জমির দর সংশোধন অনিবার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশেই জমির দাম বাড়ছে। রাজধানী ঢাকায় বাড়ছে অস্বাভাবিক হারে। এর ফলে আবাসন খাতের কর্মকাণ্ড শ্লথ হয়ে পড়েছে, বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এ পরিস্থিতি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন আবাসন নির্মাতা প্রতিষ্ঠান শেলেটকের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম সেরাজ। প্রথম আলো: রাজধানীতে জমির দাম অস্বাভাবিক হারে বাড়ার কারণ কী?তৌফিক এম সেরাজ: শুধু রাজধানী নয়, সারা দেশেই কিন্তু জমির দাম দ্রুত বেড়ে চলেছে। তবে রাজধানী ঢাকায় বৃদ্ধির হার অনেক বেশি, অস্বাভাবিক তো বটেই। একাধিক কারণে এটা হচ্ছে। জমিতে বিনিয়োগ বরাবরই লাভজনক। ব্যাংকে উচ্চ সুদে ব্যাংকে টাকা রাখলেও মূল্যস্ফীতির কারণে প্রকৃত আয় যেখানে অনেক কমে যায়, সেখানে জমির দাম মূল্যস্ফীতির চেয়েও কয়েকগুণ বেশি হারে বাড়ে। তাই অনেকেই জমি কিনছেন। এভাবে চাহিদা তৈরি হয়ে দাম বাড়তে থাকে। দাম বাড়া দেখে আরও অনেকেই জমি কিনতে শুরু করেন। এতে বাড়তি চাহিদা তৈরি হয়ে দাম আরও বেড়ে গেছে। আবার গত বছর পর্যন্ত যাঁরা শেয়ারবাজারে ব্যবসা করে ভালো মুনাফা করেছেন, তাঁরাও অনেকে জমি কিনেছেন। এটিও জমির চাহিদা ও দাম বাড়িয়েছে। অন্যদিকে বিভিন্ন আবাসন নির্মাতা প্রতিষ্ঠানও অসুস্থ প্রতিযোগিতা করে জমি নিতে গিয়ে দাম বাড়ানোয় ভূমিকা রেখেছে।প্রথম আলো: তাহলে এই অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধির শেষ কোথায়?তৌফিক এম সেরাজ: এখন জমির দাম যে স্তরে উঠেছে, তা থেকে সংশোধন হওয়াটা জরুরি ও অনিবার্য। দর সংশোধন হওয়ার মধ্য দিয়েই এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সমাপ্তি ঘটবে। এটি সাময়িকভাবে কিছু নেতিবাচক প্রভাব ফেললেও দীর্ঘমেয়াদে আবাসন খাতের জন্য সহায়ক হবে। রিহ্যাবের হিসাবে ২০১১ সালে গড়ে বিক্রি কমেছে প্রায় ৫০ শতাংশ। অর্থাৎ আবাসন খাতের কর্মকাণ্ড গতিময়তা কমে গেছে। ভবিষ্যতেও এ ধারা কিছুদিন বজায় থাকবে। নতুন প্রকল্প অনেক কমে যাবে। নতুন ও ছোট নির্মাতা কিছু প্রতিষ্ঠান ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হবে। কেননা, প্রত্যাশিত মুনাফা করা দুঃসাধ্য হয়ে যাবে। ইতিমধ্যে ফ্ল্যাটের দাম সিংহ ভাগ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। ঢাকায় এখন এক হাজার বর্গফুটের অ্যাপার্টমেন্ট ৫০ লাখ টাকার কমে পাওয়া প্রায় অসম্ভব। কয়জন এত দামে কিনতে পারবে? আমি বলছি না, জমির দাম একটা জায়গায় আটকে যাবে। তবে বাড়ার হার অনেক কমে আসবে। প্রথম আলো: এই অবস্থায় আবাসন খাতের জন্য সরকারের কী করণীয়? জমির দামই বা সরকার কীভাবে নিয়ন্ত্রণ করতে পারে?তৌফিক সেরাজ: সরকার একটা জমির দর মূল্যায়ন কমিটি গঠন করতে পারে, যেখানে সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধি ও বিশেষজ্ঞ থাকবেন। বিশ্বের বিভিন্ন দেশে এটা আছে। এ কমিটি নির্দিষ্ট সময় (যেমন: দুই বছর) পরপর এলাকাভেদে জমির একক প্রতি নির্দেশক দাম নির্ধারণ করবে। অর্থাৎ এ দাম বিবেচনায় নিয়ে বাজারে অন্যরা জমির বেচাকেনায় নিজস্ব দর ঠিক করবে। আর সরকারি দরটি আয়কর নির্ধারণে ও জমি নিবন্ধনে অনুসৃত হবে। অনেক ক্ষেত্রেই এখন সরকার নির্ধারিত দরে জমি নিবন্ধন হলেও প্রকৃত কেনাবেচা অনেক বেশি দরে হয়। তাই নিবন্ধন মাশুলও কমানো উচিত। বর্তমানে এটি জমির দরের প্রায় ১৫ শতাংশ, যা কমিয়ে এক-তৃতীয়াংশে আনা প্রয়োজন। তাহলে সরকারের রাজস্বও বাড়বে, জমিতে অপ্রদর্শিত আয়ের বিনিয়োগও কমবে, সর্বোপরি একটা শৃঙ্খলা আসবে।এ ছাড়া আবাসন নির্মাতাদের জন্য ছোট আকারের ফ্ল্যাট নির্মাণে ১০ শতাংশের কম সুদহারে ঋণ প্রদান এবং বিভিন্ন সরকারি জমি নিয়মতান্ত্রিক প্রতিযোগিতার মাধ্যমে বাজার দরে নির্মাতাদের প্রদানের ব্যবস্থা করা যেতে পারে। [সাক্ষাৎকার নিয়েছেন আসজাদুল কিবরিয়া]