জমজমাট কেনাবেচায় চাঙা ঈদের অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঈদের অর্থনীতি প্রতিবছরই বড় হচ্ছে। গত বছর সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি পেয়েছে। বেসরকারি খাতের বেতন-ভাতাও আগের তুলনায় ভালো। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা এবং বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এবার ঈদকেন্দ্রিক ব্যবসা ভালো যাচ্ছে।

হালে ঈদের কেনাকাটায় নতুন পোশাক আর জুতার সঙ্গে যুক্ত হয়েছে মোবাইল ফোন, আসবাব, সোনার গয়না, রেফ্রিজারেটর, মোটরসাইকেল, গাড়ি ইত্যাদি। এমনকি দেশ-বিদেশে ঘোরাঘুরিও বেড়েছে।

জানতে চাইলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো নাজনীন আহমেদ প্রথম আলোকে বলেন, দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। ঈদের আগে প্রচুর প্রবাসী আয়ও আসে। সব মিলিয়ে মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় ঈদকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য প্রতিবছরই বাড়ছে। ঈদে শহর থেকে গ্রামে প্রচুর অর্থ লেনদেন হওয়ায় অর্থনীতি চাঙা হয়।

পোশাকে দেশি ব্র্যান্ড এগিয়ে

ঈদে অন্য অনেক পণ্যের বিক্রি বাড়লেও শীর্ষে সব সময়ই পোশাক। সে জন্য ফুটপাত থেকে শুরু করে ছোট-বড় কিংবা বিলাসবহুল বিপণিবিতান ও ফ্যাশন হাউসে রমজানের শুরু থেকেই ক্রেতাদের ভিড় ছিল। গত কয়েক বছরে ঈদের পোশাক কেনায় রাজধানীর ক্রেতাদের পছন্দের তালিকায় দেশীয় পোশাকের ব্র্যান্ড শপ ও ফ্যাশন হাউসগুলো ওপরের দিকে উঠে এসেছে। চট্টগ্রামের পাশাপাশি সিলেট, বগুড়া, রাজশাহী ও বরিশালের মতো বড় শহরেও একই অবস্থা। সারা দেশে সাড়ে পাঁচ হাজারের মতো ফ্যাশন হাউস ও বুটিক শপ আছে। এসব প্রতিষ্ঠানে গত বছর প্রায় সাত হাজার কোটি টাকার পোশাক বিক্রি হয়। তার মধ্যে ৫০ শতাংশ বা সাড়ে তিন হাজার কোটি টাকার বেচাবিক্রি হয় এই ঈদের সময়।

এমন তথ্য দিয়ে ফ্যাশন হাউসগুলোর সংগঠন বাংলাদেশ ফ্যাশন উদ্যোক্তা সমিতির (এফইএবি) সভাপতি আজহারুল হক প্রথম আলোকে বলেন, ‘এবার অনুকূল পরিবেশ থাকায় আমাদের প্রত্যাশা ছিল, গতবারের চেয়ে ৩০ শতাংশ বেশি ব্যবসা হবে। তবে শেষ পর্যন্ত সেটি ১০ শতাংশের বেশি হবে না।’

আড়ং, কে ক্রাফট, অঞ্জন’স, রঙ, বিশ্ব রঙ, বাংলার মেলা, সাদাকালো, বিবিআনা, দেশাল, ইয়েলো, ক্যাটস আই, ট্রেন্ডস, ফ্রিল্যান্ডস, একসট্যাসি, আর্টিস্টিসহ দেশীয় বেশ কয়েকটি স্বনামধন্য পোশাকের ব্র্যান্ড রয়েছে। আড়ংয়ের বিপণন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক তানভীর হোসেন বলেন, ঈদের বেচাকেনা ভালো হচ্ছে। বাইরের তুলনায় ঢাকার বিক্রয়কেন্দ্রে বিক্রি বেশি। বিক্রির তালিকা প্রথম তিন অবস্থানে আছে পাঞ্জাবি, সালোয়ার-কামিজ ও শাড়ি।

মিরপুর ২ নম্বর থেকে ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত সড়কের এক পাশজুড়ে সারি সারি বুটিকের দোকান। এসব বুটিকের দোকানের মূল আকর্ষণ ‘দেশীয় ঐতিহ্য’। লতা, পাতা, ফুল ও কলকার ডিজাইন করা পোশাক দিয়ে সাজানো দোকান। গতকাল শনিবার এসব বুটিকের দোকান ঘুরে দেখা যায়, বেশ জমে উঠেছে ঈদের কেনাকাটা।

 বুটিক হাউস পালকির বিক্রয় ব্যবস্থাপক বদরুল আলম বলেন, সারা বছর যা বিক্রি হয়, তার সিংহভাগ বিক্রি হয় ঈদের আগে। এই এলাকার ক্রেতা মূলত মধ্যবিত্ত। আগে এখানে দোকান ছিল হাতে গোনা। মধ্যবিত্তের ক্রয়ক্ষমতা বাড়ায় দোকানের সংখ্যাও বাড়ছে।

