জনতা ও কর্মসংস্থান ব্যাংকে নতুন এমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দিতে বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) এমডি আবদুস সালামকে মনোনীত করেছে সরকার।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল বুধবার জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দিয়েছে।
সোনালী, জনতা, অগ্রণী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) শতভাগ শেয়ারের মালিক সরকার। এগুলোতে এমডি নিয়োগের জন্য গত ১১ আগস্ট একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, বাছাই (সার্চ) কমিটির মাধ্যমে প্রতিটি ব্যাংকের পর্ষদ তিনজন ব্যক্তির নাম মন্ত্রণালয়ে পাঠাবে। সেখান থেকে একজনকে মনোনীত করে ব্যাংকের চেয়ারম্যানকে জানিয়ে দেবে মন্ত্রণালয়।
তিন সদস্যের বাছাই কমিটি গঠনের জন্য গত ১৪ আগস্ট আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়, যার আহ্বায়ক ব্যাংকের চেয়ারম্যান। অন্য দুই সদস্য হলেন চেয়ারম্যান মনোনীত ব্যাংকের একজন পরিচালক এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কমপক্ষে যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা।
উভয় প্রজ্ঞাপন অনুসরণ করেই অর্থ মন্ত্রণালয় গতকাল জনতা ব্যাংকের পর্ষদকে চিঠি পাঠিয়েছে বলে প্রথম আলোকে জানান ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম।
নিয়ম অনুযায়ী পর্ষদ এখন আবদুস সালামকে জনতা ব্যাংকের এমডি নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি চাইবে। অনাপত্তি পাওয়া গেলে ব্যাংকের পর্ষদ এমডি নিয়োগ দেবে।
জানা গেছে, কোম্পানি হওয়া সত্ত্বেও আগে চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিয়ে সরাসরি প্রজ্ঞাপন জারি করত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সে জায়গা থেকে সরকার কিছুটা সরে এসেছে।
এদিকে অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) উবায়েদ উল্লাহ আল মাসুদকে কর্মসংস্থান ব্যাংকের এমডি পদে নিয়োগ দিয়েছে সরকার। তাঁকে পদোন্নতি দিয়ে এ বিষয়ে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তিনি কর্মসংস্থান ব্যাংকের এমডি খন্দকার মো. ইকবালের স্থলাভিষিক্ত হবেন। সম্প্রতি মো. ইকবালকে কর্মসংস্থান ব্যাংক থেকে সরিয়ে বেসিক ব্যাংকের এমডি করা হয়।