জনপ্রিয়তা যখন আয়ের উৎস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর আগে (২০১৮ সালে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পেজ খুলে প্রথম ভিডিও কনটেন্ট আপলোড করেন শামস আফরোজ চৌধুরী। এ ভিডিও তৈরির পেছনে অবশ্য বিশেষ কোনো উদ্দেশ্যই তাঁর ছিল না। মূলত ভালো লাগা থেকেই ভিডিওটি তৈরি করেন। পরে সেই ভিডিও ভালো সাড়া পান। এরপর থেকেই তিনি নিয়মিত ভিডিও আপলোড করা শুরু করেন তিনি। ‘থটস অব শামস’ শিরোনামে এসব ভিডিও আপলোড করেন শামস।

এখন তাঁর তৈরি ‘শামসু’, ‘কুলছুম’, ‘টুনির মা’ কিংবা ‘নানি’র মতো চরিত্রগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিত। আপনি যদি নিয়মিত ফেসবুক ব্যবহার করে থাকেন, তাহলে এসব চরিত্রের সঙ্গে নিশ্চয়ই পরিচিত। এসব চরিত্রের সাফল্য থেকে এখন তিনি যুক্ত হয়েছেন ডিজিটাল মার্কেটিংয়ের নতুন প্ল্যাটফর্ম ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের সঙ্গে।

শামস আফরোজ চৌধুরী প্রথম আলোকে বলেন ‘কনটেন্ট ক্রিয়েটর হিসেবে প্রতিষ্ঠা লাভের পর ব্র্যান্ডগুলো থেকেই আমার কাছে পণ্যের বিপণনের প্রস্তাব আসা শুরু করে। ২০২০ সালে প্রথম বিবিসি ঘুড়ি লার্নিং ও রিয়েলমির সঙ্গে কাজ করি। তখন থেকে এ পর্যন্ত দেশ ও দেশের বাইরে অনেক ব্র্যান্ডের সঙ্গে কাজ করছি।’

শুধু শামস আফরোজ চৌধুরীই নন, তার মতো আরও অসংখ্য কনটেন্ট ক্রিয়েটর এখন যুক্ত আছেন ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের সঙ্গে। ধীরে ধীরে এটি একটি পেশাও হয়ে উঠছে এ দেশে। তেমনি আরেকজন ‘ডানা ভাই জোশ’খ্যাত কামরুন নাহার ডানা। যিনি এ পর্যন্ত ৮০ থেকে ৯০টির মতো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, ফেসবুকে নানা বিষয়ে কনটেন্ট আপলোডের পর ২০২০ সাল থেকেই মূলত ব্র্যান্ডগুলো থেকে অফার পেতে শুরু করি। তখন থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করছেন তিনি।

বাংলাদেশে ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের প্রসার মূলত করোনার সময় থেকেই। সরকারি বিধিনিষেধের কারণে সে সময় ঘরবন্দী মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর বেশি নির্ভরশীল ছিল। বলা যায়, ঘরবন্দী সময়টাতেই সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার বেড়ে যায়। সেই সুবাদে ব্র্যান্ডগুলোও তাদের পণ্যের প্রচারে সামাজিক যোগাযোগমাধ্যমকে বেছে নেয়।

এ ধরনের মার্কেটিং বিভিন্নভাবে হয়ে থাকে। কোনো কোনো ইনফ্লুয়েন্সার লাইভে পণ্যের প্রচারণা চালান। কেউ কেউ নিজের ফেসবুক পেজে পণ্যের ছবি পোস্ট করেন। আবার অনেকেই ভিডিও কনটেন্টের মাধ্যমে পণ্যের প্রচার চালান। তবে কীভাবে ইনফ্লুয়েন্সাররা পণ্যের প্রচার চালাবেন, সেটি পুরোটাই নির্ভর করে ব্র্যান্ডের চাহিদার ওপর। তেমনটিই জানান ফেসবুকে কিটো ভাই হিসেবে পরিচিত মাশরুর ইনান।

বাংলাদেশে ইনফ্লুয়েন্সার মার্কেটিং বর্তমানে আয়ের অন্যতম বড় একটি উৎস সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় ব্যক্তিদের কাছে। যাঁদেরকে অনেকেইবুক সেলিব্রেটি হিসেবেও চেনেন। তাঁর অনেকেই এখন পেশা হিসেবে ডিজিটাল মার্কেটিংকে বেছে নিয়েছেন। নিজের পরিচিতিকে আয়ের উৎস বানিয়েছেন পণ্য প্রচারে অংশ নিয়ে। একাধিক ইনফ্লুয়েন্সারের সঙ্গে কথা বলে জানা গেছে, এ ধরনের মার্কেটিংয়ে বা বিপণনের মাধ্যমে মাসে ৫০ হাজার থেকে শুরু করে দুই/তিন লাখ টাকা পর্যন্ত আয় করেন ইনফ্লুয়েন্সাররা।

