জমজমাট বাণিজ্য মেলায় বিক্রি বাড়ছে
প্রতিবারের মতো এবারও রাজধানীর আগারগাঁওয়ে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে। তবে অন্য বছরগুলোর তুলনায় এবার প্রথম থেকেই বিপুলসংখ্যক দর্শকের সমাগম লক্ষ করা যাচ্ছে মেলায়। আর সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা-দর্শকদের ভিড় যেন উপচে পড়ে। বাণিজ্য মেলা এখন রাজধানীবাসীর মিলনকেন্দ্রেও পরিণত হয়েছে। মেলায় বড়দের পাশাপাশি শিশুরাও কম আনন্দ পাচ্ছে না। এবার প্রথমবারের মতো মেলায় শিশুদের আনন্দ দেওয়ার জন্য নাগরদোলাসহ বেশ কিছু রাইড রাখা হয়েছে। এমনকি ছোট আকারে হলেও ছোটদের জন্য পুতুলনাচের ব্যবস্থা রাখা হয়েছে। মেলার আয়োজকেরা জানান, ছুটির দিনে মেলায় বিপুলসংখ্যক ক্রেতা-দর্শকের সমাগম ঘটে। অন্য দিনগুলোয় গড়ে ৮০ থেকে ৯০ হাজার ক্রেতা-দর্শক মেলায় আসে। তবে ছুটির দিনে এই সংখ্যা লক্ষাধিক হয়। গত শুক্রবার মেলায় প্রায় দুই লাখ দর্শক-ক্রেতা এসেছিল। গতকাল শনিবারও মেলায় দর্শক-ক্রেতার ভিড় ছিল। গতকাল সকালের দিকে ভিড় কম থাকলেও দুপুরের পর থেকে মানুষের ভিড় বাড়তে থাকে। গতকাল সারা দিন রোদ ছিল না। তার ওপর কনকনে শীত। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বিকেলে মানুষের ঢল নামে। পার্কিং এলাকায় গাড়ি রাখার কোনো জায়গা ছিল না। মেলায় সব বয়সের দর্শক-ক্রেতা এলেও তরুণ-তরুণীর ভিড় ছিল লক্ষণীয়। বিভিন্ন স্টল-প্যাভিলিয়নে দায়িত্ব পালনরত কর্মকর্তারা বলেন, এবার মেলার উদ্বোধনী দিন ছাড়া প্রতিদিনই প্রচুর দর্শক-ক্রেতা আসছে। বেচাবিক্রিও শুরু থেকেই ভালো হচ্ছে। এবার মেলায় যারা আসছে, তারা কেনার উদ্দেশ্য নিয়ে আসছে। তবে ছুটির দিনে মেলায় উপচে পড়া ভিড় হলেও তুলনামূলক বেচাবিক্রি কম হয় বলে জানান কর্মকর্তারা। ওই দিন ভিড় বেশি হওয়ায় ফেরার পথে পরিবহনের সংকট হওয়ায় অনেকেই তেমন কেনাকাটা করে না।ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে আরও জানা যায়, মেলায় ইলেকট্রনিকস ও গৃহস্থালি ব্যবহার্য পণ্য সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। পাশাপাশি পোশাক বিশেষ করে মহিলাদের পোশাক এবং বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রীর বিক্রিও ভালো। তবে ইলেকট্রনিকস পণ্য মেলা থেকে পরিবহনে অসুবিধা হওয়ায় বেশির ভাগ নামকরা প্রতিষ্ঠানের স্টল থেকে পণ্যের বুকিং নেওয়া হচ্ছে। পরে ক্রেতার বাসার কাছের ওই প্রতিষ্ঠানের প্রদর্শন ও বিক্রয় কেন্দ্র থেকে পণ্য পৌঁছে দেওয়া হচ্ছে।