জনতা ব্যাংকের সম্মেলন
রাষ্ট্র খাতের জনতা ব্যাংক ২০১৪ সালে ১ হাজার ৫৩ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। আগের বছর পরিচালন মুনাফা হয়েছিল ১ হাজার ২১৩ কোটি টাকা। অর্থাৎ ১৬০ কোটি টাকা কম মুনাফা হয়েছে।
ব্যাংকের বার্ষিক সম্মেলনে উপস্থাপিত কাগজপত্রে এ তথ্য মিলেছে। গতকাল রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। ব্যাংকের চেয়ারম্যান শেখ ওয়াহিদ-উজ-জামান এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুস সালাম।
এম এ মান্নান তাঁর বক্তব্যে বলেন, ঋণ আদায় বাড়িয়ে ব্যাংক খাতের খেলাপি ঋণ কমিয়ে আনতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, ২০১৪ সাল শেষে ব্যাংকের খেলাপি ঋণ কমে ১০ দশমিক ৩৪ শতাংশে নেমে এসেছে। আগের বছর শেষে যা ছিল ১১ দশমিক ১১ শতাংশ। এ ছাড়া গত বছর খেলাপি ঋণ আদায় হয়েছে ৭৩৪ কোটি টাকা। অবলোপন করা হয়েছে ১৫১ কোটি টাকার খেলাপি ঋণ। আমদানি, রপ্তানি, রেমিট্যান্সসহ সার্বিক সূচকের বেশ উন্নতি হয়েছে।