জনতুষ্টিমূলক বাজেট না করার পরামর্শ সিপিডির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজস্ব সংগ্রহ, রপ্তানি আয়, মূলধনি যন্ত্রপাতি আমদানি এবং অভ্যন্তরীণ ও বিদেশি বিনিয়োগ—এই বিষয়গুলো চলতি অর্থবছরের বাজেটে লক্ষ্যমাত্রার চেয়ে নিচে অবস্থান করছে। অন্যদিকে আগামী ২০১৩-১৪ অর্থবছরে পদ্মা সেতু নির্মাণের জন্য বড় আকারের ব্যয় নির্বাহের লক্ষ্য নিতে হচ্ছে।এমন বাস্তবতায় আগামী বাজেট প্রণয়নে সরকারকে সাবধানী ও সংযমী হওয়ার পরামর্শ দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। নির্বাচনের বছর ও সরকারের শেষ বছর হলেও জনতুষ্টিমূলক বাজেট করা যাবে না উল্লেখ করে সংস্থাটির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, আগামী বাজেটটি হতে হবে সতর্কতামূলক, সংহতিমূলক ও সমঝোতামূলক।নিজস্ব কার্যালয়ে গতকাল শনিবার আগামী বাজেট সামনে রেখে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিপিডি এসব অভিমত তুলে ধরে। এতে চলতি অর্থবছরের অর্থনীতির বিভিন্ন দিক এবং আগামী অর্থবছরের বাজেটের জন্য নানা প্রস্তাবনা তুলে ধরেন সিপিডির গবেষণা পরিচালক ফাহমিদা খাতুন। সংস্থাটির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান এতে স্বাগত বক্তব্য দেন।দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রবাসী-আয়ের (রেমিট্যান্স) প্রবাহ ভালো, রপ্তানি আয়ও তেমন খারাপ নয়। তার পরও আগামী অর্থবছরের জন্য রয়েছে কয়েকটি চ্যালেঞ্জ। তিনি বলেন, আসলে দেশের অর্থনীতির প্রকৃত সমস্যা সম্পূর্ণরূপে অভ্যন্তরীণ, আন্তর্জাতিক নয়। আয়ের উৎস সংহত রেখে তাই আগামী দিনে ব্যয়ের ক্ষেত্রে সংযমী হতে হবে।তিনটি চ্যালেঞ্জ: আগামী বাজেটের জন্য রাজস্ব, বহিস্থ খাত ও সরকারের সুশাসন—মোটা দাগে এই তিনটি চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করে সিপিডি। বাজেটের আকার বাড়ছে, কিন্তু সে অনুযায়ী রাজস্ব সংগ্রহ নেই। অন্যদিকে বাড়ছে ব্যয়। দক্ষতার সঙ্গে রাজস্ব আয় ব্যবহার করতে না পারলে পরবর্তী ছয় মাসে সম্পদের সীমাবদ্ধতা দেখা দিতে পারে।বহিঃ চ্যালেঞ্জের মধ্যে রয়েছে বিদেশি অনুদান ও বিদেশি বিনিয়োগ প্রত্যাশা অনুযায়ী না পাওয়ার শঙ্কা। এ ছাড়া রয়েছে রপ্তানি আয়ের নেতিবাচক প্রবণতা, আমদানিনির্ভর পণ্যমূল্য বেড়ে যাওয়া এবং রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিকতা বজায় না থাকার শঙ্কা।সুশাসন চ্যালেঞ্জের মধ্যে রয়েছে চলমান রাজনৈতিক অস্থিরতা। এই অস্থিরতা অভ্যন্তরীণ চাহিদা, বিনিয়োগ, বাণিজ্যসহ সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলেছে। অস্থিরতা আরও ঘনীভূত হলে বাজেট বাস্তবায়ন আদতেই জটিলতার মুখে পড়বে।দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকার দায়িত্ব গ্রহণের সময় দেশের উন্নয়নে যেসব উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা হাতে নিয়েছিল, ২০১১-এর পর থেকে সেগুলো বাস্তবায়নে ধীরগতি দেখা যাচ্ছে।আগামী বাজেটের প্রস্তাবনা: সিপিডি বলছে, আগামী বাজেটের সফল বাস্তবায়ন নির্ভর করছে একটি সমন্বিত মুদ্রানীতির ওপর। কৃষি উপকরণ ও উৎপাদন দুই খাতেই নিশ্চিত করতে হবে কৃষকের প্রণোদনা।