জনতা ব্যাংকের দুই শাখার ৪০০ কোটি টাকা আত্মসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে আমদানি ঋণকে রপ্তানি ঋণে রূপান্তর এবং নিয়মবহির্ভূতভাবে পুনঃ তফসিল করার মাধ্যমে রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংকের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ের (সিএজি) এক প্রতিবেদনে ওই অর্থ আত্মসাতের চিত্র তুলে ধরার পর বিষয়টি নিয়ে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সিএজির প্রতিবেদনে বলা হয়, রাজধানীর মতিঝিলে অবস্থিত জনতা ব্যাংকের করপোরেট শাখা ও বৈদেশিক বাণিজ্য শাখা থেকে ঋণের নামে ৪০০ কোটি টাকা আত্মসাৎ করে ২৪টি ব্যবসায়িক প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানগুলো ২০০৬ সালে কাঁচামালসহ অন্যান্য পণ্য আমদানির নামে ব্যাংকের ওই দুটি শাখা থেকে ঋণ নেয়।
দুদক সূত্র জানিয়েছে, অভিযোগটির বিষয়ে এরই মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দালিলিক প্রমাণ পেয়েছে সংস্থাটি। এ মাসের শেষ দিকে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব করা হবে।
সূত্র আরও জানায়, সিএজি থেকে নিরীক্ষা প্রতিবেদনটি বেশ কিছুদিন আগে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রতিবেদনে বলা হয়, ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ২৪টি ব্যবসায়িক প্রতিষ্ঠান পরস্পর যোগসাজশে ওই পরিমাণ অর্থ আত্মসাৎ করে। ঋণ নেওয়ার নয় বছরেও পরিশোধ না করায় ব্যাংকিং নীতিমালায় ঋণের ওই অর্থ আত্মসাৎ হিসেবে চিহ্নিত। নিরীক্ষা প্রতিবেদনে ব্যাংকের ২৪ জন গ্রাহককে এ ঘটনার জন্য দায়ী বলে চিহ্নিত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ে পাঠানো প্রতিবেদনে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় সিএজি থেকে। সিএজি কার্যালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো নিরীক্ষা প্রতিবেদনটিই অভিযোগ আকারে দুদকে পাঠানো হয়।
অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানগুলো ব্যাংকের দুটি শাখায় আমদানি ঋণপত্র (এলসি) খুলে ১৫ শতাংশ সুদে ঋণ নিয়েছিল। পরে ঋণের সুদের হার কমানোর ব্যাংকটির দায়িত্বশীল কর্মকর্তাদের যোগসাজশে আমদানি ঋণকে রপ্তানি ঋণে রূপান্তর করা হয়। ওই সময় রপ্তানি ঋণের সুদের হার ছিল ৮ শতাংশ। এরপরও ঋণের বিপরীতে সুদ বা আসল কোনো টাকাই পরিশোধ করা হয়নি। একপর্যায়ে ঋণের ৪০০ কোটি টাকা খেলাপি হয়ে যায়। খেলাপি ঋণের পুনঃ তফসিলকরণের ক্ষেত্রে ডাউন পেমেন্ট করার নিয়ম থাকলেও কোনো ডাউন পেমেন্ট ছাড়াই ২০১০ সালে ওই ঋণ পুনঃ তফসিল করা হয় ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে। তারপরও ঋণের কোনো কিস্তি পরিশোধ করা হয়নি।
অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হাইটেক প্রোডাক্টস, মানতাকা প্রিন্টিং লিমিটেড, আসমা কোল্ড স্টোরেজ, ড্রাগন সোয়েটার্স লিমিটেড, মৈত্রী নিটিংস, ক্রিনসন অ্যাটায়ার্স, ফ্যাশন ক্র্যাফট নিটওয়্যার, ন্যাশনাল ড্রাগ কোম্পানি, সিনার্জি টেক্সটাইল, ইউকে নিটওয়্যার, শাহজাদপুর নিটওয়্যার, জজ ফ্যাশন, মুন স্টিল, বি অ্যান্ড সি ফ্যাশন, মিলেনিয়াম প্যাকেজিং, ঠিকানা ফ্যাশন, সিলভানা অ্যাপারেলস ও টেক্স নিট ইন্টারন্যাশনাল।
অভিযোগটি অনুসন্ধানের দায়িত্ব পেয়েছেন দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী। দুদকের দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘অভিযোগটি প্রমাণের মতো যথেষ্ট দালিলিক প্রমাণ আমাদের হাতে এসেছে। তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’