জনতা ব্যাংকের পুরানা পল্টন শাখার গ্রাহকদের জন্য বিকল্প ব্যবস্থা
গত রোববার হেফাজতে ইসলামের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে কিছু অবরোধকারী জনতা ব্যাংকের পুরানা পল্টন শাখায় অগ্নিসংযোগ করে। এতে ব্যাংকের মূল্যবান দলিলপত্র, আসবাব, কম্পিউটার ও অন্যান্য সামগ্রী সম্পূর্ণ ভস্মীভূত হয়।
এ ছাড়া ব্যাংকের লোকাল অফিস, বৈদেশিক বাণিজ্য করপোরেট শাখা, দিলকুশা করপোরেট শাখা, ওয়াসা করপোরেট শাখা, প্রধান কার্যালয় ভবন ও কয়েকটি এটিএম বুথে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। ফলে সরকারি মালিকানাধীন ব্যাংকটি ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।
তবে ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের উদ্বিগ্ন না হওয়ার জন্য আহ্বান জানিয়েছে। ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনতা ব্যাংকের পুরানা পল্টন শাখায় আবার কার্যক্রম চালুর আগ পর্যন্ত এই শাখার গ্রাহকেরা বৈদেশিক বাণিজ্য করপোরেট শাখায় বিকল্প ব্যবস্থায় ব্যাংকিং লেনদেন ও কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
এদিকে গতকাল সোমবার সকালে জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. আবুল বারকাত, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস এম আমিনুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা আগুনে পুড়ে যাওয়া পুরানা পল্টন শাখাটি পরিদর্শন করেন।