জনমিতি বদলে দিচ্ছে বিশ্ব অর্থনীতি
২০০৭ সালের অর্থনৈতিক মন্দার ধাক্কা বড় অর্থনীতির দেশগুলো কাটিয়ে উঠলেও বিশ্ব অর্থনীতি এখনো অনেকটা ঢিমেতালেই চলছে। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে এত দিন অর্থনীতিবিদেরা নানা কারণ তুলে আনলেও জনমিতি বা ডেমোগ্রাফি অর্থনীতিতে কী প্রভাব ফেলছে, সেটা খুব একটা গুরুত্ব পায়নি। তবে এবার অর্থনীতিবিদেরা বলছেন, জনমিতিই আগামী দিনের বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রকের ভূমিকায় থাকবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড নির্ধারণ করবে।
অর্থনীতিতে জনমিতির প্রভাব নিয়ে বিখ্যাত মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) একটি গবেষণামূলক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হচ্ছে, বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলোতে ১৯৫০ সালের পর আগামী বছরই (২০১৬) প্রথম মোট কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা কমে যাবে। আর ২০৫০ সাল নাগাদ এসব দেশে কর্মক্ষম জনগোষ্ঠী ৫ শতাংশ কমে যাবে।
প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ মেয়াদে একটি দেশের প্রবৃদ্ধি দুটি বিষয়ের ওপর নির্ভরশীল। বিষয় দুটি হলো, কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা ও এদের কর্মদক্ষতা।
এ বিষয়ে বাংলাদেশ পরিস্থিতি বিশ্লেষণ করে ভিন্ন চিত্র পাওয়া যাচ্ছে। উন্নত দেশগুলো যেখানে কর্মক্ষম জনগোষ্ঠীর সংকটে ভুগছে, সেখানে বাংলাদেশে এর সর্বোচ্চ সুবিধা ভোগ করার সুযোগ তৈরি হয়েছে। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) হিসাবে, ২০১৩ সালে বাংলাদেশ জনসংখ্যা বোনাসের (পপুলেশন ডিভিডেন্ড) যুগে প্রবেশ করেছে। এ সুযোগ আগামী দুই দশক থাকবে, যা ২০৩৩ সালে শেষ হবে। এ সময়ের মধ্যে বাংলাদেশে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা, পেনশন স্কিম ইত্যাদি সেবা আরও বাড়বে। তা ছাড়া বাংলাদেশের মানুষের গড় আয়ুও বাড়বে। আর ২০৩৩ সালের পরে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকবে।
একটি জাতির জীবনে একবারই জনসংখ্যা বোনাসের এ সুবিধা মেলে। বেশির ভাগই উন্নত দেশই এ যুগটি অতিক্রম করে ফেলেছে। ফলে তাঁদের মধ্যে নানা সামাজিক সমস্যা তৈরি হচ্ছে।
ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে বলা হয়েছে, কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা কমে যাওয়ার এ ধাক্কা লাগবে বিভিন্ন বহুজাতিক কোম্পানিতে। এসব প্রতিষ্ঠান একদিকে যোগ্য কর্মী-সংকটে ভুগবে, অন্যদিকে ভোক্তার সংখ্যাও কমে যাবে। বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা ক্রমাগত বেড়ে যাওয়ার প্রভাবে স্বাস্থ্য ও চিকিৎসা খাতে বেশি ব্যয় করবে মানুষ। তাই ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর ব্যবসা বাড়লেও এফএমসিজি (ফাস্ট মুভিং কনজ্যুমার গুডস) কোম্পানিগুলো ক্রেতাসংকটে পড়বে।
