জনগণের আমানত ঝুঁকিতে
ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী পাস হওয়ার আগে বিশেষজ্ঞ কমিটির পরামর্শ নিতে সরকারকে আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। পাশাপাশি ডিজিটাল হুন্ডি রোধে কার্যকর ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে সংস্থাটি। বাংলাদেশ ব্যাংকের মতামত উপেক্ষা করে তিনটি দেশীয় প্রতিষ্ঠানকে বিদেশে বিনিয়োগের সুযোগ দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি বলছে, ব্যাংকিং খাতে ক্ষমতার অপব্যবহার ও যোগসাজশের মাধ্যমে অনিয়ন্ত্রিত ঋণখেলাপি, জালিয়াতি ও দুর্নীতির কারণে জনগণের আমানতের অর্থ ব্যাপক ঝুঁকির সম্মুখীন।
আর্থিক খাতের একাধিক সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি বলেছে, বাংলাদেশের ব্যাংকিং ও আর্থিক খাতে ক্ষমতার অপব্যবহার ও যোগসাজশের মাধ্যমে সুশাসনের অবক্ষয় হচ্ছে। লাগামহীন জালিয়াতি এবং ক্রমবর্ধমান অবৈধ অর্থ পাচারের পরিপ্রেক্ষিতে এ খাতের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে টিআইবি উদ্বিগ্ন।
বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সম্প্রতি দেশ থেকে উদ্বেগজনক হারে অর্থ পাচারের তথ্য উদ্ঘাটিত হওয়ার পটভূমিতে বাংলাদেশ ব্যাংকের পরামর্শ উপেক্ষা করে ব্যক্তি খাতের তিনটি প্রতিষ্ঠানকে বিদেশে বিনিয়োগের সুযোগ প্রদানে ব্যাংকিং বিভাগের অতি আগ্রহে টিআইবি গভীরভাবে উদ্বিগ্ন। পাশাপাশি ক্রমবিকাশমান মোবাইল ব্যাংকিংয়ের অপব্যবহার করে ডিজিটাল হুন্ডির কারণে প্রবাসী আয় বাবদ বৈদেশিক মুদ্রার প্রবাহ উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়া রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা এবং সম্প্রতি কোম্পানি আইন সংশোধন করে বেসরকারি ব্যাংকিং খাতে পরিবারতন্ত্র প্রতিষ্ঠায় সরকারের উদ্যোগের পটভূমিতে ব্যাংকিং ও আর্থিক খাতের সম্পূর্ণভাবে অনিয়ন্ত্রিত, জবাবদিহিহীন ও অভিভাবকশূন্য হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে।
বিবৃতিতে ইফতেখারুজ্জামান বলেন, ব্যাংকিং খাতের সুশাসনের অবক্ষয়ের জন্য দায়ী বিশেষ মহলের কাছে সরকারের দৃশ্যমান জিম্মি অবস্থা অর্থনীতির জন্য অশনিসংকেত।
টিআইবি মনে করে, বাংলাদেশি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান কর্তৃক বিদেশে বিনিয়োগের প্রস্তাব স্বল্পমেয়াদে যতই আকর্ষণীয় হোক না কেন, প্রয়োজনীয় আইনি ও নীতিকাঠামো এবং পরিবীক্ষণ ব্যবস্থার অনুপস্থিতিতে অস্থায়ী ভিত্তিতে এমন সুযোগ সৃষ্টি করার ফলে বিদেশে অবৈধ অর্থ পাচার আরও বিকশিত হওয়ার ঝুঁকি সৃষ্টি করতে পারে। অন্যদিকে বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রস্তাবিত সংস্কারের মাধ্যমে এ খাতে পরিবারতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ না করে এরূপ আইনি সংশোধন অদূরদর্শিতার নামান্তর। টিআইবি এ-সংক্রান্ত সিদ্ধান্ত কার্যকর করার আগে প্রস্তাবিত বিশেষজ্ঞ কমিটির পরামর্শ সাপেক্ষে অগ্রসর হওয়ার আহ্বান জানায়। একই সঙ্গে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সমন্বিত প্রয়াস এবং অর্থ পাচারের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের আইনানুগ শাস্তি নিশ্চিতের দাবি জানায় টিআইবি।