জনবলসংকট, কাজ করতে পারছে না বীমা কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অর্থনীতির অন্যতম তিন খাত হলো ব্যাংক, বিমা ও পুঁজিবাজার। ব্যাংক খাতের জন্য বাংলাদেশ ব্যাংক, পুঁজিবাজারের জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বিমা খাতের জন্য নিয়ন্ত্রক সংস্থা রয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
দেশের ৫৭টি ব্যাংকের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের রয়েছে পাঁচ হাজারের মতো কর্মকর্তা-কর্মচারী। তালিকাভুক্ত ৩০০ কোম্পানির জন্য বিএসইসির কর্মকর্তা-কর্মচারী রয়েছে ১৫০ জন। আরও ৪৫০ জন নিয়োগের প্রস্তাব রয়েছে। কিন্তু সাধারণ বীমা করপোরেশন ও জীবন বীমা করপোরেশনসহ ৭৫টি বেসরকারি কোম্পানির নিয়ন্ত্রক আইডিআরএর জনবল মাত্র ৪৮। এই ৪৮ জনের মধ্যে আবার ২৯ জনই অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া।
দেশের এত বড় বিমা খাত এবং দেশব্যাপী যে খাতের শাখা ছড়িয়ে রয়েছে, লোকবলের অভাবে এই খাতটিকে ভালোভাবে নজরদারি করতে পারছে না আইডিআরএ। এমন বাস্তবতা বিবেচনায় নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি আইডিআরএর ১৯৫ জনবলের একটি কাঠামো অনুমোদন করেছে।
অনুমোদিত হলেও নতুন বিপত্তি দেখা দিয়েছে নিয়োগ দেওয়ার বিষয়ে। কারণ, আইডিআরএর কোনো নিয়োগ প্রবিধানমালা নেই। আবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনের পরও অনেক কাজ বাকি রয়ে গেছে এখনো। সেগুলোও শুরু হয়নি।
নিয়মানুযায়ী অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে আইডিআরএর অনুমোদিত জনবলকাঠামো যাবে অর্থ বিভাগের দুটি অনুবিভাগে—ব্যয় নিয়ন্ত্রণ অনুবিভাগ ও বাস্তবায়ন অনুবিভাগ। তার পর যাবে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটিতে। প্রধানমন্ত্রীর কার্যালয় চূড়ান্ত অনুমোদন দিলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রজ্ঞাপন জারি করবে।
একটি বৈঠক ডেকে এক জায়গা থেকে কাজটি দ্রুততর সময়ের মধ্যে করা যায় কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘এখন আর বেশি সময় লাগবে না। ছয় মাসের মধ্যে হয়ে যাবে। এটা ঠিক, অনেক দেরিতে জনবলকাঠামোটি অনুমোদিত হলো।’
লোকবলের অভাবে যথাযথভাবে কাজ করতে না পারার বিষয়টি স্বীকার করেন আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদও। প্রথম আলোকে তিনি বলেন, ‘কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। তবে অনুমোদিত জনবলকাঠামো অনুযায়ী নিয়োগ দিতে পারলে আর কোনো সমস্যা হবে না।’
শেফাক আহমেদ জানান, প্রবিধানমালা প্রণয়নের কাজ চলছে। ঈদের আগেই খসড়া পাঠানো হবে অর্থ মন্ত্রণালয়ে। তার পর অনুমোদন হয়ে আসতে যত দিন লাগে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ প্রণীত হওয়ার এক বছর পর আইডিআরএ গঠিত হলেও সাড়ে তিন বছর পর গত ১৮ জুন সংস্থাটির জনবলকাঠামো অনুমোদন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ অনুযায়ী ২০১১ সালের জানুয়ারি থেকে একজন চেয়ারম্যান ও চারজন সদস্য নিয়ে যাত্রা শুরু করে আইডিআরএ।
বর্তমানে আইডিআরএ শুনানি গ্রহণ ছাড়া তেমন কোনো কাজ করতে পারছে না বলে জানা গেছে। পরিদর্শন, তদন্ত ইত্যাদি কাজ

২০১২-১৩ সালে হলেও বর্তমানে থেমে রয়েছে লোকবলের অভাবে।
আইডিআরএ সূত্র জানায়, নিয়োগ প্রবিধানমালার খসড়ার অর্ধেক কাজ হয়েছে। বাকি অর্ধেক শেষ করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠাবে আইডিআরএ। তার পর পরীক্ষা-নিরীক্ষার (ভেটিং) জন্য সেটি যাবে আইন মন্ত্রণালয়ে। ভেটিং শেষে এর গেজেট প্রকাশিত হবে। তার আগে নিয়োগ প্রক্রিয়া শুরুই করতে পারছে না সংস্থাটি।
