
জটিলতার কারণে সরকারকে কর দিতে নিরুৎসাহ বোধ করেন বেশির ভাগ করদাতা, যাঁরা কিনা মোট করদাতার ৬৩ শতাংশ। আবার ৪৪ শতাংশ করদাতা মনে করেন, কর দেওয়া মানেই হচ্ছে ক্ষতি। তবে এর মধ্যে ১৭ শতাংশই দৃঢ়ভাবে ক্ষতির বিষয়টি বিশ্বাস করেন।
অন্যদিকে বিলাস পণ্যের ওপর মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আরও বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করেন ৬৩ শতাংশ করদাতা। তাঁদের মতে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে মূসক কমানো প্রয়োজন। অবশ্য বিলাস পণ্যের মূসক বৃদ্ধির বিপক্ষে মত আছে ১৩ শতাংশের।
সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) পরিচালিত ‘কর, বাংলাদেশের কর ব্যবস্থা ও কর পার্থক্য বিশ্লেষণ’ শীর্ষক প্রাক্-সমীক্ষা জরিপে এমন তথ্যই উঠে এসেছে। অক্সফাম নভিব বাংলাদেশের সহায়তায় জরিপ করেছে সুপ্র।
বরিশাল, কুষ্টিয়া, রাঙামাটি, হবিগঞ্জ, রাজশাহী ও শরীয়তপুর—এই ছয় জেলায় জরিপটি পরিচালিত হয়। এতে চার ক্যাটাগরিতে মোট ৭৫৭ জনের সাক্ষাৎকার নেওয়া হয়। তাঁদের মধ্যে প্রান্তিক কৃষক থেকে শুরু করে ক্ষুদ্র উদ্যোক্তা, গ্রামের নারী ও তরুণ, রিকশাচালক ও দিনমজুর আছেন। যাঁদের অনেকেই প্রত্যক্ষ নন, কেবল পরোক্ষ কর দেন। অর্থাৎ জরিপে অংশগ্রহণকারী সবাই নিবন্ধিত করদাতা নন।
রাজধানীর ডেইলি স্টার সেন্টারের আজিমুর রহমান মিলনায়তনে গতকাল সোমবার এক মতবিনিময় সভায় এই জরিপের তথ্য প্রকাশ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য কালিপদ হালদার। আর সভাপতিত্ব করেন সুপ্রর চেয়ারপারসন মুস্তাফিজুর রহমান খান। জরিপের সারসংক্ষেপ তুলে ধরেন রুবায়েত হাশমী।
জরিপের তথ্য অনুযায়ী, বর্তমান আয়কর ও মূসকের হার অনেক বেশি ও বেশি মনে করেন যথাক্রমে ২৬ ও ৪৩ শতাংশ করদাতা। একই সঙ্গে ২২ শতাংশ মনে করেন এই হার সঠিক আছে এবং ৯ শতাংশের মত আয়কর ও মূসকের হার কম।
জরিপের প্রতিবেদনটিতে বেশ কিছু সুপারিশ করা হয়। সেগুলো হচ্ছে প্রচলিত কর আইনের সংশোধন, কর ব্যবস্থাকে সহজ ও বিকেন্দ্রীকরণ, করের বিপরীতে নাগরিক সুবিধা নিশ্চিত, কর প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত, কর প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করে কালোটাকা তৈরির প্রবণতা বন্ধ করা ইত্যাদি।
সভায় মুক্ত আলোচনায় অংশ নেওয়া সুপ্রর বিভিন্ন জেলা প্রতিনিধিরা বলেন, যতক্ষণ পর্যন্ত জনগণ সরকারের কাছ থেকে সেবা পাবে না, ততক্ষণ তারা কর দিতে উৎসাহিত হবে না। ফলে আদায় করা করের টাকা সরকার কোথায়, কীভাবে ব্যয় করছে—সেই তথ্য প্রকাশ করা দরকার।
সুপ্রর প্রতিনিধিরা আরও বলেন, দরিদ্র মানুষ কর দিতে চায়। কিন্তু জটিলতার জন্য ভয় পায়। তবে অনেক ধনী আছে, যারা কর ফাঁকি দেয়। সে জন্য এনবিআরের কর্মকর্তাদের উচিত এদের খুঁজে বের করে করের আওতায় আনা এবং একই সঙ্গে সাধারণ মানুষকে উৎসাহিত ও সচেতন করা। এ ছাড়া কর ব্যবস্থাপনায় সহজীকরণ করার ওপরও জোর দেন তাঁরা।
অ্যাকশনএইডের এ দেশীয় পরিচালক ফারাহ কবির বলেন, ‘একসময় দেশের আইন বিশেষজ্ঞরা কর ফাঁকির কৌশল শেখাতেন। তবে অবস্থার পরিবর্তন হচ্ছে। আয়কর দেওয়ার প্রবণতা বাড়ছে, যদিও লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। এ জন্য বড় ঘাটতির জায়গা সচেতনতা বৃদ্ধি করতে হবে। নিজের দেশকে ভালোবাসতে হবে।’
ফারাহ কবির আরও বলেন, ‘পরোক্ষ করের ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে প্রত্যক্ষ কর আদায়ের ওপর জোর দিতে হবে। শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে। একই সঙ্গে বিদেশি কোম্পানিগুলোতে কর রেয়াত দেওয়া বন্ধ করতে হবে। এটি এখন বুঝতে হবে যে এসব প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত করারোপ করলে তারা দেশ ছেড়ে যাবে না।’
কালিপদ হালদার বলেন, ‘করের টাকা কোথায়, কীভাবে ব্যয় হচ্ছে, সেই প্রশ্ন করার অধিকার জনগণের আছে।’ তিনি আরও বলেন, একসময় সরকারের চাকরিজীবীদের বেতন-ভাতা বৈদেশিক সাহায্য দিয়ে মেটাতে হতো। এখন হচ্ছে না। কারণ, রাজস্ব বোর্ড কর আদায়ে সফলতা দেখিয়েছে। সীমাবদ্ধতা সত্ত্বেও এনবিআর চেষ্টার ত্রুটি করছে না বলে দাবি করেন তিনি।
সভায় আরও বক্তব্য দেন সুপ্রর সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান, পরিচালক এলিসন সুব্রত বাড়ৈই, অক্সফাম নভিবের ভারপ্রাপ্ত সহযোগী এ দেশীয় পরিচালক কনর মলয় প্রমুখ।