জনবল বাড়ানোর সরকারি নির্দেশ এসইসি নিজেই আটকে রেখেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) জনবলকাঠামো বাড়ানোর নির্দেশ দিলেও সংস্থাটি নিজেই তা আটকে রেখেছে।অন্যদিকে পদোন্নতির বিষয়ে কোনো অগ্রগতি না হওয়ায় এসইসির কর্মকর্তারা গতকাল মঙ্গলবার থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন।লোকবলের অভাবে কাজ করা যাচ্ছে না—অর্থ মন্ত্রণালয়ের কাছে এসইসি এমন কথা দীর্ঘদিন ধরে বলে আসছে এবং লোকবল বাড়ানোর আবেদনও জানিয়ে আসছে। কিন্তু সরকার দীর্ঘদিন তা আমলে নেয়নি। সূত্র জানায়, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বিশেষ নির্দেশে শেষ পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ে তা গুরুত্ব পায়। আর তাই এক বছর ধরে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সংস্থাপন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগ ঘুরে সম্প্রতি এসইসির জনবল বাড়ানোর বিষয়টিতে সায় দেয় সরকার। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত ২৩ ফেব্রুয়ারি দ্রুততম সময়ের মধ্যে লোক নিয়োগের জন্য একটি আদেশ জারি করে। সর্বশেষ সময়সীমা দেওয়া হয় ৩১ মে। এতে আট ক্যাটাগরিতে ৪৯টি অস্থায়ী পদ সৃষ্টি করা হয়। পদগুলো হচ্ছে—নির্বাহী পরিচালক দুটি, পরিচালক ছয়টি, উপপরিচালক নয়টি, সহকারী পরিচালক ২০টি, ব্যক্তিগত কর্মকর্তা আটটি, ক্যাশিয়ার একটি, স্টোরকিপার একটি এবং গাড়িচালক দুটি। কিন্তু এসইসি গত দেড় মাসেও এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। পাশাপাশি এসইসির কর্মকর্তাদের পদোন্নতি আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে নিয়োগ-প্রক্রিয়ার অংশ হিসেবে গতকাল এসইসির চেয়ারম্যান ও দুজন সদস্যের সমন্বয়ে গঠিত পদোন্নতিসংক্রান্ত কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। এ বৈঠকে সংস্থাটির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকারসহ প্রশাসন বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য পদোন্নতিবঞ্চিতদের পদোন্নতি দেওয়ার পক্ষে মত দেন। কিন্তু সংস্থাটির অপর একজন সদস্যের বিরোধিতার কারণে শেষ পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।জানা গেছে, তদন্ত কমিটির প্রতিবেদনের পর এসইসিতে অনেক রদবদল হবে—এ রকম কথা উল্লেখ করে ওই সদস্য পদোন্নতি প্রক্রিয়ায় সম্মত হননি। এ খবরে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারাসহ এসইসির প্রায় সব কর্মকর্তার মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাঁরা তাৎক্ষণিকভাবে চেয়ারম্যানের সঙ্গে দেখা করে তাঁদের ক্ষোভের কথা জানান। এ সময় তাঁরা বলেন, পদোন্নতি না দেওয়া পর্যন্ত তাঁরা কোনো কাজ করবেন না। অবশ্য এসইসির চেয়ারম্যান তাঁদের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা হবে বলে আশ্বাস দেন।নিয়মানুযায়ী এসইসির নির্বাহী পরিচালক ও পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয় এসইসির কর্মকর্তাদের মধ্য থেকে। পদোন্নতি আটকে রাখার কারণে নতুন নিয়োগ দেওয়াও সম্ভব হচ্ছে না বলে একাধিক কর্মকর্তা জানান। তবে বাজারবিষয়ক তদন্ত কমিটি নিয়োগ-পদোন্নতি আটকে রাখার কোনো পরামর্শ দিয়েছে কি না, জানতে চাইলে এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার বলেন, ‘না, সে রকম কোনো বিষয় থাকার প্রশ্নই ওঠে না।’ চেয়ারম্যান আরও বলেন, বর্তমানে এসইসিতে কর্মকর্তা-কর্মচারীদের বসার জায়গা দেওয়ার অবস্থা নেই। আর তাই নতুন কার্যালয় খোঁজা হচ্ছে। অন্যদিকে এসইসির সদস্য ইয়াছিন আলী গত রোববার প্রথম আলোকে বলেন, শিগগির এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।