জবাবদিহি বাড়াতে ১১ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের চুক্তি
জবাবদিহি বাড়াতে রাষ্ট্রায়ত্ত ১১টি ব্যাংক ও তিনটি করপোরেশনের সঙ্গে পারফরম্যান্স চুক্তি সই করেছে সরকার।
সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পৃথকভাবে এ চুক্তি হয়। চুক্তিতে সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম এবং প্রতিষ্ঠানগুলোর পক্ষে তাদের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকেরা (এমডি) সই করেন।
চুক্তি করা ব্যাংক ও করপোরেশনগুলো হচ্ছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বিডিবিএল, বেসিক ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), কর্মসংস্থান ব্যাংক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ও প্রবাসীকল্যাণ ব্যাংক এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন, জীবন বীমা করপোরেশন ও সাধারণ বীমা করপোরেশন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোর অগ্রগতি সাধন ও জবাবদিহি শক্তিশালী করাই এই চুক্তির উদ্দেশ্য। এ জন্য তাদের কিছু বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে।
এ ধরনের চুক্তির মন্দ দিকও রয়েছে বলে মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা বড় বেশি বাণিজ্যিক (কমার্শিয়ালাইজড) হয়ে যাচ্ছি। আধুনিক জীবনের চাপেই হয়তো এটা হচ্ছে। মানবিক অনেক কিছু হারিয়ে যাচ্ছে।’
চুক্তিতে প্রতিটি প্রতিষ্ঠানকে পৃথক পৃথক লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে, যা তাদের আগামী দুই অর্থবছরে বাস্তবায়ন করতে হবে। প্রতিবছরই তাদের লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়টি মূল্যায়ন করা হবে।