জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের মুনাফা লাভের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনকল্যাণের স্বার্থে গরিব প্রান্তিক কৃষকদের সুদমুক্ত ঋণসুবিধা প্রদানের ক্ষেত্রে আয়কর রেয়াত দেওয়া যেতে পারে। ঢাকার একটি হোটেলে গতকাল শনিবার অনুষ্ঠিত জনতা ব্যাংক লিমিটেডের বার্ষিক সম্মেলন ২০১০-এ প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।মসিউর রহমান জনতা ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার আওতায় সিডর, আইলা ও মঙ্গাপীড়িত অঞ্চলে পরীক্ষামূলকভাবে সুদবিহীন ঋণ বিতরণের উদ্যোগকে স্বাগত জানান। সম্মেলনে জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারকাত সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের পরিচালকেরা, প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এস এম আমিনুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালকেরা ও মহাব্যবস্থাপকেরা এবং অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শহীদুল্লাহ মিয়া। এ ছাড়া সোনালী ব্যাংকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এবং আইসিবি ও হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সম্মেলনে উপস্থিত ছিলেন। আবুল বারকাত বলেন, রুপকল্প-২০২১ বাস্তবায়নে অর্থনৈতিক বৈষম্য নিরসন করতে হবে। এ লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পাশাপাশি ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে হবে। কৃষি খাতে সহজ শর্তে ঋণ বিতরণ করে দারিদ্র্যসীমার নিচে অবস্থানকারীদের সম্পৃক্ত করতে হবে আয়বর্ধক কর্মকাণ্ডে। এস এম আমিনুর রহমান জানান, জনতা ব্যাংক ২০০৯ সালে ৮৬০ কোটি টাকার মুনাফা অর্জন করেছে এবং একই সময় শ্রেণীকৃত ঋণের শতকরা হার কমিয়ে এক অঙ্কে নামিয়ে আনতে সক্ষম হয়েছে।