জনতা ব্যাংকের খেলাপি ঋণ ৬ মাসে দ্বিগুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংকের খেলাপি ঋণ ছয় মাসে বেড়ে দ্বিগুণ হয়েছে। গত ডিসেম্বরে জনতা ব্যাংকের খেলাপি ঋণ ছিল ২ হাজার ৮২৯ কোটি টাকা। জুনে তা বেড়ে হয়েছে ৫ হাজার ৮৯১ কোটি টাকা। বিশেষ বিবেচনায় পুনঃ তফসিল করা ঋণ খেলাপি হয়ে পড়ায় খেলাপি ঋণ বেড়েছে ব্যাংকটির। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক থেকে কয়েকটি প্রতিষ্ঠানের ঋণকে শ্রেণিকৃত করায় খেলাপি ঋণ বেড়েছে।
এ বিষয়ে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, কয়েকটি খাতে খেলাপি ঋণ বেড়েছে। এর বেশি কিছু বলতে চাননি তিনি।
তবে ব্যাংকটির জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, ডিসেম্বরের আগে যেসব ঋণ বিশেষ ছাড়ে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে পুনঃ তফসিল করা হয়েছিল, তা আবারও খেলাপি হতে শুরু করেছে। গ্রাহকদের চাপে এসব ঋণ পুনঃ তফসিল করা হয়েছিল, কিন্তু তারাই এখন কিস্তি শোধ করতে পারছে না। এর মধ্যে অনিয়ম বিবেচনায় কিছু ঋণ খেলাপি করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক নিজেই। ফলে সার্বিকভাবে ব্যাংকটির খেলাপি ঋণ বেড়ে গেছে।
এদিকে গত জুন শেষে সরকারি-বেসরকারি খাতের সাতটি ব্যাংক প্রভিশন সংরক্ষণে ব্যর্থ হয়েছে। সার্বিকভাবে জুন শেষে পুরো ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ৪ হাজার ৪৪৬ কোটি টাকা। ঋণের মান অনুযায়ী ব্যাংকগুলোকে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণ করতে হয়। তবে মাঝেমধ্যেই ব্যাংকগুলো চাহিদা অনুযায়ী প্রভিশন সংরক্ষণ করতে ব্যর্থ হচ্ছে। এতেই ইঙ্গিত মিলছে ব্যাংকগুলোর আর্থিক দুরবস্থার। জানুয়ারি-জুন সময়ে ব্যাংক খাতের খেলাপি ঋণ বেড়েছে ১১ হাজার ৯৯৪ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকের ঝুঁকি বিবেচনা করে নির্দিষ্ট হারে প্রভিশন বা ঋণের বিপরীতে সঞ্চিতি রাখতে হয়। ঋণের মান বিবেচনায় নিয়ে ২০০৬ সালের ৫ জুন থেকে প্রভিশন সংরক্ষণের নির্দিষ্ট হার বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। আর ২০১২ সালের ডিসেম্বর থেকে নতুন ঋণ নীতিমালার ফলে প্রভিশন সংরক্ষণেও নতুন নিয়ম চালু হয়েছে।
জানা গেছে, জুন শেষে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংকের প্রভিশন ঘাটতি হয়েছে ১ হাজার ৯২ কোটি টাকা। এ ছাড়া বেসিক ব্যাংক ৩ হাজার ৬৫১ কোটি টাকা ও রূপালী ব্যাংক ৭৭৫ কোটি টাকা প্রভিশন সংরক্ষণে ব্যর্থ হয়েছে। একইভাবে বেসরকারি খাতের বাংলাদেশ কমার্স ব্যাংক ২৪৭ কোটি টাকা, ন্যাশনাল ব্যাংক ৮৯ কোটি টাকা ও প্রিমিয়ার ব্যাংকও ১৮০ কোটি টাকা প্রভিশন সংরক্ষণে ব্যর্থ হয়েছে এ সময়ে।
বেসিক ব্যাংকের চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ প্রথম আলোকে বলেন, মন্দ কিছু ঋণ নিয়মিত করা হয়েছিল। এসব ঋণ আবারও খেলাপি হয়ে পড়েছে। ফলে চাহিদা অনুযায়ী প্রভিশন সংরক্ষণ করা যায়নি।
বাংলাদেশ কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেক মো. সোহেল বলেন, ব্যাংকের কয়েকজন গ্রাহক খেলাপি হয়ে পড়ায় চাহিদা অনুযায়ী সঞ্চিতি সংরক্ষণ করা যায়নি। এসব অর্থ আদায়ে ব্যাংকের পাশাপাশি আইনি চেষ্টাও নেওয়া হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, জুন শেষে পুরো ব্যাংক খাতের প্রভিশন সংরক্ষণের প্রয়োজন পড়েছে ৩৬ হাজার ১৮০ কোটি টাকা। ব্যাংকগুলো সংরক্ষণ করতে পেরেছে ৩১ হাজার ৭৩৪ কোটি টাকা। ফলে সব মিলিয়ে পুরো ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ৪ হাজার ৪৪৬ কোটি টাকা।
সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ডিসেম্বরের আগে পুনঃ তফসিল করা ঋণ আবার খেলাপি হয়ে পড়েছে। ফলে এসব ঋণের বিপরীতে সঞ্চিতিও সংরক্ষণের প্রয়োজন পড়েছে। খেলাপির পরিমাণ বেশি হওয়ায় পুরো সঞ্চিতি সংরক্ষণ করা যায়নি।
প্রাপ্ত তথ্যমতে, বাংলাদেশের ব্যাংক খাতে গত জুন শেষে খেলাপি ঋণ ছিল ৬৩ হাজার ৩৬৫ কোটি টাকা। জানুয়ারি-জুন সময়েই খেলাপি ঋণ বেড়েছে ১১ হাজার ৯৯৪ কোটি টাকা। সরকারি, বিদেশি ও বিশেষায়িত ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বাড়লেও কমেছে বেসরকারি ব্যাংকগুলোতে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, ব্যাংকগুলো কেন সঞ্চিতি ধরে রাখতে পারল না, সংশ্লিষ্ট বিভাগ তা জানতে চাইবে। এরপর নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।