বর্তমান বাজেট প্রণয়নের প্রক্রিয়া অংশীদারিত্বমূলক নয়। লোক দেখানো কিছু প্রাক-বাজেট আলোচনা হয় এখন। কিন্তু বাজেটে এসব আলোচনার প্রতিফলন থাকে না।গতকাল বৃহস্পতিবার ‘বাংলাদেশের বাজেট প্রণয়নে জনগণের অংশগ্রহণ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন। তাঁরা জনগণের চাহিদার প্রতিফলন ঘটিয়ে অংশীদারিত্বমূলক বাজেট প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছেন।‘স্ট্রেনদেনিং পাবলিক এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট প্রোগ্রাম (এসপিইএমপি) কমিউনিকেশন্স প্রজেক্ট মহাখালীর ব্র্যাক সেন্টারে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা আকবর আলি খান। এতে বক্তব্য দেন ইউনির্ভাসিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের শিক্ষক আবদুল হাকিম, বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সিনিয়র অর্থনীতিবিদ জাহিদ হোসেন, সিনিয়র সুশাসন বিশ্লেষক জুং হাং চু, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান, চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ। বৈঠকে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুর এলাহী।আকবর আলি খান বলেন, বাংলাদেশে বাজেট প্রণয়নে ও পাসে সাংসদদের খুব একটা ভূমিকা নেই। প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা করতে গিয়ে সাংসদেরা অপ্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করেন। তিনি বলেন, ‘বাজেট আলোচনায় সরকারি দলের সাংসদেরা প্রশংসাসূচক বক্তব্য দেন। আর বিরোধী দলের সদস্যরা গালিগালাজ করেন। বাজেটের ওপর আলোচনা করতে তাঁরা আগ্রহী হন না।’আকবর আলি খান সংবিধান পরিবর্তন কিংবা নতুন কোনো আইন না করেই শুধু সংসদীয় স্থায়ী কমিটির কার্যপ্রণালী বিধি সংশোধন করে অংশীদারিত্বমূলক বাজেট প্রণয়ন করা সম্ভব বলে অভিমত দেন। তিনি জানান, কার্যপ্রণালী বিধি সংশোধন করে স্থায়ী কমিটিগুলো জনশুনানির ব্যবস্থা করতে পারে। সেই শুনানিতে সুশীল সমাজের মতের প্রতিফলন ঘটতে পারে। মতামতগুলো অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করে তা বাজেটে সন্নিবেশিত করার সুপারিশ করতে পারে।আকবর আলি খান আরও বলেন, বর্তমানে অর্থমন্ত্রীর চিন্তাভাবনাপ্রসূত একটি বাজেট দেওয়া হয়। সেখানে জনগণ কিংবা জনপ্রতিনিধিদের অংশগ্রহণ থাকে না। বর্তমান প্রেক্ষাপটে বাজেট প্রণয়নের প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণের আগে সাংসদেরাই অংশগ্রহণ করুক।বদিউল আলম মজুমদার বলেন, প্রতিনিধিত্বমূলকের চেয়ে অংশগ্রহণমূলক বাজেটই অনেক বেশি কার্যকর। কেননা, সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা এখন তদবির ও বিদেশভ্রমণ নিয়ে বেশি ব্যস্ত। তিনি জানান, তৃণমূল পর্যায়ের জনগণের চাহিদাকে প্রাধান্য দিতে হলে তাদের সঙ্গেই প্রাক-বাজেট আলোচনা করা উচিত।মঞ্জুর এলাহী বলেন, বাজেট প্রণয়নব্যবস্থা অবশ্যই বিকেন্দ্রীকরণ করা উচিত। তৃণমূল পর্যায়ের সুপারিশ মূল বাজেটে সন্নিবেশিত করার প্রস্তাব আসছে, কিন্তু এর কৌশল কী হবে, সেটিও বের করতে হবে।আবদুল হাকিম বাজেটকে দুই ভাগে ভাগ করার সুপারিশ করেন। তিনি বলেন, শুল্ক ও করসংক্রান্ত বাজেটকে উন্নয়ন বাজেট থেকে আলাদা করা উচিত। উন্নয়ন বাজেট নিয়ে জনগণের সঙ্গে বেশি আলোচনা করা উচিত।শাইখ সিরাজ বলেন, বাজেট প্রণয়নের প্রক্রিয়ায় প্রান্তিক জনগোষ্ঠীর কোনো ভূমিকাই নেই। তাঁদের সম্পৃক্ত করতে না পারলে বাজেটের সুফল পাওয়া যাবে না। তিনি সংসদে আলাদাভাবে কৃষি বাজেট উপস্থাপনের সুপারিশ করেন।আনিস এ খান বলেন, এ দেশে প্রকল্প ব্যবস্থাপনা খুবই দুর্বল। প্রতিবছর উন্নয়ন প্রকল্পের বিপুল অর্থ খরচ করা সম্ভব হয় না। তিনি আরও বলেন, বাজেট প্রণয়ন ও পাসের প্রক্রিয়ায় বিরোধী দলের কোনো ভূমিকাই নেই। তাঁদের সম্পৃক্ত করা দরকার। তিনি অংশদারিত্বমূলক বাজেট প্রণয়নে গণমাধ্যমকে কাজে লাগানোর পরামর্শ দেন।জাহিদ হোসেন বলেন, বাজেট প্রণয়ন ও বাস্তবায়নের প্রক্রিয়ায় স্থানীয় সরকারের জোরালো অংশগ্রহণ থাকা দরকার। এ প্রসঙ্গে উদাহরণ দিয়ে তিনি জানান, দেশে প্রায় সাত হাজার কমিউনিটি ক্লিনিক নির্মাণে স্থানীয় সরকারকে সম্পৃক্ত করা হয়েছে।