জমি কেনার ক্ষেত্রে ব্যাংকের ওপর বিধিনিষেধ আরোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে ব্যাংকগুলো প্রধান কার্যালয়ের নিজস্ব ব্যবহার ছাড়া অন্য কোনো প্রয়োজনে জমি, ভবন বা ফ্লোর স্পেস কিনতে পারবে না। একইভাবে ১০ বছর বা তার চেয়ে বেশি মেয়াদের জন্য ইজারাও নিতে পারবে না। তবে সিটি করপোরেশন এলাকার ব্যাংক শাখার জন্য ফ্লোর স্পেস ক্রয় বা ইজারা নেওয়া যাবে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে গতকাল সোমবার এ নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের শীর্ষ নির্বাহীর কাছে পাঠানো এই নির্দেশনাতে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের শর্ত মেনে জমি, ভবন বা ফ্লোর স্পেস ক্রয় বা ইজারা নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি নিতে হবে। এই পূর্বানুমতি গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ছকে সম্পদ ক্রয় বা ইজারাসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের অনুলিপি কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হবে। জানা গেছে, অনেক ব্যাংক গ্রাহকের আমানতের টাকা দিয়ে বিভিন্ন স্থানে জমি ক্রয় করে আসছে। আর এসব জমির মাধ্যমে ব্যাংকের সম্পদ পুনর্মুল্যায়ন করে বেশি দেখানো হচ্ছে। ব্যাংকগুলোর মধ্যে এই ধরণের চর্চা ব্যাংক খাতে শৃঙ্খলা বিরোধী মনে করে কেন্দ্রীয় ব্যাংক।আবার ব্যাংকগুলো বিপুল পরিমাণ জমি ক্রয় করায় বাড়তি চাহিদা তৈরি হয়ে ভূমির দামও বৃদ্ধি পাচ্ছে। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা জারি করেছে।