সরকারি ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোতে বছরে ১০ হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে। জনগণের অর্থ ব্যয় করে উপকৃত হচ্ছেন কারা, কাদের জন্য এ অর্থ ব্যয় করা হচ্ছে—এটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। খুলনা পাটকল বাঁচাতে কোনো জবাবদিহি ছাড়াই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এটা কী ধরনের গণতান্ত্রিক আচরণ।
পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর আজ সোমবার এক আলোচনায় এসব কথা বলেন। পিআরআইয়ের উদ্যোগে আজ ‘জাতীয় বাজেট ২০১৬-১৭: শেষ মুহূর্তের ভাবনা’ শীর্ষক এক আলোচনায় বিভিন্ন মতামত তুলে ধরেন বিশেষজ্ঞরা। পিআরআই সম্মেলনকক্ষে আয়োজিত এ অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান সাদিক আহমেদ।
আলোচনার সূত্রপাত করে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ভাইস চেয়ারম্যান সাদিক আহমেদ বলেন, সরকারি খাতের প্রতিষ্ঠানগুলো থেকে মুনাফা আসা প্রয়োজন। এসব প্রতিষ্ঠান লোকসান দেবে, তা কোনোভাবেই আশা করা যায় না।
এর সূত্র ধরে ইনস্টিটিউট অব ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মুস্তফা কে মুজেরি বলেন, ঐতিহাসিক প্রয়োজনে ব্যাংক প্রতিষ্ঠার প্রয়োজন ছিল। এখন এসব প্রতিষ্ঠান সরকারি খাতে রাখার কোনো সামাজিক বা অর্থনৈতিক ভূমিকা আছে কি না, তা বিবেচনা করা প্রয়োজন। একটি ব্যাংক রেখে বাকিগুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সময় এসেছে।
সাবেক সচিব সোহেল চৌধুরী বলেন, কোনো ব্যাংক সরকারি খাতে রাখার প্রয়োজন নেই। সরকারি কাজের জন্য কোনো ব্যাংকের অধীনে একটি শাখা খোলা যেতে পারে। তাহলেই এসব প্রতিষ্ঠান মুনাফায় ফিরতে পারবে।