জনতা ব্যাংকের ৪১৮ কোটি টাকা আটকে রাখার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘন করে বেশি ঋণ বিতরণ করায় জনতা ব্যাংকের ৪১৮ কোটি টাকা আটকে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিতরণ করা বেশি ঋণ ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে বিতরণ হয়েছে, এমন কারণ দেখিয়ে বিষয়টি মওকুফের আবেদন জানিয়েছে ব্যাংকটি। তবে বাংলাদেশ ব্যাংক এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।
জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে প্রতিবছর সমঝোতা স্মারকে স্বাক্ষর করে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলো। এ স্মারকে নতুন বছরে ঋণের কী পরিমাণ প্রবৃদ্ধি হবে, তা উল্লেখ থাকে। ২০১৬ সালে জনতা ব্যাংক চুক্তি করে, ওই বছর আগের বছরের চেয়ে ১২ শতাংশ বেশি ঋণ বিতরণ করবে। তবে ব্যাংকটি শর্ত ভেঙে ১৬ দশমিক ৭০ শতাংশ ঋণ বিতরণ করে। গত বছর শেষে ব্যাংকটি ৩১ হাজার ১২৮ কোটি টাকা ঋণ বিতরণ করে। শর্তের বেশি ঋণ বিতরণ করায় ব্যাংকটির ৪১৮ কোটি টাকা আটকে রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক চলতি হিসাব থেকে এ পরিমাণ অর্থ কেটে রাখবে জানিয়ে তাদের টাকা জমা রাখতে বলা হয়।
জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালাম গত রাতে প্রথম আলোকে বলেন, ‘আমরা বড় ঋণের পরিবর্তে এসএমই ঋণের দিকে ঝুঁকছি। ফলে ২০১৬ সালে এসএমই খাতে লক্ষ্যমাত্রার তুলনায় সাড়ে ৪ শতাংশ বেশি ঋণ বিতরণ হয়েছে। এ কারণে লক্ষ্যমাত্রার তুলনায় বেশি ঋণ চলে গেছে। আমরা এসএমই খাতের গুরুত্ব বিবেচনা করে বিষয়টি নমনীয়ভাবে দেখার অনুরোধ জানিয়েছি।’