থান কাপড় ও পোশাকের বড় পাইকারি বাজার পুরান ঢাকার ইসলামপুরে এবার বেচাকেনা মন্দ হয়নি। এখানে আট হাজারের মতো দোকান আছে। এসব দোকানে বছরে ১৫-২০ হাজার কোটি টাকার লেনদেন হয়, যার একটি বড় অংশ হয় ঈদের আগে। ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আবদুস সাত্তার ঢালী প্রথম আলোকেবলেন, ১০-১৫ দিন আগেই ইসলামপুরের পাইকারি ব্যবসা শেষ। বর্তমানে শাড়ি ও লুঙ্গি বিক্রি হচ্ছে।

রাজধানীর নিউমার্কেটে রোজার শুরু থেকেই উপচে পড়া ভিড় ছিল। তারপরও বেচাকেনা আশানুরূপ হচ্ছে না বলে জানালেন ঢাকা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম।

জমজমাট পাদুকার বাজার

পোশাকের পরই ঈদে পাদুকার বাজার জমজমাট। কারণ, পছন্দসই জুতা, স্যান্ডেল, কেডস না কিনলে যে ঈদের আনন্দ পরিপূর্ণ হয় না। তাই ঈদ ঘিরে নতুন নকশার জুতা নিয়ে এসেছে অ্যাপেক্স, অরিয়ন, ক্রিসেন্ট, বে, ফরচুনের মতো দেশীয় ব্র্যান্ড। ক্রেতা আকৃষ্ট করতে ক্রিসেন্ট কিস্তিতে জুতা কেনার অফার দিয়েছে। ব্যান্ড ছাড়া নন-ব্র্যান্ড ও আমদানি করা জুতাও দেদার বিক্রি হচ্ছে। জুতা ব্যবসায়ীরা জানান, সারা বছরে প্রায় ২০ কোটি জোড়া জুতা বিক্রি হয়। তবে ঈদের সময় ৩০ শতাংশ বা ৬ কোটি জুতা বিক্রি হয়ে থাকে।

ধানমন্ডির সীমান্ত স্কয়ারে কেনাকাটা করতে আসা আহমেদ ইমতিয়াজ বলেন, কয়েক বছর আগের তুলনায় জুতা বা স্যান্ডেলের নকশায় অনেক নতুনত্ব এসেছে। লোকজনের ক্রয়ক্ষমতা বেড়েছে এটা যেমন ঠিক, জুতা কোম্পানিগুলো দামও বেশ বাড়িয়েছে।

বিআইডিএসের গবেষক নাজনীন আহমেদ প্রথম আলোকেবলেন, ঈদের বেচাকেনা দেশীয় শিল্পকে চাঙা করছে সত্য; তবে পোশাকের ক্ষেত্রে মানুষের একটি বড় অংশের এখনো ভারতীয় ও পাকিস্তানি সালোয়ার-কামিজ ও শাড়িপ্রীতি আছে। দেশীয় পোশাক ও জুতার মান আরও উন্নত হলে ঈদে দেশীয় শিল্প আরও বেশি উপকৃত হতো।

ইলেকট্রনিক সামগ্রীর বিক্রি বেড়েছে

কয়েক বছর ধরেই টেলিভিশন, মোবাইল, রেফ্রিজারেটরের ঈদকেন্দ্রিক বিক্রিবাট্টা বেড়েছে। গতকাল বসুন্ধরা সিটি শপিং মল, মোতালিব প্লাজা ও ইস্টার্ন প্লাজা ঘুরে শেষ সময়ে মোবাইলের দোকানগুলোতে বেশ ভিড় দেখা যায়। আর ক্রেতাদের আকর্ষণ বাড়াতে মোবাইল কোম্পানিগুলো দিচ্ছে নানা রকমের অফার। এ ছাড়া নির্দিষ্ট কোম্পানির ক্রেডিট কার্ডে কয়েক কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধা তো রয়েছেই।

স্যামসাংয়ের বিক্রয় নির্বাহী মো. আবুল বাশার বলেন, রমজান মাসে টেলিভিশন, ফ্রিজ ও মোবাইলের বিক্রি বেশি হয়। এবারের রমজানে এলইডি টেলিভিশন বিক্রি হয়েছে বেশি।

নিম্ন আয়ের লোকজনও কিনছেন সাধ্যমতো

নিম্ন আয়ের লোকজনের বড় অংশ কেনাকাটা করে ফুটপাত ও এলাকার স্থানীয় দোকান থেকে। পোশাকশ্রমিক, রিকশাচালক, কারখানার শ্রমিকেরা বাড়ি যাওয়ার আগে সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করেছেন এসব দোকান থেকে।

কল্যাণপুর নতুন বাজারের পাশেই অবস্থিত কল্যাণপুর পোড়া বস্তি। বস্তির লোকজনের কেনাকাটার জন্য বাজারের ভেতরে পোশাক, জুতা, প্রসাধনীর বেশ কয়েকটি দোকান গড়ে উঠেছে।

