জনবলের অভাবে পুরোদমে চালু হচ্ছে না প্যাকিং হাউস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার শ্যামপুরে সেন্ট্রাল প্যাকিং হাউসে কাঁঠাল মোড়কীকরণের কাজ করছেন শ্রমিকেরা। গতকাল বিকেলে ছবিটি তুলেছেন হাসান রাজা
পুরান ঢাকার শ্যামপুরে সেন্ট্রাল প্যাকিং হাউসে কাঁঠাল মোড়কীকরণের কাজ করছেন শ্রমিকেরা। গতকাল বিকেলে ছবিটি তুলেছেন হাসান রাজা

সবজি ও ফলমূল রপ্তানির পথ সুগম করতে পুরান ঢাকার শ্যামপুর বিসিক শিল্পনগরীতে সেন্ট্রাল প্যাকিং হাউস নির্মাণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গত ১৬ মে ইউরোপে আম রপ্তানির জন্য এটি আংশিকভাবে চালু করা হয়। তবে জনবলের অভাবে ফল ও সবজি মোড়কজাত করার আধুনিক সুযোগ-সুবিধার প্যাকিং হাউসটি পুরোদমে চালু করা যাচ্ছে না।
সবজি রপ্তানিকারকেরা জানান, মানের বিষয়ে সরকার কড়াকড়ি আরোপ করায় গত এপ্রিল থেকে ইউরোপের বাজারে সবজি রপ্তানি বন্ধ। গত সপ্তাহে নির্দেশনাটি শিথিল করা হলেও সবজি রপ্তানির আগে তা সেন্ট্রাল প্যাকিং হাউসে মোড়কজাত করা বাধ্যতামূলক করা হয়েছে। সে জন্য এটি পুরোদমে চালু না হলে ইউরোপের বাজারে সবজি রপ্তানি সম্ভব হবে না।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, বিদায়ী ২০১৬-১৭ অর্থবছর সবজি ও ফল রপ্তানি করে মাত্র ৮ কোটি ৪০ লাখ ডলার আয় হয়। এই আয় তার আগের অর্থবছরের ১২ কোটি ৫০ লাখ ডলারের চেয়ে ৩২ দশমিক ৮০ শতাংশ কম। শাকসবজি ও ফল রপ্তানি আয়ের ৬০ শতাংশই ইউরোপ থেকে আসে বলে জানালেন একাধিক রপ্তানিকারক।
গত বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, প্যাকিং হাউসের তিনতলা ভবনের নিচতলায় সবজি ও ফলমূলের মান যাচাই-বাছাই, পরিষ্কার–পরিচ্ছন্নতা, ধোয়া ও শুকানো এবং মোড়কজাত করার জন্য আলাদা আলাদা কক্ষ আছে। দোতলায় একই ব্যবস্থা আছে। দোতলায় পণ্যবাহী ট্রাক ওঠার জন্য আলাদা র্যা ম্প করা হয়েছে। এ ছাড়া প্রয়োজন হলে ৪ থেকে ৬ ডিগ্রি তাপমাত্রায় সবজি ও ফলমূল সংরক্ষণের জন্য নিচতলা ও দোতলায় কয়েকটি কুলিং কক্ষ রয়েছে।
ভবনের তৃতীয় তলায় কর্মকর্তাদের জন্য কার্যালয়, রপ্তানিকারকদের প্রশিক্ষণের জন্য শীতাতপনিয়ন্ত্রিত বিশাল প্রশিক্ষণকক্ষ ও একটি সভাকক্ষ আছে। এ ছাড়া ফলমূল ও শাকসবজির মান পরীক্ষার জন্য একটি আধুনিক পরীক্ষাগারের জন্য জায়গা রাখা হয়েছে। তবে যন্ত্রপাতি এখনো আসেনি। সার্বক্ষণিক বিদ্যুতের জন্য জেনারেটরও আছে। ভবনের বেসমেন্টে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘বাংলাদেশে ফাইটোস্যানিটারি সামর্থ্য শক্তিশালীকরণ প্রকল্পের’ অধীনে এক একরের একটি প্লটের ৬০ শতাংশ জমির ওপর সেন্ট্রাল প্যাকিং হাউসটি করা হয়েছে বলে জানালেন দায়িত্বপ্রাপ্ত দুজন কর্মকর্তা।
দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত প্যাকিং হাউসটিতে কেবল দুজন কর্মকর্তা ও কয়েকজন শ্রমিককে দেখা গেল। বাকি কর্মকর্তাদের বিষয়ে জানতে চাইলে উপসহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বলেন, ‘পণ্যবাহী বিমানের ফ্লাইট রাতের বেলায় হওয়ায় রপ্তানিকারকেরা সাধারণত বিকেল বেলায় পিকআপে করে কাঁঠাল ও লেবু নিয়ে আসেন। রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত আমাদের কাজ করতে হয়। তাই অধিকাংশ কর্মকর্তা দুপুরের পর আসেন।’
জাহাঙ্গীর আলম খান জানান, বর্তমানে ১৫ কর্মকর্তা ও কর্মচারী দিয়ে প্যাকিং হাউসটির কার্যক্রম সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে। জনবলস্বল্পতার কারণে বর্তমানে নিজেদের শ্রমিকদের দিয়েই পণ্য ধোয়া, শুকানো কিংবা প্যাকিংয়ের কাজ করাচ্ছেন রপ্তানিকারকেরা। কৃষি কর্মকর্তারা প্রতিটি চালান যাচাই-বাছাই করে ফাইটোস্যানিটারি সনদ (পিসি) ইস্যু করেন।
ইউরোপে আম রপ্তানির জন্য গত ১৬ মে সেন্ট্রাল প্যাকিং হাউসটি চালু করা হয়। ৪ জুন থেকে কাঁঠাল ও জারা লেবুর প্যাকিং শুরু হয়। তবে ২৮ জুন থেকে আম আসছে না। গত আড়াই মাসে প্যাকিং হাউসটিতে ৫৪ টন আম, ৩১৫ টন কাঁঠাল ও ৭২ টন লেবু প্রক্রিয়াকরণের কাজ হয়েছে। এ সুবিধাটি বর্তমানে বিনা মূল্যেই পাচ্ছেন রপ্তানিকারকেরা।
জানতে চাইলে বাংলাদেশ ফ্রুটস ভেজিটেবল অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ প্রথম আলোকে বলেন, প্যাকিং হাউসটির সুযোগ-সুবিধা সন্তোষজনক। তবে বর্তমানে যে জনবল আছে তা দিয়ে কাঁঠাল ও লেবুর প্রক্রিয়াকরণ করা গেলেও সবজি প্রক্রিয়াকরণ সম্ভব হচ্ছে না। যদিও বাংলাদেশ থেকে অনেক ধরনের সবজি রপ্তানি হয়। শিগগিরই পর্যাপ্ত জনবল নিয়োগ না দেওয়া হলে ইউরোপে সবজি রপ্তানি শুরু করা যাবে না। কারণ, গত সপ্তাহে প্রজ্ঞাপন জারি হয়েছে সেন্ট্রাল প্যাকিং হাউসে প্রক্রিয়াকরণ ছাড়া ইউরোপে সবজি রপ্তানি হবে না।
এ বিষয়ে সেন্ট্রাল প্যাকিং হাউসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন প্রথম আলোকে বলেন, ‘জনবল নিয়োগ করার বিষয়টি আমার হাতে নেই। তবে শুনেছি, প্যাকিং হাউসের জন্য ৩৫-৩৭ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের উদ্যোগ নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ ছাড়া প্যাকিং হাউসটির পরিচালনার জন্য একটি নীতিমালা করার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।’