জনতা ব্যাংকের দুই গ্রাহকের অর্থ আত্মসাতের দায়ে ব্যাংকটির ঢাকার স্থানীয় কার্যালয়ের কর্মকর্তা রাজীবুল হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
ব্যাংকের স্থানীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আলী আশরাফ সিদ্দিকী বাদী হয়ে ঢাকার মতিঝিল থানায় মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়, রাজীবুল হাসান গত বছরের ১৩ অক্টোবর থেকে এ বছরের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংকের দুজন গ্রাহকের স্থায়ী আমানতের (ফিক্সড ডিপোজিট) ২ কোটি ৯৩ লাখ ৭৭ হাজার ৮০ টাকা আত্মসাতের ঘটনা ঘটান। ব্যাংক হিসাবের পরিবর্তে গ্রাহকের ওই অর্থ ধাপে ধাপে নিজের হিসাবে জমা করেন রাজীবুল হাসান। পরে ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষায় বিষয়টি ধরা পড়ে।
ব্যাংকের পক্ষ থেকে ওই কর্মকর্তার কাছ থেকে অর্থ ফেরতের উদ্যোগ নেওয়া হয়। এরই মধ্যে আত্মসাৎ করা অর্থের মধ্য থেকে প্রায় ১ কোটি ৫৯ লাখ টাকা উদ্ধার হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম বলেন, অর্থ আত্মসাতের ঘটনায় গ্রাহকের কোনো ক্ষতি হবে না। এরই মধ্যে আত্মসাৎ করা অর্থের বড় অংশ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
জনতা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আত্মসাৎ করা অর্থের যে অংশটি উদ্ধার করা যায়নি সেটি উদ্ধারে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তার কাছ থেকে আগাম চেক ও তাঁর স্ত্রীর নামে কেনা রাজধানীর রায়ের বাজারের একটি ফ্ল্যাটের মূল দলিল ব্যাংকের জিম্মায় নেওয়া হয়েছে। এ ছাড়া অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে অঙ্গীকারনামাও নেওয়া হয় বলে জানিয়েছে জনতা ব্যাংক কর্তৃপক্ষ।
এর পাশাপাশি ব্যাংকটিতে আরও কোনো অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে কি না, তা তদারকি বিভাগ ও অভ্যন্তরীণ নিরীক্ষার মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান কর্তৃপক্ষ।