ঋণপত্র খোলার জন্য চাপ দেয়। এ সময় কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে জজ ভূঞা গ্রুপের কারও বক্তব্য পাওয়া যায়নি।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘পুলিশ গিয়েছিল, তবে কাউকে পায়নি। ব্যাংক থেকেও কোনো অভিযোগ করা হয়নি।’