এবারের মেলায় যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, চীন, তুরস্ক, ভারত, মালয়েশিয়া, পাকিস্তান, ইরান, দক্ষিণ কোরিয়া, হংকং, স্বাগতিক বাংলাদেশসহ ১২টি দেশ অংশ নিচ্ছে। মেলায় রয়েছে দেশি-বিদেশি ৪৮৬টি প্রতিষ্ঠান। এর মধ্যে চারটি বিশেষ প্যাভিলিয়ন, পাঁচটি প্রিমিয়ার প্যাভিলিয়ন, চারটি প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন, ৩৫টি প্রিমিয়ার স্টল, পাঁচটি সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন, ৬১টি প্যাভিলিয়ন, ৪০টি মিনি প্যাভিলিয়ন, ৩০৩টি স্টল, ১২টি রেস্টুরেন্ট এবং চারটি মা ও শিশুদের পরিচর্যা কেন্দ্র। মেলায় বিদেশি প্রতিষ্ঠানের স্টলগুলোর চেয়ে স্থানীয় প্রতিষ্ঠানের স্টলে দর্শক-ক্রেতার বেশ ভিড় লক্ষ করা গেছে। মেলায় আগত বিদেশি প্রতিষ্ঠানগুলোর চেয়ে স্থানীয় পণ্যের গুণগতমান ভালো হওয়ায় ক্রেতারা স্থানীয় পণ্য কিনছে বলে অংশগ্রহণকারীরা জানিয়েছেন। মেলায় আসা পুরান ঢাকার ব্যবসায়ী শামীম আহমেদ বলেন, আন্তর্জাতিক মেলায় বিদেশি প্রতিষ্ঠানগুলোর পণ্য দেখে স্থানীয় উদ্যোক্তারা পণ্যের গুণগতমান বাড়ানোর চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু বিদেশি স্টলগুলো যেসব পণ্য এনেছে, তা দেখে শেখার কিছু নেই। তিনি এ ধরনের বিদেশি প্রতিষ্ঠানকে মেলায় অংশগ্রহণের অনুমতি না দেওয়ার পক্ষে অভিমত ব্যক্ত করেন। মেলায় দেশীয় হালকা প্রকৌশল শিল্পসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উত্পাদিত পণ্য বেশি করে প্রদর্শন হওয়া উচিত বলেও তিনি মনে করেন। অন্যদিকে স্থানীয় কিছু ব্যবসায়ী অভিযোগ করেন, বিদেশি প্রতিষ্ঠানের নাম করে অধিকাংশ ক্ষেত্রে স্থানীয় কিছু প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এসব পণ্য ঢাকার বিভিন্ন দোকানেই পাওয়া যায়। তাই মেলার নাম করে বিদেশি পণ্য বলে বিক্রি বাড়ানোর কৌশল ছাড়া আর কিছু নয় বলে তাঁরা মন্তব্য করেন। তা ছাড়া বেশ কিছু বিদেশি প্রতিষ্ঠানের পণ্য সংশ্লিষ্ট দেশের পণ্য কি না, তা বোঝার উপায় নেই।এসব স্টল থেকে কেনাকাটা করছেন এমন কয়েকজন নারী বলেন, দোকানিরা বিদেশি পণ্য বলছেন। কিন্তু কোন দেশের তৈরি, তার উল্লেখ নেই। তাই বিশ্বাস করে নেওয়া ছাড়া উপায় নেই। মেলার অব্যবস্থাপনা নিয়ে অভিযোগও আছে। সবচেয়ে বেশি অভিযোগ অংশগ্রহণকারী খাবারের দোকানগুলোর বিরুদ্ধে। এসব দোকান অতিরিক্ত মূল্য আদায় করছে বলে ক্রেতারা অভিযোগ করেছে। দোকানের সামনে টাঙানো মূল্যতালিকা দেখেও তার প্রমাণ পাওয়া গেছে। বিভিন্ন খাবারে বাজারের প্রচলিত মূল্যের চেয়ে ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বেশি রাখা হচ্ছে।মেলায় বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, রসায়ন ও রাসায়নিক পণ্য, প্রসাধন সামগ্রী, দুগ্ধজাত পণ্য, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস পণ্য, খাদ্যসামগ্রী, হস্তশিল্প, গৃহস্থালি পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, খেলনা সামগ্রী, স্যানিটারি পণ্য, বস্ত্র ও তৈরি পোশাক, স্টেশনারি দ্রব্যাদি, ঘড়ি ও জুয়েলারি পণ্য প্রদর্শন করা হচ্ছে। মাসব্যাপী এ বাণিজ্য মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকছে। মাসব্যাপী এ মেলার প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ১৫ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ১০ টাকা।