জট কাটাতে মংলা বন্দরে ২১৩৬টি গাড়ি নিলামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরগাড়ি আমদানিকারক প্রতিষ্ঠানগুলো তাদের আমদানি করা মোটরগাড়ি অনেক দিন ধরে খালাস করেনি। আবার অনেকে আমদানির বিভিন্ন শর্ত ভঙ্গ করে মংলা বন্দর দিয়ে গাড়ি আমদানি করায় সেগুলো শুল্ক কর্তৃপক্ষ খালাস করতে দেয়নি। আবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে গাড়ি ছাড়করণের অনুমতিপত্র না পেয়ে আটকে গেছে কিছু গাড়ি।
এসব গাড়ি মংলা বন্দরে বড় ধরণের জট তৈরি করেছে। গাড়িগুলো খালাস করার জন্য কয়েক দফা চেষ্টা করেও বিষয়টি নিষ্পত্তি হয়নি। ফলে গাড়িগুলো বন্দর প্রাঙ্গণে পড়ে রয়েছে কয়েক বছর ধরে। শেষ পর্যন্ত এবার এসব গাড়ি নিলামে তুলে বিক্রির উদ্যোগ নিয়েছে বন্দরের কাস্টম কর্তৃপক্ষ। ২৩ জুলাই দুই হাজার ১৩৬টি গাড়ির নিলামের দিন ধার্য করা হয়েছে।
তবে গাড়ি আমদানিকারকেরা এই নিলামের তীব্র বিরোধিতা করেছেন। তাঁরা বলছেন, এভাবে নিলামে তুললে এই বন্দর দিয়ে গাড়ি আমদানিতে নিরুৎসাহিত হবেন আমদানিকারকেরা।
মংলা কাস্টম হাউস সূত্রে জানা যায়, মংলা বন্দর দিয়ে আমদানিশুরু থেকে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত বিভিন্ন কারণে যেসব
গাড়ি ছাড়িয়ে নেওয়া সম্ভব হয়নি—এমন দুই হাজার ১৩৬টি রিকন্ডিশন্ড গাড়ি ২৩ জুলাই নিলামের মাধ্যমে বিক্রি করবে মংলা কাস্টম হাউস। গাড়িগুলো নিলামের ক্যাটালগ তৈরিসহ সকল প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, পত্রপত্রিকায় বিজ্ঞাপনও দেওয়া হয়েছে।
মংলা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মো. সফিউজ্জামান বলেন, ‘আমদানির বিভিন্ন শর্ত ভঙ্গ করে এ পর্যন্ত মংলা বন্দর দিয়ে ২৯৬টি গাড়ি আনা হয়েছে, যা বেআইনি।এ ছাড়া আমদানিকারকেরা নির্ধারিত সময়ের অনেক পরও তাঁদের গাড়ি ছাড় না করায় শেষ পর্যন্ত নিলামে বিক্রির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
সফিউজ্জামান আরও জানান, এটি একটি নিয়মিত প্রক্রিয়া। চলতি বছরের এ পর্যন্ত পাঁচটি নিলাম হয়েছে। তবে এত গাড়ির নিলাম এবারই প্রথম। নিলামে গাড়ি বিক্রির অর্থ সরকারের রাজস্ব খাতে জমা হবে।
এদিকে গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠানগুলো একসঙ্গে এত গাড়ির এভাবে নিলামের বিরোধিতা করেছেন। বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) সাবেক সভাপতি ও হকস্ বে অটোমোবাইলসের স্বত্বাধিকারী আবদুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এটা গাড়ি আমদানিকারকদের জন্য অনাকাঙ্ক্ষিত বিষয়। নিস্ক্রিয় মংলা বন্দর ২০০৯ সালে গাড়ি আমদানির মাধ্যমে নতুনভাবে প্রাণ ফিরে পেয়েছিল। আর এখন একসঙ্গে এত গাড়ির নিলাম মংলা বন্দরের জন্যও প্রথম। আমাদের আমদানিকারকদের কোটি কোটি টাকা বিনিয়োগ রয়েছে। আমরা এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হব।’
সিনওয়া অটোমোবাইলসের স্বত্বাধিকারী মো. রফিক বলেন, ‘আমদানি করা গাড়ির ওপর সরকার বাজেটসহ বিভিন্ন সময় কাস্টম শুল্ক পরিবর্তন করায় গাড়ির দাম বৃদ্ধি এবং নতুন-পুরোনো গাড়ির জন্য একই হারে শুল্ক ধার্য করায় দামের বৈষম্যে তৈরি হয়। তাই গাড়ি বিক্রি করতে না পারায় তা ছাড় করাতে পারছেন না আমদানিকারকেরা। ফলে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।’
রফিক আরও বলেন, আমদানি-নীতিতে পাঁচ বছরের অধিক পুরোনো গাড়ি ছাড়করণের ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি দেওয়ার বিধান রয়েছে। কিন্তু তিন বছর ধরে সেই প্রক্রিয়া বন্ধ থাকায় গাড়ি ছাড় করতে পারেননি অনেক আমদানিকারক। আর তাই মংলা বন্দরে গাড়ির জট বেড়েছে।