গৃহকর্মীর কাজ করেন আমিনা বেগম। ঈদে জামালপুরের বাড়িতে যাবেন। দুই ছেলেমেয়ের জন্য জামা, জুতা কিনেছেন। তিনি বলেন, ‘সারা বছর তো কিছু কিনি না। সব বাসা থিকাই বেতনের লগে বাড়তি টাকা দিছে। সেইটা দিয়া ঈদের জামাকাপড় কিনলাম।’

আসবাব

পোশাকের পাশাপাশি অনেকে প্রয়োজনীয় আসবাব কেনেন। তা ছাড়া এ সময় ক্রেতা টানতে আসবাবের ব্র্যান্ড প্রতিষ্ঠানগুলো মূল্যছাড় দেয়। ফলে সব মিলিয়ে আসবাবে বিক্রি অন্য মাসের চেয়ে ২০-৩০ শতাংশ পর্যন্ত বেশি হয় বলে জানা যায়।

আরএফএল গ্রুপের আসবাব ব্র্যান্ড রিগ্যালের বিপণন বিভাগের মহাব্যবস্থাপক আল্লামা মুর্শিদ মুনীম প্রথম আলোকেবলেন, ঈদের আগে অনেকেই পুরোনো আসবাব পরিবর্তন করেন। অনেকে আবার সারা বছর টাকা জমিয়ে ঈদে পছন্দের আসবাব কেনেন। এবারও সেটির ব্যতিক্রম হয়নি। অন্য মাসের চেয়ে রমজানে আসবাব বিক্রি ৩০ শতাংশ বেড়েছে।

মন্দা গেছে জুয়েলারি ব্যবসায়

এবার পুরো রমজান মাসই জুয়েলারি ব্যবসা মন্দা গেছে বলে জানালেন কয়েকজন ব্যবসায়ী। আপন জুয়েলার্সে শুল্ক গোয়েন্দাদের অভিযান এবং তাদের বিপুল পরিমাণ সোনার অলংকার ও হীরা জব্দ হওয়ার ঘটনায় নেতিবাচক প্রভাব পড়েছে এই খাতে। গতকাল রাজধানীর নিউমার্কেটে গিয়ে দেখা যায়, অধিকাংশ জুয়েলারি দোকান ক্রেতাশূন্য। বিক্রেতারা অলস বসে আছেন। আমিন জুয়েলার্সের ব্যবস্থাপক মো. ইউনুস খান প্রথম আলোকেবলেন, এবার সোনার দোকানগুলোতে স্বাভাবিক বিক্রিও হয়নি। কারণ, ক্রেতারা আতঙ্কিত।

জুয়েলার্স সমিতির সহসভাপতি এনামুল হক খান বলেন, রমজানে এবার কেউ কোনো ক্রয়াদেশ পায়নি। এনবিআর চেয়ারম্যান আশ্বাস দেওয়ার পরও ক্রেতাদের মধ্যে আস্থা ফিরে আসেনি। তাঁরা এখনো গয়না বানানোর ক্রয়াদেশ দিতে ভয় পাচ্ছেন। সারা দেশে ১৭ হাজার ৪৪০টি সোনার দোকান আছে বলে জানান তিনি।

অনলাইনেও জমেছে কেনাকাটা

ভিড় এড়িয়ে ঈদে কেনাকাটা করতে অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান জনপ্রিয় হয়ে উঠেছে। দেশে প্রায় ১ হাজার ই-কমার্স ও প্রায় ১০ হাজার ফেসবুক পেজভিত্তিক প্রতিষ্ঠান পোশাক বিক্রি করে। এসব প্রতিষ্ঠান সারা বছর যে পরিমাণ ব্যবসা করে, তার একটি বড় অংশই হয় ঈদে। অনেক নামীদামি ফ্যাশন হাউসের পোশাকও বিভিন্ন ই-কমার্স সাইটের মাধ্যমে ঘরে বসেই কিনে ফেলতে পারছেন ক্রেতারা।

ঈদের ছুটিতে বিদেশ ভ্রমণ

ঈদের ছুটিতে দেশে-বিদেশে ঘুরতে যাওয়ার প্রবণতা প্রতিবছরই বাড়ছে। পর্যটকের পদচারণে সরগরম হয়ে ওঠার অপেক্ষায় রয়েছে কক্সবাজার। পাহাড়ধসের কারণে এবার অনেক পর্যটক তিন পার্বত্য জেলায় যাচ্ছেন না। আবার ঈদের ছুটিতে অনেকে যাচ্ছেন বিদেশে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং ট্যুর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) হিসাবে, এবার এক থেকে দেড় লাখ মানুষ পাড়ি জমাচ্ছেন দেশের বাইরের বিভিন্ন অবকাশকেন্দ্রে। বেশির ভাগের গন্তব্য ভারত, নেপাল, ভুটান, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।

টোয়াবের সভাপতি মাসুদ হোসেন প্রথম আলোকেবলেন, মধ্যবিত্ত অনেক পরিবার এখন ঘুরতে যাচ্ছে। ভারতের ভিসা পাওয়া সহজ হওয়ায় এর বড় অংশই ভারতে যাচ্ছে।