জনতা ব্যাংকের খেলাপি ঋণ দুই বছরে বেড়েছে তিন গুণ
পাঁচ বছর আগেও রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে ভালো অবস্থায় ছিল জনতা ব্যাংক। ভালো করপোরেট গ্রুপের ঋণ, রপ্তানি আয় ও কর্মকর্তাদের দক্ষতা—এসব কারণে জনতাকেই অনুসরণের চেষ্টা করত অন্য ব্যাংকগুলো। অল্প সময়ের ব্যবধানে পরিস্থিতি এখন পুরোই উল্টো। রাষ্ট্র খাতের ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় পড়েছে জনতা ব্যাংক।
অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক—উভয়েই এখন চিন্তিত এ ব্যাংক নিয়ে। গত দুই বছরেই ব্যাংকটির খেলাপি ঋণ বেড়েছে প্রায় তিন গুণ। ২০১৬ সালের সেপ্টেম্বরে জনতা ব্যাংকের খেলাপি ঋণ ছিল ৪ হাজার ৯৮৫ কোটি টাকা। গত সেপ্টেম্বরে তা বেড়ে হয়েছে ১৪ হাজার ৩৭৬ কোটি টাকা।
জনতা ব্যাংক সূত্র জানায়, পুরোনো খেলাপিদের পাশাপাশি নতুন করে অ্যাননটেক্স ও ক্রিসেন্ট গ্রুপের ঋণও খেলাপি হয়ে পড়েছে। এ দুটি গ্রুপের কাছে ব্যাংকের পাওনা প্রায় ১০ হাজার কোটি টাকা। এ নিয়ে বেকায়দায় পড়েছে ব্যাংকটি।
এদিকে ব্যাংক খাতের যে শীর্ষ ১০০ ঋণ খেলাপি, তার এক-চতুর্থাংশই জনতা ব্যাংকের। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত সেপ্টেম্বরে জাতীয় সংসদে খেলাপিদের এ তালিকা প্রকাশ করেছিলেন। ব্যাংকটির এমন দুরবস্থা নিয়ে চলতি মাসের শুরুতে কথা হয় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আবদুছ ছালাম আজাদের সঙ্গে। তিনি প্রথম আলোর কাছে দাবি করেন, খেলাপি ঋণের অনেকগুলো আগেই ছিল। সেসব ঋণ আদায়ের সর্বাত্মক চেষ্টা চলছে। বছর শেষে ভালো কিছু হবে।
সূত্র জানায়, দেশে যত ব্যাংক আছে, তার মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ এখন জনতার। এর মধ্যে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংকের খেলাপি ঋণ গত সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ১২ হাজার ৭৭৭ কোটি টাকা, অগ্রণীর ৫ হাজার ৯৬২ কোটি টাকা, রূপালীর ৪ হাজার ৯৭০ কোটি টাকা ও বেসিক ব্যাংকের ৯ হাজার ১৪৩ কোটি টাকায়। সেখানে জনতা ব্যাংকের খেলাপি ঋণ ১৪ হাজার ৩৭৬ কোটি টাকা।
জনতা ব্যাংক সূত্র জানায়, দেশের শীর্ষ ১০০ ঋণখেলাপির মধ্যে জনতা ব্যাংকের গ্রাহকেরা হলো কোয়ান্টাম পাওয়ার সিস্টেম, রেমিক্স ফুটওয়্যার, রুবাইয়া ভেজিটেবল ইন্ডাস্ট্রিজ, ক্রিসেন্ট লেদার প্রোডাক্ট, চৌধুরী নিটওয়্যার, আলফা কম্পোজিট টাওয়েলস, মুন্নু ফেব্রিকস, সিক্স সিজন অ্যাপার্টমেন্ট, রহমান স্পিনিং মিলস, নর্দার্ন পাওয়ার সলিউশন, ওয়ান ডেনিম মিলস, হিন্দোল ওয়ালী ট্রেডিং, গ্লোব মেটাল কমপ্লেক্স, অ্যাপেক্স নিট কম্পোজিট, আলী পেপার মিলস, ড্রেজ বাংলা লিমিটেড, গ্যালাক্সি সোয়েটার অ্যান্ড ডায়িং, রেপকো ফার্মাসিউটিক্যালস ও ফাইবার শাইন লিমিটেড। এর মধ্যে নর্দার্ন পাওয়ার সলিউশনের কর্ণধার আওয়ামী লীগের সাংসদ এনামুল হক। গত নভেম্বরে এ ঋণ পুনঃ তফসিল করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অ্যাননটেক্স গ্রুপের প্রায় ছয় হাজার কোটি টাকা ঋণের সুবিধাভোগী প্রতিষ্ঠানটির কর্ণধার ইউনুছ বাদল একাই। অ্যাননটেক্সের বিভিন্ন কোম্পানির নামে বিভিন্ন সময়ে কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র খোলা হলেও টাকা পরিশোধ করা হয়নি। প্রতিষ্ঠানগুলোর পক্ষে ব্যাংক নিজেই বাধ্য হয়ে বিদেশি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে অর্থ শোধ করে দিয়েছে। পরে গ্রাহক তা পরিশোধ করেনি। এসব দায়ের বিপরীতে ফোর্সড ঋণ তৈরি করেছে ব্যাংক।
আর ক্রিসেন্ট গ্রুপ সব মিলিয়ে সরকারি তহবিল ও ব্যাংক থেকে পাঁচ হাজার কোটি টাকার বেশি আর্থিক সুবিধা নিয়েছে। প্রতিষ্ঠানটি চামড়ার ভুয়া রপ্তানি বিল তৈরি করে সরকার থেকে নগদ রপ্তানি-সুবিধা নিয়েছে, আবার রপ্তানি করেও দেশে টাকা ফেরত আনছে না। রাজধানীসহ বিভিন্ন শহরে ক্রিসেন্টের পাদুকা বিক্রির দোকান রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারকাত চেয়ারম্যান থাকার সময় জনতা ব্যাংক এসব ঋণ দেয়। ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর থেকে পাঁচ বছর জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তিনি। ২০০৮ সালের ১ জানুয়ারি থেকে ২০১৪ সালের ২৭ জুলাই পর্যন্ত এমডি ছিলেন এস এম আমিনুর রহমান। তাঁদের সময়েই এসব অর্থায়ন হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ এ নিয়ে বলেন, নতুন সরকারের প্রধান দায়িত্ব হবে ব্যাংকগুলোতে সংস্কার চালানো। কারণ, সাধারণ মানুষের আমানতে চলে এসব ব্যাংক। মানুষের আস্থায় সংকট হলে বড় বিপর্যয় হবে।