করোনাকালে সাজ্জাদ হাসান রাজ, ‘রাজ ব্রো’ হিসেবেই ফেসবুকে ব্যাপক জনপ্রিয়তা পান। তিনি এ পর্যন্ত কাজ করেছেন মোট ৭১টি প্রতিষ্ঠানের সঙ্গে। পেশা হিসেবেও এখন তাঁর কাছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং বেশ পছন্দের। এই পেশা বেছে নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘সত্যি বলতে আমি আশপাশের মানুষ কী ভাববে তার চেয়ে নিজের খুশিকে বেশি প্রাধান্য দিয়েছি। এখনো কোনো চ্যালেঞ্জের মুখে পড়িনি। কারণ, আমার পরিবার অনেক সাপোর্টিভ এবং দলের সদস্যরাও আমার মতো একটু ভিন্নভাবে চিন্তা করেন। এর ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে খুব সহজেই মানুষের হিউমারকে ছুঁতে পারি।’

পোল্যান্ডভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনা প্রতিষ্ঠান নেপোলিয়নক্যাট ডট কমের তথ্যানুসারে, বাংলাদেশে মোট ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা সাড়ে পাঁচ কোটি। অর্থাৎ মোট জনসংখ্যার ৩১ দশমিক ৮ শতাংশ মানুষ ফেসবুক ব্যবহার করে থাকেন।

বিগত কয়েক বছরে বিশেষ করে করোনার বিস্তার শুরুর পর থেকে বিশ্ব বাজারে একটি বড় জায়গা দখল করে নিয়েছে ডিজিটাল মার্কেটিং। এ বিপণনের আওতায় ইনস্টাগ্রাম, ফেসবুক ও টিকটকের মতো মাধ্যমগুলো ব্যবহার করে ব্র্যান্ডগুলো ব্যাপক প্রচার চালায়। আর এ কাজে ব্যবহার করে এসব মাধ্যমের জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের। যার মূল উদ্দেশ্য পণ্যের বিক্রি বাড়িয়ে অধিক মুনাফা করা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ই-মার্কেটারের পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে আমেরিকায় ৭৫ শতাংশ ব্র্যান্ডই ইনফ্লুয়েন্সারদের পেছনে বড় অঙ্কের অর্থ ব্যয় করবে। ২০২০ সালে ৬৫ শতাংশ ব্র্যান্ড ডিজিটাল বিপণনে ইনফ্লুয়েন্সারদের ব্যবহার করেছিল।

তথ্যপ্রযুক্তির এ সময়ে ইনফ্লুয়েন্সার মার্কেটিংকে বেশ কার্যকর বলেই মনে করছেন ব্র্যান্ড ও কনটেন্ট প্রস্তুতকারকেরা। তাঁদের মতে, ব্র্যান্ডগুলো যদি তাদের নির্ধারিত ভোক্তার কাছে অবস্থান সুনিশ্চিত করতে পারে, তবেই এ ধরনের বিপণন পন্থা বেশি কার্যকর হবে। আর এটা তখনই সম্ভব হবে, যখন ব্র্যান্ড ও ইনফ্লুয়েন্সার উভয়ের উদ্দেশ্য একই থাকবে।

ইনফ্লুয়েন্সার মার্কেটিং পণ্যের বিক্রি বাড়াতে কতটুকু কার্যকর ভূমিকা রাখছে জানতে চাইলে দারাজের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) মো. তাজদীন হাসান প্রথম আলোকে বলেন, যেকোনো ব্যবসার ক্ষেত্রেই এ ধরনের মার্কেটিং ইতিবাচক প্রভাব রাখে। বিশেষ করে ব্র্যান্ড সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে এ ধরনের বিপণন পন্থার বিশেষ ভূমিকা রয়েছে।

এদিকে, ফেসবুকে অনুসরণকারীদের (ফলোয়ার) সংখ্যা বিচারে বাংলাদেশে জনপ্রিয়তার শীর্ষে আছেন সাকিব আল হাসান। ফেসবুকে এখন সাকিবের অনুসারী রয়েছে দেড় কোটি মানুষ। সফল ক্রিকেটার হওয়ার পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও বেশ পরিচিতি আছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের। বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান অপো, হুয়াওয়েসহ দেশের বৃহত্তম ই–কমার্স প্ল্যাটফর্ম দারাজের হয়ে পণ্যের প্রচারে কাজ করছেন তিনি।

