জনতা ব্যাংকে খেলাপি ঋণ আদায় ভালো না হওয়ায় অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনতা ব্যাংকের খেলাপি ঋণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। তবে ব্যাংক ব্যাখ্যা দিয়েছে, নতুন করে হল-মার্ক ঋণখেলাপি হয়ে পড়ায় তা পরিমাণে বেড়ে গেছে।এ ছাড়া নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী লোকসানি শাখা কমাতে না পারা, ঝুঁকি ব্যবস্থাপনায় অদক্ষতা, রাজনৈতিক বিবেচনায় গৃহনির্মাণ খাতে ঋণ দেওয়ায় কয়েকটি ঋণের সমালোচনা করা হয়েছে।বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারকের অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত বৈঠকে গতকাল রোববার এসব আলোচনা হয়।রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের পরিচালন ব্যয়, মূলধনের পর্যাপ্ততা, খেলাপি ঋণ আদায়, ঝুঁকি ব্যবস্থ্থাপনা, লোকসানি শাখা কমানোসহ সার্বিক উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে প্রতিবছর সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। প্রতি তিন মাসে এর অগ্রগতি পর্যালোচনাও করে বাংলাদেশ ব্যাংক।সর্বশেষ গতকাল জনতা ব্যাংকের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে ৩ জানুয়ারি সোনালী ব্যাংকের সঙ্গে বৈঠক হয়েছে। এ ছাড়া আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার যথাক্রমে অগ্রণী ও রূপালী ব্যাংকের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর আতিউর রহমান গতকালের বৈঠকে সভাপতিত্ব করেন। জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম আমিনুর রহমানসহ বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।সূত্র জানায়, কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুসারে খেলাপি ঋণ কমাতে না পারায় বৈঠকে অসন্তোষ প্রকাশ করা হয়। সেপ্টেম্বর শেষে জনতা ব্যাংকের মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে দুই হাজার ৩৯৯ কোটি টাকা, যা মোট ঋণের ৯ শতাংশ। এর আগে জুন শেষে তাদের খেলাপি ঋণ ছিল এক হাজার ৬৪১ কোটি টাকা, যা ওই সময়ের মোট ঋণের ৬ দশমিক ১৪ শতাংশ।এ ছাড়া এ সময়ে ব্যাংকটির লক্ষ্যমাত্রা অনুসারে শীর্ষ ২০ খেলাপির কাছ থেকে ঋণ আদায় করতে পারেনি। অন্যদিকে লোকসানি শাখা আশানুরূপ হারে না কমে আসা এবং ঝুঁকি বিবেচনা ছাড়াই গৃহনির্মাণসহ বেশ কিছু খাতে ঋণ দেওয়ায় বাংলাদেশ ব্যাংক অসন্তুষ্ট বলে জানা যায়।