জানা গেছে, ১৯৫ জনবলের একটি কাঠামো অনুমোদনের জন্য ২০১২ সালেই অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠিয়েছিল আইডিআরএ। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তা অনুমোদনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠালে জনপ্রশাসন মন্ত্রণালয় তখন শুধু ৯৫ জনের কাঠামো অনুমোদন করে। কিন্তু তখন ওই অনুমোদন আইডিআরএ মেনে নেয়নি।
আইডিআরএর অনড় অবস্থানের কারণেই জনপ্রশাসন মন্ত্রণালয় শেষ পর্যন্ত ১৯৫ জনবলকাঠামো অনুমোদন করতে বাধ্য হয়। সাম্প্রতিক অনুমোদিত কাঠামোটি আইডিআরএর চাওয়া অনুযায়ীই হয়েছে। আইডিআরএ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এর কোনো চিঠি তারা মন্ত্রণালয় থেকে পায়নি।
অনুমোদিত জনবলকাঠামোর মধ্যে রয়েছে চেয়ারম্যান এক, সদস্য চার, নির্বাহী পরিচালক চার, পরিচালক সাত, অতিরিক্ত পরিচালক ১০, উপপরিচালক ১৪ এবং সহকারী পরিচালক ৩০ এবং কর্মকর্তা ৪০ জন। এ ছাড়া রয়েছে প্রোগ্রামার এক, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর এক, চেয়ারম্যানের একান্ত সচিব এক, প্রোগ্রাম অপারেটর পাঁচ, কম্পিউটার অপারেটর ১০, চেয়ারম্যান ও সদস্যদের সহকারী নয়, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদ ২৫, ড্রাইভার ১৫, এমএলএসএস ২০, ক্লিনার দুই এবং ইলেকট্রিশিয়ানের একটি পদ।
বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন প্রথম আলোকে বলেন, শিগগির নিয়োগ প্রবিধানমালা প্রণয়ন করে আইডিআরএর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা উচিত। সংস্থাটির লোকবল না থাকায় বিমা খাত বঞ্চিত হচ্ছে বলে তিনি মনে করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান শিবলী রুবাইয়াতুল ইসলামও একই অভিমত ব্যক্ত করে প্রথম আলোকে বলেন, আইডিআরএর উচিত, শিগগিরই নিয়োগ প্রবিধানমালাটি প্রণয়ন করা। আর সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর উচিত হবে দ্রুততম সময়ে তাদের কাজটি শেষ করা। এত হীন জনবল নিয়ে একটি নিয়ন্ত্রক সংস্থাকে চলতে দেওয়া ঠিক নয় বলে তিনি মনে করেন।
অস্থায়ীদের স্থায়ী করা প্রসঙ্গ: জনবলসংকট থাকায় সংস্থার স্বাভাবিক কাজ চালিয়ে নিতে ২০১১-১২ সময়ে বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪০ জন স্নাতক ও স্নাতকোত্তরকে অস্থায়ীভাবে নিয়োগ দেয় আইডিআরএ।
এর মধ্যে কয়েকজন অন্যত্র চলে গেলেও রয়ে গেছেন ২৯ কর্মকর্তা ও জুনিয়র কর্মকর্তা। তাঁদের অনেকের সরকারি চাকরির বয়সও শেষ হয়ে গেছে। এসব অস্থায়ী কর্মকর্তাকে দিয়ে তদন্ত ও পরিদর্শন দল গঠন করে অনেক বেসরকারি বিমা কোম্পানির বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে আইডিআরএ।
তাঁদের চাকরির কী হবে, জানতে চাইলে আইডিআরএর চেয়ারম্যান বলেন, একটা পথ তৈরি করতে হবে। দু-তিন বছরে তাঁদের অভিজ্ঞতা হয়েছে। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখা হবে।
বিমার মতো একটি বিশেষায়িত খাতে আইডিআরএতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্তদের অভিজ্ঞতাকে কীভাবে কাজে লাগানো যায়, সেই চিন্তা করা হচ্ছে বলে জানান আইডিআরএর সদস্য (প্রশাসন) মো. কুদ্দুস খান। প্রথম আলোকে তিনি বলেন, শুরুর দিকে সব চাকরিই অস্থায়ী থাকে, এমনকি বিসিএস পাস করে যাঁরা আসেন, তাঁদের চাকরিও। এটাই নিয়ম। তিনি বলেন, ‘কোনো প্রতিষ্ঠানে এক বছর, কোনোটিতে ছয় মাস পর চাকরি স্থায়ী করা হয়। আমরা আমাদের কর্মকর্তাদের জন্য একটা উপায় বের করবই।’