বিনিয়োগে স্থবিরতার কয়েকটি কারণ চিহ্নিত করেছে সিপিডি। এগুলো হলো ব্যাংকঋণের উচ্চ সুদহার, উচ্চ মূল্যস্ফীতি, আয় না বাড়ায় মানুষের ভোগ কমা, ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি, শিল্প খাতে জ্বালানি ও বিদ্যুতের কম সরবরাহ।দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ব্যক্তি খাতে ঋণ প্রবাহ ১৮ থেকে বাড়িয়ে ঠিকই ১৮ দশমিক ৫ শতাংশ রেখেছিল কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু বাস্তবে তা ১৫ শতাংশের নিচে। অর্থাৎ ব্যক্তি খাত ঋণ নিচ্ছে না। ব্যক্তি খাতের বিনিয়োগ না বাড়লে কি প্রবৃদ্ধি বাড়া সম্ভব? প্রশ্ন রাখেন দেবপ্রিয়।বিদেশি বিনিয়োগ আকর্ষণে কয়েকটি স্থানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, মুন্সিগঞ্জে গার্মেন্টসপল্লি, সাভারে চামড়া শিল্পনগর, শ্রীপুরে ওষুধ শিল্পপার্ক, কারওয়ান বাজারে আইটি পার্ক ও হালকা প্রকৌশল শিল্পের জন্য শিল্পপার্ক করার প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দেয় সিপিডি।ছোট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য ৪০ লাখ টাকা (বর্তমান ২৪ লাখ) পর্যন্ত বার্ষিক লেনদেন করমুক্ত রাখা এবং পোলট্রি, তথ্যপ্রযুক্তি, হালকা প্রকৌশল, রসায়ন ও ওষুধ শিল্পগুলোর কর অবকাশসুবিধা বহাল রাখা এবং বিদ্যুতের দাম আর না বাড়ানোর প্রস্তাব করেছে সিপিডি।সংস্থাটি শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগে উৎসাহী করতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি কোড অব কনডাক্ট ঘোষণার প্রস্তাব করে। এ ছাড়া শিগগির উচ্চতর বাজার তদারকী সফটওয়্যার, শেয়ার কেলেংকারি মামলার নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মানবসম্পদ উন্নয়ন এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন প্রণয়ন করার ওপর জোর দেওয়া হয়েছে। পদ্মা সেতু প্রসঙ্গ: সিপিডির মতে, বিশ্বব্যাংকের ঋণ না নেওয়ার সিদ্ধান্তের পর দুটি বিকল্প রয়েছে পদ্মা সেতু নির্মাণের—বাণিজ্যিক ঋণ বা নিজস্ব অর্থায়ন। এ দুয়ের সমন্বয়েও কিছু হতে পারে।পদ্মা সেতুর জন্য ইতিমধ্যে সরকার যে হিসাব খুলেছে, তাতে ২০ কোটি ডলার ভারতীয় অনুদান জমা করা হয়েছে। ছাড়া হবে ১০০ কোটি ডলারের সার্বভৌম বন্ড। অন্যদিকে রয়েছে মালয়েশীয় ও চীনা প্রস্তাব। ভবিষ্যতে যে দরপত্র ডাকা হবে, তাতে নতুনেরাও আসতে পারবে। এসব তথ্য উল্লেখ করে সিপিডি বলছে, তারা কতটুকু আগ্রহ দেখাবে, সে ব্যাপারে সন্দেহ রয়েছে।দেবপ্রিয় বলেন, পদ্মা সেতুর কারণে সরকারের অন্য সব প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে সম্পদের অপ্রতুলতার কারণে। অভ্যন্তরীণ উৎস থেকে আয় না বাড়লেও ব্যয় বাড়বে আগামী দিনে। আর অনুন্নয়ন ব্যয় ও সুদ ব্যয় বাড়ার কারণে আগামী বছর কমে যেতে পারে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ।সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, নতুন প্রকল্প চালু না করে সরকারের উচিত হবে আগামী বাজেটে চলমান প্রকল্পগুলোতেই অর্থের জোগান দেওয়া।