জবরদখলের মাধ্যমে সম্পদ আহরণ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে জবরদখলের মাধ্যমে সম্পদ আহরণ চলছে। এটা একটা রীতি হয়ে গেছে। বেশির ভাগ ধনীই সম্পদ আহরণ করছে অসদুপায় অবলম্বন করে।
ইনস্টিটিউট অব মাইক্রোফিন্যান্স (আইএনএম) আয়োজিত ‘বাজেট ২০১৫-১৬: কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে এর প্রভাব’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেছেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল রোববার এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে আইএনএমের সভাপতি অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ প্রধান অতিথি ছিলেন।
কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন ইকোনমিক রিসার্চ গ্রুপের (ইআরজি) নির্বাহী পরিচালক সাজ্জাদ জহির। স্বাগত বক্তব্য দেন আইএনএমের নির্বাহী পরিচালক এম এ বাকী খলীলী। আলোচনায় অংশ নেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল করিম ও সাবেক এমডি মেজবাহউদ্দিন আহমেদ এবং পূবালী ব্যাংকের সাবেক এমডি হেলাল আহমেদ চৌধুরী।
কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, দেশে জবরদখলের মাধ্যমে সম্পদ আহরণ চলছে। আর তাতে বাজার অর্থনীতির চিরায়ত সুস্থ প্রতিযোগিতা বারবার পরাজিত হচ্ছে। এ কারণে সমাজে আয়-বৈষম্য বাড়ছে।
উন্নয়নের জন্য খলীকুজ্জমান বিনিয়োগের খাত নিয়ে নতুন চিন্তা করার পরামর্শ দেন।
সাজ্জাদ জহির তাঁর প্রবন্ধে বলেন, বেকারত্ব সমস্যা এবং বাংলাদেশে কর্মরত বিদেশিদের করজালের আওতায় আনার বিষয়টি বাজেটে তুলনামূলক কম গুরুত্ব পেয়েছে।
কর্মসংস্থান সৃষ্টিতে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে প্রবন্ধে বলা হয়, বিনিয়োগ না বাড়লে দারিদ্র্য বিমোচন হবে না। বাজেটে বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে, যা প্রশংসনীয়। কিন্তু এসব অঞ্চলে বিদেশি কোম্পানিগুলো নিজেদের মতো করে শ্রমিক-কর্মচারী নিয়োগ দেওয়ার সুযোগ পেলে তখন আবার দেশীয় কর্মসংস্থান সৃষ্টি প্রশ্নের মুখে পড়বে।
পিকেএসএফের সাবেক এমডি কাজী মেজবাহউদ্দিন আহমেদ বলেন, দারিদ্র্য বিমোচনে অপ্রাতিষ্ঠানিক খাতের ভূমিকা নিয়ে প্রাতিষ্ঠানিক গবেষণা দরকার।
২০০০-২০১০ সময়ের পরিসংখ্যান অনুযায়ী জনগণের মাথাপিছু ক্রয় সামর্থ্য বাড়লেও আয়বৈষম্য ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে বলে তথ্য দেন মেজবাহউদ্দিন। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ কমার সুদূরপ্রসারী ফল ভয়াবহ হবে বলেও আশঙ্কা করেন তিনি।