জমজমাট পর্যটন মেলা শেষ হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপরিবারে ঘুরতে যাওয়ার শখ। কোথায় যাবেন? থাকা-খাওয়ার পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থা আছে তো? খরচ পোষানো যাবে?এমনই নানা প্রশ্নের উত্তর খুঁজতে সাপ্তাহিক ছুটির দিনে ভ্রমণ প্যাকেজের খোঁজে এসেছিলেন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রিয়াজ আহমেদ খান। তিনি বলেন, ‘মেলায় না এলে জানতেই পারতাম না, দেশের ট্যুর অপারেটরগুলো কত এগিয়ে গেছে! এরা তো অল্প খরচে পছন্দসই জায়গায় বেড়ানোর ব্যবস্থা করে দিতে পারে।’ গতকাল শনিবার শেরাটন হোটেলে ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০১০’-এর শেষ দিনে এ রকম আরও অনেককেই বিভিন্ন স্টলে ভ্রমণের বিষয়ে বেশ আগ্রহের সঙ্গে খোঁজখবর নিতে দেখা গেল। অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোও যার যার সেবা ও প্যাকেজগুলো তুলে ধরতে ছিল তত্পর।তুলনামূলক স্থানীয় ট্যুর অপারেটদের স্টলগুলোর চেয়ে ছিল বেশি ভিড়। পাশাপাশি দেশি-বিদেশি এয়ারলাইনগুলো মূল্য ছাড় দেওয়ায় বেশ ভিড় ছিল।পর্যটনবিষয়ক দেশের শীর্ষস্থানীয় পত্রিকা বাংলাদেশ মনিটর-এর আয়োজনে সপ্তমবারের মতো এই মেলা হলো। মেলার প্রিমিয়াম পার্টনার ইস্টার্ন ব্যাংক লিমিটেড ও জিএমজি এয়ারলাইনস। এ ছাড়া মেলার অফিশিয়াল ক্যারিয়ার ও প্রিমিয়াম পার্টনার বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গতকাল মেলার শেষ দিনে দেশি পর্যটকদের পাশাপাশি বেশ কিছু বিদেশি পর্যটককেও দেখা গেছে। মেলায় আগত দর্শকেরা বিভিন্ন স্থানে ভ্রমণের জন্য বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করছেন। তা ছাড়া মেলা উপলক্ষে বিভিন্ন বিমান সংস্থা টিকিট বুকিংয়ের ওপর মূল্য ছাড় দেওয়ায় অনেকে বুকিং দিয়েছেন বলেও জানানো হয় এয়ারলাইনসগুলোর পক্ষ থেকে। এমিরেটসের ভ্রমণ ব্যবস্থাপনা শাখা এমিরেটস হলিডেজও ঢাকা ট্রাভেল মার্ট উপলক্ষে বিভিন্ন দেশের পর্যটন আকর্ষণসমৃদ্ধ শহরগুলোতে বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। পর্যটন আকর্ষণীয় শহরগুলোর মধ্যে রয়েছে আম্মান, প্যারিস, ভিয়েনা, দুবাই, মালদ্বীপ, মিসর ও মরিশাস। মেলা চলাকালীন আগত দর্শকদের বিমান বাংলাদেশের স্টলে ঢাকা থেকে দিল্লি, কুয়ালালামপুর, ব্যাংকক, করাচি, হংকং প্রভৃতি রুটে টিকিট কিনলে বা বুকিং দিলে ২৫ শতাংশ ছাড় দেওয়া হয়। মেলার ব্যবস্থাপক ট্রিউনের নির্বাহী পরিচালক ফরহাদ কামাল জানান, তিন দিনে সব মিলিয়ে ১৫ হাজারের বেশি দর্শক মেলায় এসেছিলেন। তিনি আরও জানান, এবারের মেলায় স্বাগতিক বাংলাদেশসহ সাতটি দেশের ৪৫টি প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করে। মেলার প্রবেশ টিকিটের ওপর র্যাফল ড্রতে আগত দর্শকেরা পাবেন আকর্ষণীয় পুরস্কার। এর মধ্যে আছে কুয়েত এয়ারওয়েজের সৌজন্যে ঢাকা-কায়রো-ঢাকা, এমিরেটসের সৌজন্যে ঢাকা-দুবাই-ঢাকা, জিএমজির সৌজন্যে ঢাকা-কাঠমান্ডু-ঢাকা, জেট এয়ারওয়েজের সৌজন্যে ঢাকা-কলকাতা-ঢাকা, ইউনাইনেট এয়ারওয়েজ ও জিএমজির সৌজন্যে ঢাকা-কক্সবাজার-ঢাকার বিমান টিকিটসহ ১৭টি পুরস্কার।