জমজমাট শাঁখারীবাজারে শত কোটি টাকার ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুরান ঢাকার শাঁখারীবাজার এখন যেন এক টুকরো উৎসবের নগর। ষষ্ঠীপূজার মধ্য দিয়ে গতকাল শনিবার দুর্গোৎসব শুরু হয়েছে। তবে পূজার বেচাবিক্রি নিয়ে প্রায় দুই মাস আগে থেকেই ব্যস্ত সেখানকার ব্যবসায়ীরা।শাঁখারীবাজারের একাধিক ব্যবসায়ী জানান, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবকে ঘিরে এবার ব্যবসা ভালো হচ্ছে। প্রতিমার সাজ-সরঞ্জাম বিক্রি ইতিমধ্যে শেষ। এখন বিজয়া দশমী পর্যন্ত চলবে শাঁখা-সিঁদুরসহ অন্যান্য খুচরা পণ্যের ব্যবসা। সব মিলিয়ে এই পূজার মৌসুমে পুরো শাঁখারীবাজারে প্রায় শত কোটি টাকার ব্যবসা-বাণিজ্য হবে বলে অনুমান তাঁদের।শাঁখারীবাজারে ঢুকতেই এখন দৃষ্টিনন্দন সুউচ্চ ফটক। ফটকসংলগ্ন খাবার, খেলনা, গৃহস্থালি সামগ্রীর বেশকিছু ভ্রাম্যমাণ দোকানের সারি পেরিয়ে সামনে এগুলোই চোখে পড়বে পূজার মণ্ডপ। তার পরই সড়কের দুই পাশে একের পর এক দোকান।এখানকার শতাধিক দোকানে শাঁখা, সিঁদুর থেকে শুরু করে প্রতিমার সাজ-সজ্জার জন্য বিভিন্ন ধরনের পোশাক, পরচুলা, মালা, খড়গ, শোলার মুকুট ও গয়না, চন্দনকাঠ, ধর্মীয় গ্রন্থ, কাঁসা-পিতলের বাসনকোসনসহ পূজার প্রয়োজনীয় সরঞ্জাম পাওয়া যায়। এ ছাড়া বেশ কিছু নকল বা ইমিটেশনের গয়না, প্রসাধনী ও কাপড়ের দোকানও আছে। গতকাল দুপুরে শাঁখারীবাজারে গিয়ে দেখা যায়, সড়কের ওপর অস্থায়ী মণ্ডপের সাজ-সজ্জার কাজ চলছে। প্রতিমা শিল্পীরা শেষ মুহূর্তে তুলির আঁচড় দিচ্ছেন। ক্রেতারাও কেনাকাটা করতে দোকানগুলোতে ভিড় করছেন। পূজার সরঞ্জামের পাশাপাশি অন্যান্য পণ্যসামগ্রী কিনছেন।ফুটপাতেও বিভিন্ন পণ্যের পসরা সাজিয়েছেন বেশ কয়েকজন ব্যবসায়ী। তবে এদের মধ্যে মালা ও ফুল বিক্রেতার সংখ্যাই বেশি। পূজার অন্যতম অনুষঙ্গ নীল পদ্ম ডালায় নিয়ে বসেছেন কেউ কেউ। বাঁধাই করা দেব-দেবীর ছবির দোকানেও ক্রেতাদের আনাগোনা দেখা যায়।ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেল, প্রতিমার সাজ-সজ্জার সরঞ্জাম বিক্রির মূল ব্যবসাটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। সাধারণত পূজা শুরু হওয়ার দুই মাস আগে থেকেই সারা দেশের পাইকাররা এখানে আসতে শুরু করেন। বিভিন্ন পণ্য কিনে নিয়ে জেলা ও উপজেলায় বিক্রি করেন তাঁরা। তা ছাড়া ঢাকার বাইরের অনেক খুচরা ক্রেতাও এখানে এসে চাহিদা অনুযায়ী পণ্য নিয়ে যান।পূজার অনেক সরঞ্জামই এখন ভারত থেকে আমদানি করা হয়। কিছু আসে চীন থেকে। আমদানি করে সেগুলো আবার সংযোজন করতে হয়। তাই মাস ছয় আগে থেকেই চাহিদা অনুযায়ী পণ্যের কার্যাদেশ দেন এখানকার ব্যবসায়ীরা। তবে শাঁখারীবাজারের এই ব্যবসাটা ধীরে ধীরে অন্যদের হাতে চলে যাচ্ছে বলে অভিযোগ একাধিক ব্যবসায়ীর। ব্যবসায়ীরা বলেন, মৌসুমি ব্যবসায় ভালো লাভ হওয়ায় ইসলামপুর ও চকবাজারের কিছু ব্যবসায়ী এর সঙ্গে যুক্ত হয়েছেন। তাঁরা অনেক টাকা পুঁজি খাটান। প্রতিমার সাজ-সজ্জার বিভিন্ন পণ্য আমদানি করে পাইকারদের কাছে বিক্রি করেন।শাঁখারীবাজারের অনেক ব্যবসায়ী সারা বছর শাঁখা-সিঁদুরের মতো ছোটখাটো পণ্য বিকিকিনি করলেও এই মৌসুমে দুর্গাপূজার বিভিন্ন সরঞ্জাম বিক্রি করেন। এমনই একজন পোশাক ঘরের স্বত্বাধিকারী সুদীপ সরকার। তিনি বলেন, পূজা তো শুরু হয়ে গেছে। সারা ঢাকা শহর থেকেই ভক্তরা প্রতিমা দর্শন করতে আসবেন। তারা তখন ছোটখাটো জিনিস কিনতে দোকানে আসেন। এ জন্য আজ থেকেই প্রতিমার সাজ-সজ্জার বিভিন্ন ধরনের সামগ্রী গুদামে তুলে রেখে দোকানে তুলবেন পিতলের ছোট ছোট বিভিন্ন দেবদেবীর প্রতিমা ও তাঁদের পোশাকসহ বিভিন্ন সামগ্রী—এমনটাই জানালেন সুদীপ।তবে আরেক ব্যবসায়ী বিষ্ণু কমল ধর বললেন, এবার আশানুরূপ ব্যবসা হয়নি। কারণ হিসেবে তিনি বললেন, গত কয়েক বছরের ব্যবধানে জিনিসপত্রের দাম অস্বাভাবিক বেড়ে গেছে। তাই পণ্য কিনতে এসে ইচ্ছা সত্ত্বেও বাজেট কমিয়ে ফেলেন সবাই।এসব পণ্যসামগ্রীর বেচাবিক্রির প্রাণকেন্দ্র শাঁখারীবাজার হলেও পাশের তাঁতীবাজারেও অস্থায়ীভাবে পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। এ ছাড়া সূত্রাপুর, বানিয়ানগর, মালাকারটোলা, মিলব্যারাক, শ্যামবাজার, বাংলাবাজার, নর্থব্রুক হল রোড, লালবাগ, দয়াগঞ্জ ও স্বামীবাগে পূজামণ্ডপের আশপাশে পূজার বিভিন্ন সাজসরঞ্জাম নিয়ে বসেন মৌসুমি বিক্রেতারা।এবার শুধু শাঁখারীবাজারের মূল সড়কেই সাতটি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। তাই প্রতিবারের মতো অসংখ্য দর্শনার্থীরা এখানে আসবেন বলে ব্যবসায়ীদের আশা। প্রতিমা দেখার পাশাপাশি কেনাকাটাও করবেন।