জমির মূল্য বেড়ে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেটে অপ্রদর্শিত অর্থ জমি, প্লট ও ফ্ল্যাট ক্রয়ে বিনিয়োগের সুযোগ দেওয়ায় জমির মূল্য বেড়ে যাবে। এতে বেসরকারি খাতের বিনিয়োগ আরও কমবে। উৎপাদনশীল খাতেই কেবল এ অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়া প্রয়োজন ছিল—অনুৎপাদনশীল খাতে নয়।২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর প্রতিক্রিয়ায় এমন অভিমত প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।সংগঠনটি বলছে, সরকারের শেষ বাজেট হিসেবে ব্যয় বাড়ানোর চাপ থেকে এবারের বাজেটের আকার অনেক বেড়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বিনিয়োগ বিশেষ করে ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়াতে এ বাজেট খুব একটা সহায়ক হবে না।ডিসিসিআই মনে করে, এবারের বাজেট বর্তমান, নির্বাচনকালীন এবং আগামীতে নির্বাচিত—এই তিনটি সরকার বাস্তবায়িত হবে। আর এ বিষয়টি মাথায় রেখেই অর্থমন্ত্রী এ বাজেট ঘোষণা করেছেন।সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নেসার মাকসুদ খানের সই করা বিবৃতিতে বলা হয়েছে, চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৩ শতাংশ। কয়েক বছরের মধ্যে এ প্রবৃদ্ধি সবচেয়ে কম। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ১২ বছর মেয়াদি প্রেক্ষিত পরিকল্পনা এবং ভিশন ২০২১ এ উল্লেখিত বছরভিত্তিক লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হচ্ছে না। এ বিষয়ে বাজেটে সুনির্দিষ্ট নির্দেশনা থাকা প্রয়োজন ছিল।