চার বছর আগে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) গঠিত হলেও গোটা বিমা খাত দেখভাল করতে সংস্থাটি এখনো প্রয়োজনীয় লোক নিয়োগ করতে পারছে না।
আইডিআরএ ১৯৫ জনবলকাঠামোর একটি প্রস্তাব অনুমোদনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল ২০১২ সালে। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় শুধু ৯৫ জনের কাঠামো অনুমোদন করে; যা তখনই মেনে নেয়নি আইডিআরএ।
পরে ২০১৪ সালের জুলাইয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সহযোগিতায় ১৯৫ জনের কাঠামোই অনুমোদন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু এবার কেটে দেয় খোদ অর্থ মন্ত্রণালয়। অথচ এ মন্ত্রণালয়েরই আওতাধীন সংস্থা আইডিআরএ।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ অনুযায়ী ২০১১ সালের জানুয়ারি থেকে একজন চেয়ারম্যান ও চারজন সদস্য নিয়ে যাত্রা শুরু করে আইডিআরএ। এটি রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা করপোরেশন ও জীবন বীমা করপোরেশনসহ ৭৭টি বেসরকারি বিমা কোম্পানির নিয়ন্ত্রক সংস্থা।
কিন্তু যথাসময়ে জনবলকাঠামো অনুমোদিত না হওয়ায় অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগ দিয়ে কাজ চালিয়ে আসছে সংস্থাটি।
বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন জনবলকাঠামো অনুমোদন করতে সরকারের এত সময় নেওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেন।
গত ফেব্রুয়ারিতে অর্থ বিভাগ এই অনুমোদন দেয় ঠিকই, কিন্তু মোট জনবলকাঠামো নামিয়ে নিয়ে আসে ১৫৫ জনে। এর মধ্যে ৫০ জনই হলেন অপারেটর, সহকারী, গাড়িচালক, অফিস সহকারী, ইলেকট্রিশিয়ান ও পরিচ্ছন্নতাকর্মী।
আইডিআরএর জনবলকাঠামো অনুমোদন প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে জানতে চাইলে গত ৩ জুন প্রথম আলোকে পাল্টা প্রশ্ন করেন তিনি। মন্ত্রী জানতে চান, ‘আইডিআরএ এখন কতজন নিয়ে কাজ করছে?’
৪০-৫০ জনের কথা জানালে অর্থমন্ত্রী বলেন, ‘৪০-৫০ জনের জায়গায় ১৫৫ জন পাচ্ছে। এটা নিয়েই তাদের শুরু করা উচিত। বাকিটা পরে দেখা যাবে।’
জনপ্রশাসন মন্ত্রণালয় অনুমোদিত জনবলকাঠামোর মধ্যে রয়েছে চেয়ারম্যান ১, সদস্য ৪, নির্বাহী পরিচালক ৪, পরিচালক ৭, অতিরিক্ত পরিচালক ১০, উপপরিচালক ১৪, সহকারী পরিচালক ৩০ এবং কর্মকর্তা ৪০ জন।
এ ছাড়া রয়েছে প্রোগ্রামার ১, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর ১, চেয়ারম্যানের একান্ত সচিব ১, প্রোগ্রাম অপারেটর ৫, কম্পিউটার অপারেটর ১০, চেয়ারম্যান ও সদস্যদের সহকারী ৯, ডেটা এন্ট্রি অপারেটর ২৫, ড্রাইভার ১৫, এমএলএসএস ২০, ক্লিনার ২ এবং ইলেকট্রিশিয়ানের ১টি পদ।
অর্থ বিভাগ উপপরিচালকের সংখ্যা ১৪ থেকে কমিয়ে ১০, সহকারী পরিচালক ৩০ থেকে ২০, কর্মকর্তা ৪০ থেকে ৩০ এবং ডেটা এন্ট্রি অপারেটর ২৫ থেকে ২০ জনে নামিয়ে আনে। অথচ এ ধরনের পদের লোকেরাই হলেন কোনো সংস্থার মূল কাজের লোক। এ ছাড়া চেয়ারম্যান ও সদস্যদের সহকারী ৯ থেকে ৫ এবং ড্রাইভার ১৫ থেকে ১০ জনে কমিয়ে আনে অর্থ বিভাগ।
অর্থ বিভাগ থেকে লোক কমানোর মধ্যে অন্য অসংগতির চিত্রও রয়েছে। আইনানুযায়ী চেয়ারম্যান, সদস্য ও নির্বাহী পরিচালকেরা গাড়ি-সুবিধা ভোগ করবেন। কিন্তু অর্থ বিভাগ নির্বাহী পরিচালকদের এখনই গাড়ি দিতে রাজি নয়। আবার ১০ জন চালক নিয়োগের অনুমোদন দিলেও গাড়ি অনুমোদন করেছে ৬টি।
এই পরিপ্রেক্ষিতে কী করছে আইডিআরএ—জানতে চাইলে সংস্থাটির চেয়ারম্যান এম শেফাক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের যতজন লোক দরকার, ততজনই চেয়েছিলাম। গত ১০ মে মন্ত্রণালয়কে আবারও অনুরোধ করেছি, ১৯৫ জনের কাঠামোই যেন বহাল রাখা হয়।’
গতকাল বুধবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা যায়, ১৫৫ জনের কাঠামো নিয়েই এখন কাজ চলছে।