জাতিসংঘের পরিসংখ্যান ব্যবহার করে ডব্লিউএসজে বলছে, উন্নত দেশগুলোতে ২০৫০ সালে মানুষের গড় আয়ু হবে ৮৮ বছর। গড় আয়ুর এ বৃদ্ধি ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোর পেনশনের পেছনে ব্যয় আরও বাড়িয়ে দেবে। গ্রিসের চলমান অর্থনৈতিক সংকটের অন্যতম কারণ পেনশনের বোঝা। বয়স্কদের অতিরিক্ত সঞ্চয়ও বয়স্কদের উন্নত দেশগুলোর অর্থনীতির জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যাংকগুলোতে সঞ্চয়ের পাহাড় জমে যাওয়ায় সুদের হার ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে প্রবৃদ্ধি বজায় রাখতে এসব দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোকে এখন হিমশিম খেতে হচ্ছে।
প্রতিবেদনটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল পাঁচটি রাজ্য ক্যালিফোর্নিয়া, নেভাডা, অ্যারিজোনা, নিউ মেক্সিকো ও টেক্সাসের জনসংখ্যা বৃদ্ধির পরিসংখ্যান তুলে ধরে বলা হয়েছে, এসব রাজ্যে এখন জনসংখ্যা বৃদ্ধির হার দেড় শতাংশ। জনসংখ্যা বৃদ্ধির এ হার ১৯৩০ সালের পর সর্বনিম্ন। যুক্তরাষ্ট্রের ‘বেবি বুমারসদের’ উদাহরণ তুলে ধরে বলা হয়েছে, ২০০৮ সালে এ দলভুক্তরা প্রথম অবসরে যায়। এরপরের সাত বছরে অবসরে যাওয়া এমন বেবি বুমারসের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ কোটি। বেবি বুমারস হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে ১৯৪৬ থেকে ১৯৬৪ সালে জন্ম নেওয়া প্রজন্ম।
বেবি বুমারসদের অবসরে যাওয়ার এ ধারা শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে গত সাত বছরে কর্মক্ষম জনগোষ্ঠীর বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে মাত্র দশমিক শূন্য ২ শতাংশ। এক দশক আগেও দেশটিতে এ প্রবৃদ্ধি ছিল ১ দশমিক ২ শতাংশ। কর্মক্ষম লোকের এ সংকটের কারণেই মার্কিন অর্থনীতির প্রবৃদ্ধি আগামী বছরগুলোতে ২ শতাংশের বেশি হবে না বলে মনে করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ।
বয়সের তারতম্য পণ্য ও সেবা ক্রয়ে কতটা পার্থক্য গড়ে দেয়, সে বিষয়টিও তুলে আনা হয়েছে ডব্লিউএসজের প্রতিবেদনে। যেসব মার্কিন দম্পতির বয়স ৩৫ থেকে ৪৪ বছরের মধ্যে, তাঁরা সন্তানের পড়ালেখার খরচ, বাড়ি কেনার ঋণ শোধ, ভোগ্যপণ্য কেনার পেছনে অনেক বেশি খরচ করেন। অন্যদিকে ৬৫ বছরের বেশি বয়সী মার্কিন দম্পতিরা চিকিৎসা ও স্বাস্থ্যসেবার পেছনে সিংহভাগ অর্থ খরচ করেন। জাপানের ওটসু নামের একটি বাজার এলাকার উদাহরণও আনা হয়েছে প্রতিবেদনে। ১৯৭০-এর দশকে জাপান যখন অর্থনৈতিক প্রবৃদ্ধির শীর্ষে, তখন ওই এলাকার একটি রাস্তায় ৪৫টি দোকান ছিল। ৪০ বছর পরে একই জায়গায় দোকানের সংখ্যা কমে ৩০-এ নেমে এসেছে।
জনমিতি পরিবর্তনের এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কিছু সমাধানের পথও বাতলে দেওয়া হয়েছে। এর মধ্যে একটি হলো কাজের বিভিন্ন পর্যায়ে যন্ত্রের ব্যবহার বা অটোমেশন। কর্মীদের অবসরে যাওয়ার বয়সসীমা ৫৮ থেকে বাড়িয়ে ৬৫ করার পরামর্শও দেওয়া হয়েছে প্রতিবেদনে। এর যুক্তি হিসেবে বলা হয়েছে, চার-পাঁচ দশক আগে ৫৮ বছর বয়সের মানুষের যে কর্মদক্ষতা ছিল, এখনকার দিনে ৬৫ বছর বয়সেও মানুষ একই কাজ অনায়াসে করতে সক্ষম। তা ছাড়া এশিয়া ও আফ্রিকার বিভিন্ন উন্নয়নশীল দেশ থেকে অভিবাসনপ্রত্যাশীদের এনে কর্মী-সংকট পূরণের পরামর্শও দেওয়া হয়েছে।