ইন্টারনেটের এ যুগে কোন ইনফ্লুয়েন্সার কত মানুষের কাছে বার্তা পৌঁছাতে পারছেন, সেটা পরিমাপ করাও এখন সহজ হয়ে গেছে। তাই ব্র্যান্ডগুলো গ্রাহকের কাছে বার্তা পৌঁছে দিতে কাজে লাগাচ্ছেন জনপ্রিয় সব তারকাদের।

স্বপ্ন সুপার শপ দেশের অন্যতম রিটেইল চেইনশপ। পণ্যের বিপণন ও বিক্রয়ে বর্তমানে প্রতিষ্ঠানটিও বেছে নিয়েছে ডিজিটাল মার্কেটিংয়ের নতুন এই প্রক্রিয়া। প্রচলিত বা ট্র্যাডিশনাল পদ্ধতি ছেড়ে এই পদ্ধতি বেছে নেওয়ার কারণ জানতে চাইলে স্বপ্নের বিপণন বিভাগের প্রধান (হেড অব মার্কেটিং) মো. মাহাদী ফয়সাল প্রথম আলোকে বলেন, প্রচলিত পদ্ধতিতে সম্ভাব্য সব ভোক্তার কাছে পৌঁছানোর কাজটি এখন সহজ নয়। এ ছাড়া প্রচলিত পদ্ধতিতে বিপণন খরচও বেশি। সেই তুলনায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বেশিসংখ্যক মানুষের কাছে পৌঁছানো যায়। আবার এ ধরনের বিপণনে খরচও তুলনামূলক কম। তাই এটি এখন বেশ কার্যকর।

ইনফ্লুয়েন্সার মার্কেটিং কী

ইনফ্লুয়েন্সার মার্কেটিং হচ্ছে মূলত নিজের ব্যক্তিগত পরিচিতি ব্যবহার করে যখন কেউ কোনো ব্র্যান্ড বা প্রতিষ্ঠানের পণ্যের প্রচার করে থাকে। এ ক্ষেত্রে ইনস্টাগ্রাম, ফেসবুক ও টিকটকের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এসব মাধ্যমে জনপ্রিয় ব্যক্তিরা প্রতিষ্ঠানের পণ্যের প্রচার করেন।

ব্র্যান্ড বা কোম্পানিগুলো সাধারণত দুই ধরনের মার্কেটিং বা বিপণন করে থাকে। প্রথমত, প্রথাগত সেলিব্রিটিদের ব্যবহার করে নিজেদের মতো করে প্রচলিত বিভিন্ন মাধ্যমে পণ্যের প্রচারণা চালায়। দ্বিতীয়ত, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে পণ্যের প্রচার চালায়। এ ক্ষেত্রে ইনফ্লুয়েন্সাররা নিজেদের মতো করে পণ্যের কনটেন্ট তৈরি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমের অনুসারী বা সমর্থকসংখ্যার ওপর ভিত্তি করে ইনফ্লুয়েন্সারদের বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়।

ন্যানো ইনফ্লুয়েন্সার: সামাজিক যোগাযোগমাধ্যমে যাঁদের সমর্থক বা অনুসারীর সংখ্যা ১ হাজার থেকে ১০ হাজারের মধ্যে, তাঁদের বলা হয় ন্যানো ইনফ্লুয়েন্সার।

মাইক্রো ইনফ্লুয়েন্সার: যাঁদের অনুসারীসংখ্যা ১০ হাজার থেকে ৫০ হাজার, তাঁদের বলা হয় মাইক্রো ইনফ্লুয়েন্সার।

মিড টায়ার ইনফ্লুয়েন্সার: যাঁদের অনুসারীসংখ্যা ৫০ হাজার থেকে ৫ লাখ, তাঁরাই মূলত এ শ্রেণিভুক্ত।

ম্যাক্রো ইনফ্লুয়েন্সার: যাদের অনুসারী সংখ্যা ৫ লাখ থেকে ১০ লাখ, তাঁদের বলা হয় ম্যাক্রো ইনফ্লুয়েন্সার।

মেগা ইনফ্লুয়েন্সার: সামাজিক যোগাযোগমাধ্যমে যাঁদের অনুসারী ১০ লাখের বেশি, তাঁরাই মূলত এ শ্রেণিভুক্ত।